গরমে আরামদায়ক পোশাকের কাপড় ও রং নিয়ে যেসব ভুল ধারণা আছে
প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে পোশাকের ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এ বিষয়ে আমাদের অনেকেরই কিছু ভুল ধারণা আছে। জেনে নিন সেসব।
ভুল ধারণা ১: ছোট হাতা মানেই আরাম
গরম বেশি পড়লে ছোট হাতা বা হাফহাতা পোশাক বা হাফপ্যান্ট আরামদায়ক। তবে এই নিয়ম তখনই কাজ করবে, যখন ছায়ায় থাকবেন।
সরাসরি কড়া রোদে বের হলে ছোট পোশাকের কারণে ত্বক পুড়ে যেতে পারে এবং গরম আরও বেশি লাগে।
তাই রোদে বের হলে শরীর ঢেকে রাখা দরকার। তবে পোশাকটি হতে হবে ঢিলেঢালা। এতে সহজে বাতাস চলাচল করতে পারে।
ভুল ধারণা ২: সবচেয়ে ভালো সুতি
সুতি নয়, গরমের দিনে সবচেয়ে ভালো কাপড় লিনেন। এটি শরীর থেকে দ্রুত ঘাম শুষে নেয় ও বাতাসে শুকিয়ে ফেলে। এই কাপড়ের ভেতর দিয়ে বাতাস সহজে চলাচল করতে পারে। আর শরীরের সঙ্গে লেপটে থাকে না।
হালকা সুতি কাপড়ও বাতাস চলাচলের জন্য ভালো এবং ঘামও শুষে নেয়। তবে সুতি কাপড়ের সমস্যা হলো, ঘাম শুষে নেওয়ার পর সহজে শুকাতে চায় না।
সাধারণ পলিয়েস্টার কাপড় গরমের দিনে পরা একদম উচিত নয়। এ ধরনের কাপড় ঘাম শুষে নিতে পারে না।
ভুল ধারণা ৩: সাদা রং আরামদায়ক
অনেকেই মনে করেন, গরমে সাদা বা হালকা রঙের কাপড় ভালো। কারণ, এতে রোদ প্রতিফলিত হয়। তবে সাদা কাপড় যেমন বাইরের রোদ প্রতিফলিত করে, তেমনি আমাদের শরীরের ভেতরের তাপও আটকে রাখে। অন্যদিকে কালো বা গাঢ় রঙের কাপড় শরীরের ভেতরের তাপ শুষে নেয়।
তাই রং নিয়ে বেশি চিন্তা না করে কাপড়ের ধরন ও তা ঢিলেঢালা কি না, সেটি খেয়াল করাই বুদ্ধিমানের কাজ।
মোটকথা, যে পোশাক পরলে শরীরে কোনো অস্বস্তি হবে না এবং রোদ থেকেও বাঁচাবে, সেটিই গরমের সেরা পোশাক।