রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের আয়োজনে কর্মশালায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন
ছবি: সংগৃহিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক একটি কর্মশালা। আজ সোমবার ক্যাম্পাসের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ২২৬ নম্বর কক্ষে ‘হায়ার এডুকেশন অ্যান্ড ফান্ডিং অপরচুনিচিজ ফর বাংলাদেশি স্টুডেন্টস ইন দ্য ইউএস’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের আয়োজনে কর্মশালায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বেলা আড়াইটায় শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় বিকেল চারটায়।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বিজয় কৃষ্ণ দাস। তিনি বলেন, ‘আমার ইচ্ছা আছে, দেশের বাইরে মাস্টার্স করব। আজকের কর্মশালায় অংশ নিয়ে অনেক রকম তথ্য জানতে পারলাম, যেগুলো আশা করি প্রস্তুতি নিতে সাহায্য করবে। রাজশাহী অঞ্চলে তো এ ধরনের সুযোগ কম। তাই খুব উপকার হলো। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা।’
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এডুকেশন ইউএসএর পরিচালক মুহাম্মদ সোহেল ইকবাল। বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ উন্নত করার কৌশল এবং আইইএলটিএস, জিআরই প্রস্তুতিসহ উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয় এ আয়োজনে।
উল্লেখ্য, শিক্ষা, উদ্ভাবন ও গবেষণা—এই ৩ মূলমন্ত্র সামনে রেখে ২০১৯ সাল থেকে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব।