সশরীর ক্লাসের সংখ্যা কমিয়ে দিতাম
‘সুযোগ পেলে লেখাপড়ার যে নিয়ম বদলে দিতাম’ — এই বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করেছিলাম আমরা। পড়ুন নির্বাচিত লেখাগুলোর মধ্য থেকে একটি।
ছোটবেলা থেকেই আমি ঘরকুনো স্বভাবের। স্কুল-কলেজে যেতে ভালো লাগত, তবে সেটা শুধুই সহপাঠীদের সঙ্গে খেলাধুলা কিংবা আড্ডার জন্য। এতটুকু পড়েই কেউ যদি আমাকে পড়াশোনাবিমুখ ছাত্র ভেবে বসেন, তাহলে ভুল হবে। পড়াশোনার সঙ্গে আমার ভাব নেই এটা সত্য, তাই বলে আড়িও নেই। বরং প্রচলিত পড়াশোনার রীতিনীতির সঙ্গে আমার ঠিক মেলে না। আমি পড়তে পছন্দ করি, তবে তা আমার নিয়মে। একদম ছোটবেলায় স্কুল থেকে অ, আ, ক, খ শিখে যাওয়ার পর মনে হয়েছিল, বাকি পড়াশোনা আমি একাই করে ফেলতে পারব। যে জায়গায় আটকে যাব, শুধু সে জায়গাটা আমাকে দেখিয়ে দিলেই চলবে। স্কুলের নিয়মিত পড়াশোনা আমার অতটা ভালো লাগত না। মনে হতো, সময়ের অপচয়। সে সময় বরং আমি খেলতে পছন্দ করতাম।
ক্লাস নাইন-টেনে পড়ার সময় বিটিভিতে রোজ সকালে নামকরা স্কুলের মানসম্মত ক্লাস দেখাত। ফিজিকস, কেমিস্ট্রির কঠিন বিষয়গুলো বেশ সহজ করে বোঝানো হতো। আমার জন্য ক্লাসগুলো বেশ উপকারী ছিল। সুবিধা ছিল দুটো—প্রথমত, মানসম্মত ক্লাস আর দ্বিতীয়ত, ঘরেই ক্লাসের সুবিধা। সুতরাং এই যে ‘দূরশিক্ষণ’, তখন এর নাম না জানলেও এটিই ছিল আমার জন্য বেশ কাজের।
দূরশিক্ষণ আমার কলেজজীবনটাকেও সহজ করে দিয়েছে। আর বিশ্ববিদ্যালয়জীবনে করোনায় সারা দুনিয়া যখন স্থবির, তখন অনলাইন ক্লাসই আমাদের সেশনজটের হাত থেকে বাঁচিয়েছে। বুঝিয়েছে, অনলাইন ক্লাস কতটা উপকারী হতে পারে। অবশ্য ব্যবহারিক কিছু ক্লাসের জন্য অফলাইনের বিকল্প এখন পর্যন্ত নেই। তাই শিক্ষার জন্য অনলাইন-অফলাইন হাইব্রিড পদ্ধতি এখন পর্যন্ত সেরা ও কার্যকর।