তোমার ফেরার অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনের বাক্স

 একসময় তোমার অপরিচিত ছিলাম। ছিলাম অচেনা। একদিনের ক্ষণিক দেখায়, সামান্য কথায় আমরা হয়ে উঠলাম পরস্পরের চেনাজানা। আমরা তালদিঘী উচ্চবিদ্যালয়ে পড়তাম। আমাদের এক শ্রেণিশিক্ষকের কাছে এসেই তোমার সঙ্গে দেখা হয়, কথা হয়। তোমার নাম জানতাম না। বাড়িতে এসে মনে হলো, নামটা তো জানা হলো না। কিন্তু মেয়েদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, সে বিষয়ে ছিলাম আনাড়ি।

 আমার সৌভাগ্য, পরদিন তুমিই প্রথম আমার নাম জানতে চাইলে। একটা রহস্যময় হাসি দিয়ে দৌড়ে চলে গেলে। এরপর থেকে শুরু হলো আমাদের পথচলা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাস করলাম। নানা ঘাতপ্রতিঘাত এসেছে কিন্তু কোনো কিছুই আমাদের বন্ধন ছিন্ন করতে পারেনি।

 হঠাৎ একদিন তোমাকে খুব উদ্বিগ্ন মনে হলো। শুনলাম একটিমাত্র শব্দ—ঝড়। এরপর থেকে তোমার পথ অন্য দিকে বাঁক নিল। সর্বশেষ ২০১৮ সালের ৫ মে আমাদের কথা হয়েছিল। সেই ‘ঝড়’ শব্দটা শোনার পর থেকে কেটে গেল প্রায় চারটি বছর। আজও জানতে পারলাম না, কী ছিল আমার অপরাধ।

এখনো আশায় বুক বেঁধে আছি, নিশ্চয়ই একদিন তুমি ফিরে আসবে।

ওমর ফারুক, ইংরেজি বিভাগ, সরকারি শহীদ স্মৃতি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ