‘চোক্ষের সামনে যদি পিঁপড়াও পড়ে, আগে পিঁপড়া যাইব হেরপর গাড়ি’
আগামীকাল বাবা দিবস। দিনটি উপলক্ষে বাবাকে শ্রদ্ধা জানাতে পাঠকের কাছে লেখা চেয়েছিল ‘ছুটির দিনে’। আমাদের আহ্বানে সাড়া দিয়ে লেখা পাঠিয়েছেন বিপুল পাঠক। নির্বাচিত একটি লেখা পড়ুন এখানে।
আমার আব্বা হোসেন আলী ছিলেন একজন ট্রাক ড্রাইভার। অন্যের ট্রাক চালাতেন। দীর্ঘদিন ট্রাক চালাতে চালাতে একসময় দুটি ট্রাকের মালিকও হন। তাঁর নামের সঙ্গে জড়িয়ে যাওয়া ‘ড্রাইভার’ শব্দটি বদলে হয়ে যায় ‘কোম্পানি’। ‘হোসেন ড্রাইভার’ হয়ে যান ‘হোসেন কোম্পানি’।
তবে মালিক হয়েও তাঁর আগের পেশা থেকে সরে আসেননি ‘হোসেন কোম্পানি’। আমাদের যে দুটি ট্রাক ছিল, তার একটা আব্বা নিজেই চালাতেন। রাঙামাটি থেকে দেশের বিভিন্ন এলাকায় পাথর টানার কাজ করতেন।
গাড়ির কখনো ত্রুটি দেখা দিলে মেরামতের জন্য নিয়ে যেতেন হাটহাজারীর রহমান মিস্ত্রির কাছে। গাড়িটি যদি সকাল সকাল মেরামত হয়ে যেত আব্বা গাড়ি নিয়ে চলে আসতেন চট্টগ্রাম নগরীর দামপাড়ায়। জহুর আহমেদ চৌধুরীর বাড়ির সামনে গাড়ি রেখে আমাদের সঙ্গে দেখা করতে আসতেন বাসায়। আমরা তখন জিজ্ঞাসা করতাম, ‘আব্বা, গাড়ি আনছেন?
আব্বা যে-ই বলতেন ‘হুঁ’, অমনি পাড়ার সব ছেলেমেয়ে নিয়ে ছুটে ট্রাকে উঠতাম। সবাই পেছনে উঠত আর মালিকের ছেলে হওয়ার সুবাদে আমি বসতাম চালকের আসনে। স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে দুই ঠোঁটে ‘ভ্রু, ভ্রু’ শব্দ করে গাড়ি চালানোর ভান করতাম।
এমনই একদিন দুপুরে ট্রাক নিয়ে এলেন আব্বা। ঘরে ঢুকেই বললেন, ‘এই রাঙামাটি যাইবি?’
আমি লাফিয়ে বললাম, ‘হ।’
‘না না না,’ বলে চেঁচামেচি শুরু করলেন মা। কিন্তু কে শুনে কার কথা! আমি শার্ট-প্যান্ট পরে ভোঁ–দৌড়! গাড়িতে গিয়ে বসে রইলাম আব্বার অপেক্ষায়।
আমাকে নিয়ে রাঙামাটি চললেন আব্বা। চলতে চলতে কখন যে পাহাড়ি এলাকায় এসে গেছি, জানি না। আমি তখন ঘুমিয়ে। আব্বা হঠাৎ আমাকে ডেকে ঘুম ভাঙিয়ে বললেন, ‘এই দেখ দেখ।’ ঘুমকাতুরে চোখে মেলে দেখি গাড়ির সামনে দুটি সাপ। একটা বড়, আরেকটি ছোট। আমাদের গাড়ির সামনে দিয়ে এঁকেবেঁকে ছুটে চলছে। সাপ দুটি কখনো রাস্তায় উঠছে, আবারা কখনো নেমে যাচ্ছে।
আমি চিৎকার করে আব্বাকে বললাম, ‘আব্বা মারেন মারেন, সাপ দুইডারে মারেন।’ আব্বা আমার ওপর বিরক্ত হয়েছিলেন কি না, মনে নেই। তবে সেদিন যে কথাগুলো আমাকে বলেছিলেন, তা এখনো মনে আছে, ‘না, সাপ মারুন যাইতো না। ওস্তাদের নিষেধ আছে। তিনি কইছেন, চোক্ষের সামনে যদি পিঁপড়াও পড়ে, আগে পিঁপড়া যাইব হেরপর গাড়ি।’
আমাকে খুশি কিংবা আনন্দ দেওয়ার জন্য আব্বা সেদিন সাপ দুটোর ওপর গাড়ি তুলে দেননি। যতক্ষণ সাপ দুটো রাস্তায় ছিল, গাড়ি ধীরগতিতে রেখেছিলেন আব্বা। সেদিন শুধু আব্বাই যে সাপ দুটোকে মারেনি তা নয়, বিপরীত দিকের গাড়িগুলোও সাপের ওপর চাকা তোলেনি। সাপ দুটি একসময় ধীরে ধীরে পাহাড়ি পথ বেয়ে জঙ্গলে নেমে গেল। তারপর আমরা চলতে থাকলাম।
২০০৬ সালে মারা গেছেন আব্বা। কিন্তু আব্বার দেওয়া সেদিনের শিক্ষা সারা জীবন আমার কাজে লেগেছে। সাধারণ একজন মানুষ ছিলেন। তবে আমাদের দিয়ে গেছেন অসামান্য শিক্ষা।