রিকশাচালকদের মাথায় ছাতা পরিয়ে দিলেন একদল তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকশাচালকদের ছাতা দিচ্ছেন এই তরুণেরা
ছবি: সংগৃহীত

কাঠফাটা রোদে একটু আরামের জন্য গামছা ভিজিয়ে মাথায় পেঁচিয়ে রাখেন অনেক রিকশাচালক। কখনো কড়া রোদ তাঁদের ভোগায়, আবার সময়-অসময়ের বৃষ্টি ভিজিয়ে দেয় শরীর। রোদ-বৃষ্টিতে অন্তত তাঁদের মাথাটা বাঁচাতে বিশেষ এক উদ্যোগ নিয়েছিলেন একদল তরুণ। ‘শেয়ার দ্য প্রিভিলেজ ফাউন্ডেশন’ নামের একটি অলাভজনক সংস্থার মাধ্যমে গত ২৯ জুলাই ‘মাথার ছাতা’ নামে একটি কর্মসূচি শুরু করেন তাঁরা। রিকশাওয়ালাদের মাথায় পরিয়ে দেন একধরনের ছাতা।
এবারই প্রথম নয়। করোনাকালের ঠিক পরপর কাজটা শুরু করেন তাঁরা। শেয়ার দ্য প্রিভিলেজ ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, যুক্তরাষ্ট্রের বেইটস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সরদার মুহাম্মদ রুহান বলছিলেন, ‘প্রথমে ভেবেছিলাম, আমরা তরুণেরা মিলে গরিব-দুঃখী মানুষকে সাহায্য করব। সেই ভাবনা থেকেই ২০২১ সালের এপ্রিল মাসে আমরা উদ্যোগ নিই। নিজেদের বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ক্ষুধার্ত মানুষদের একবেলা খাবার দেওয়া শুরু করি।’

এমন মোট ৯টি উদ্যোগ বাস্তবায়ন করেছে দেশ-বিদেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৭৫ জন তরুণ নিয়ে গঠিত এই সংস্থা। সংস্থার আরেক সহপ্রতিষ্ঠাতা ও ‘হেড অব অপারেশন’ সুজয় মাহমুদ বলেন, ‘৯টি উদ্যোগের মধ্যে ৫টিতে আমরা খাবার বিতরণ করেছি।’
শীতকালে গৃহহীনদের মধ্যে প্রায় তিন শর বেশি শীতবস্ত্র বিতরণ ছাড়াও কোরবানির সময় এতিমখানায় গরু দিয়েছেন তাঁরা। প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার খাবারের প্যাকেট বিতরণ করেছে সংস্থাটি।

ছাতা পেয়ে হাসি ফুটেছে অনেকের মুখে
ছবি: সংগৃহীত


তাঁদের সাম্প্রতিক উদ্যোগ ‘মাথার ছাতা’ কর্মসূচিটি দুই ধাপে সম্পন্ন হয়েছে বলে জানালেন সরদার মুহাম্মদ রুহান। বিশেষ এই কাজের জন্য নিজের জন্মদিনের শুভক্ষণটিই বেছে নিয়েছিলেন এই তরুণ। তিনি বলছিলেন, ‘আবহাওয়া যেমনই হোক, আমরা যাত্রীরা হুড তুলে বসতে পারলেও রিকশাচালকদের সেই সুযোগ নেই। এটা দেখেই ভাবছিলাম, কী করা যায়।’ বন্ধুদের সঙ্গে আলোচনা করে, অনলাইনে খুঁজে, মাথায় টুপির মতো পরা যায় এমন ছাতার কথা জানতে পারেন রুহান ও সুজয়রা।
বিতরণের দিন মাত্র আধঘণ্টায় ১০০টি ছাতা শেষ হয়ে যায়। সুজয় বলছিলেন, ‘খুব ছোট্ট একটা জিনিস, খুব বেশি দামিও নয়। কিন্তু রিকশাচালকেরা বেশ অবাক হয়েছিলেন। কেউ কেউ বলছিলেন, “আপনারা আমাদের কথা ভাবলেন কীভাবে?” যখন দেখলাম উদ্যোগটা তাঁদের উপকারে আসছে, তখন দ্বিতীয় ধাপে ১২ আগস্ট আমরা আরও ৫০০ ছাতা বিতরণ করি।’
রুহান বলেন, ‘আমরা অনেক বড় বড় সমস্যার সমাধান খুঁজি। কিন্তু আমাদের আশপাশে থাকা ছোট সমস্যাগুলোও সমাধানের চেষ্টা করা প্রয়োজন। তরুণদের নিজেদের জায়গা থেকে যতটুকু পারা যায় করা উচিত। তাহলেই হয়তো পরিবর্তন আসবে।’

আরও পড়ুন