৯৯ বছরের নিচের যে কাউকেই যুবক মনে করেন তিনি

নতুন করে আর কোনো জীবনসঙ্গী নিতে চান না ড. গ্ল্যাডিস। এই বয়সে আরেকজন বৃদ্ধের যত্ন নেওয়ার ঝক্কি কেন বহন করবেন? বিবাহিত হওয়ার চেয়ে অবিবাহিত হিসেবে বেঁচে থাকাতেই আনন্দ বলে জানান এই চিকিৎসক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭০ বছর বয়সে ড. গ্ল্যাডিস ম্যাকগারিকে তালাক দেন তাঁর স্বামী। বিষয়টিকে মানসিকভাবে মানতে মানতে তাঁর বয়স হয়ে যায় ৯৩ বছর। আর ১০০ বছর বয়সে এসে প্রকাশ করেছেন সুস্থভাবে, আনন্দের সঙ্গে বেঁচে থাকার ওপর বই। বর্তমানে ১০২ বছর বয়সে পুরোনো গান নতুন করে গাইছেন, ট্রাইসাইকেল চালাচ্ছেন, ওয়াকারের সাহায্যে প্রতিদিন ৩ হাজার ৮০০ স্টেপস হাঁটছেন। সব মিলিয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে দুর্দান্তভাবে উপভোগ করছেন গ্ল্যাডিস ম্যাকগারি।

ট্রাইসাইকেল চালান প্রতিদিন
ছবি: ড. গ্ল্যাডিস ম্যাকগারির ইন্সটাগ্রাম থেকে নেওয়া

তবে নতুন করে আর কোনো জীবনসঙ্গী নিতে চান না ড. গ্ল্যাডিস। এই বয়সে আরেকজন বৃদ্ধের যত্ন নেওয়ার ঝক্কি কেন বহন করবেন? বিবাহিত হওয়ার চেয়ে অবিবাহিত হিসেবে বেঁচে থাকাতেই আনন্দ বলে জানান এই চিকিৎসক। তাঁকে বলা হয় হলিস্টিক মেডিসিনের জননী। আমেরিকান বোর্ড অব হলিস্টিক মেডিসিনের তিনি সহপ্রতিষ্ঠাতা। ৬০ বছরের বেশি সময় ধরে এই চিকিৎসাপদ্ধতির চর্চা করে আসছেন তিনি। নিরাময় এবং প্রতিরোধমূলক ওষুধের ওপর বইও লিখেছেন। এই বয়সেও সপ্তাহে এক দিন রোগীদের পরামর্শ দেন।

অ্যারিজোনার স্কটসডেলে নিজের বাড়িতে থাকেন ডক্টর গ্ল্যাডিস ম্যাকগারি। জানিয়েছেন সুস্থ থাকার মূল উপাদান কোনো গোপন সুপারফুড নয়। প্রত্যেকের উচিত প্রচুর পানি খাওয়া। ৯৯ বছরের নিচে যে কাউকে যুবক মনে করেন ডা. গ্ল্যাডিস ম্যাকগারি।
প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই গ্ল্যাডিসকে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। কারণ, তাঁর ছিল ডিসলেক্সিয়া। সহপাঠীরা তাঁকে ‘ক্লাস হাদা’ বলে ডাকত। ক্যানসারের মতো রোগকেও হারিয়েছেন। সহ্য করেছেন কন্যার মৃত্যুশোক। আর ৪৬ বছরের সংসারজীবনের ইতি হয়, যখন তাঁকে তালাকপত্র দেন তাঁর স্বামী। ছয় মাস ধরে ব্রিফকেসে তালাকনামাটা নিয়ে ঘুরেছেন স্বামী বিল। একদিন গ্ল্যাডিসের হাতে দিয়ে দ্রুত স্বাক্ষর করে দিতে বলেন। তাঁর জীবনের সবচেয়ে কঠিন পর্যায়গুলোর একটা ছিল এই বিচ্ছেদ।

৪০–এর কোঠায় পা রাখার পর আর চুল কাটেননি গ্ল্যাডিস
ছবি: ড. গ্ল্যাডিস ম্যাকগারির ইন্সটাগ্রাম থেকে নেওয়া

ম্যাকগারি ও বিল শুধু দম্পতিই ছিলেন না, ছিলেন ঘনিষ্ঠ সহকর্মী। দুজনই চিকিৎসক। বিয়ের পর অ্যারিজোনায় দুজনই একটি ক্লিনিক চালাতেন। ছিল ছয় সন্তান। দাম্পত্যজীবন যখন শেষ হলো, ম্যাকগারি কেবল তাঁর জীবনসঙ্গীই নয়, তাঁর ব্যবসায়িক অংশীদারকেও হারালেন। টুডে ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিলকে বিয়ে করা নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। বরং তাঁকে মুক্তি দেওয়ার জন্য একটা সময়ের পর বিলকে চিঠি লিখে ধন্যবাদ জানান তিনি। এই ঘটনার আগপর্যন্ত, তিনি বুঝতে পারেননি যে তাঁর কণ্ঠেও শক্তি আছে। সেই সাক্ষাৎকারেই তিনি বলেছেন, ‘আমি যে কথাই বলতাম, বিলের সমর্থনের ওপর নির্ভর করতাম। পরে আমি বিশ্বাস করেছি যে আমি যা বলছিলাম, সেটাও গুরুত্বপূর্ণ ছিল।’

৪০–এর কোঠায় পা রাখার পর আর চুল কাটেননি গ্ল্যাডিস। এখন সেই চুল বেণি করে উঁচু মুকুটের মতো মাথার ওপর বেঁধে রাখেন। জীবনকে ভালোবাসেন ডা. ম্যাকগারি, সবার ভালোবাসাও তাঁকে ঘিরে রেখেছে। এই বয়সেও চকলেট কেক, হ্যামবার্গারসহ যা খেতে ইচ্ছা করে, মাঝেমধ্যে সেগুলো খান। নতুন বই ‘দ্য ওয়েল লিভড লাইফ’–এ প্রতিটি বয়সে সুস্থ এবং সুখী থাকার ছয়টি রহস্য তুলে ধরেছেন গ্ল্যাডিস ম্যাকগারি। ৯৩ বছর বয়সে এসে জীবনকে নতুন করে অনুধাবন করতে শেখেন। এই সময়ই মানসিকভাবে তাঁর বিবাহবিচ্ছেদকে মেনে নেন। ‘বিবাহবিচ্ছেদ আমাকে প্রচণ্ড আঘাত করেছিল, বিষয়টি আমার ভালো লাগেনি। তবে বেদনা আর কষ্টের মধ্যে আটকে না থাকার সিদ্ধান্ত নিই,’ টুডে ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

১০২ বছরে এসেও তিনি তরুণ
ছবি: ড. গ্ল্যাডিস ম্যাকগারির ইন্সটাগ্রাম থেকে নেওয়া

ম্যাকগারির গল্পের এখানেই শেষ নয়। আগামী ১০ বছরের পরিকল্পনাও তৈরি করে ফেলেছেন তিনি। লিভিং মেডিসিন নিয়ে একটি গ্রাম তৈরি করার পরিকল্পনা করেছেন, যেখানে সবাই একসঙ্গে সুস্থতার অনুশীলন করবেন। ১০২ বছরে এসেও তিনি তরুণ। তাঁর স্বপ্নগুলোকেই অনুসরণ করে যাচ্ছেন অনবরত।

সূত্র: দ্য গার্ডিয়ান, টুডে ডটকম