ক্যানসারে আক্রান্ত মেয়ের প্রেরণায় মানুষের পাশে জাকির বিশ্বাস
সচ্ছল হয়েও অসুস্থ মেয়ের চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হতে বসেছিলেন জাকির বিশ্বাস। এ সময় তাঁর পাশে দাঁড়ান কয়েকজন বন্ধু-শুভাকাঙ্ক্ষী। তখনই বুঝেছিলেন, দুঃসময়ে মানুষের সহায়তা কত জরুরি। তারপর থেকে অসহায় কারও চিকিৎসা সহায়তার দরকার হলেই ঝাঁপিয়ে পড়েন চুয়াডাঙ্গার এই স্কুলশিক্ষক। জাকিরের মানবপ্রেমের আরও গল্প জানেন শাহ আলম
২০১৮ সালের ১ জানুয়ারি। রাস্তা পার হতে গিয়ে ভ্যানের নিচে পড়ে আকাশ। ৬ বছর বয়সী ছেলেটার বুকের পাঁজর ভেঙে যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিন দিন রেখে চিকিৎসা চলে। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন চিকিৎসকেরা। কিন্তু মা-বাবাহারা ছেলেটার অভিভাবক তার নানি আম্বিয়া বেগমের এত টাকা কই? আকাশকে বাড়ি ফিরিয়ে নেন তিনি। পরে অবস্থার আরও অবনতি হতে থাকে। নড়াচড়া করলেই শিশুটার মুখ দিয়ে রক্ত বের হতে থাকত।
অসুস্থ নাতিকে নিয়ে দিশাহারা হয়ে পড়েন আম্বিয়া খাতুন। একদিন দুপুরে নাতিকে নিয়ে ছুটে যান তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাকির বিশ্বাসের কাছে। শিশু আকাশের কষ্ট দেখে সমবয়সী মেয়ে জাকিয়ার কথা মনে পড়ে। আকাশের চিকিৎসার দায়িত্ব নেন জাকির বিশ্বাস। তাঁর পাশে দাঁড়ায় একদল শিক্ষার্থী। রাজশাহী মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আকাশ। বর্তমানে সে তৃতীয় শ্রেণিতে পড়ে।
টাকার অভাবে পেটের জটিল অসুখের চিকিৎসা করাতে পারছিলেন না হুলিয়ামারী গ্রামের দিনমজুর মনোয়ার হোসেন। খবর পেয়ে সমমনা কয়েকজনকে নিয়ে মনোয়ার হোসেনের পাশে দাঁড়ান জাকির বিশ্বাস। সবাই মিলে ১ লাখ ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেন। অস্ত্রোপচার করিয়ে মনোয়ার এখন পুরো সুস্থ।
গত পাঁচ বছরের এমন ৫৫ জন অসহায় মানুষকে চিকিৎসা সহায়তা দিয়েছেন জাকির বিশ্বাস ও তাঁর দল। পাশাপাশি শীতার্ত মানুষের জন্য গরম কাপড়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, কর্মসংস্থান ও দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য আর্থিক সহযোগিতাও করেছেন। সমমনাদের নিয়ে গড়ে তুলেছেন ‘আমরা মানুষের জন্য’। শুরুতে পাঁচজন নিয়ে গঠিত হলেও বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা ১০১। যাঁরা সবাই নিয়মিত চাঁদা দিয়ে মানুষের পাশে দাঁড়ান।
জীবন থেকে নেওয়া
জাকির বিশ্বাস চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০১৪ সাল থেকে তাঁর একমাত্র মেয়ে জাকিয়া বিশ্বাস অসুস্থ। ২০১৬ সালে পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে তার ক্যানসার। মেয়েকে নিয়ে ঢাকায় ছুটে যান জাকির। সন্তানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা খরচ জোগাতে গিয়ে একসময় অনেকটাই নিঃস্ব হয়ে পড়েন। জাকির বলেন, ‘বাধ্য হয়ে মেয়ের চিকিৎসার জন্য সহায়তা চেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিই। এতে কয়েকজন প্রবাসীসহ বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ঘনিষ্ঠ বন্ধুরা সাড়া দেয়। নিবিড় চিকিৎসায় জাকিয়া এখন সুস্থ। চিকিৎসকেরা জানিয়েছেন, জাকিয়াকে নিয়ে আর তেমন সংশয় নেই।’
মেয়ের চিকিৎসায় দেশ ও দেশের বাইরে থেকে যে মানবিক সহায়তা পেয়েছেন, তাতে উৎসাহিত হয়েই পরে অসহায়ের পাশে দাঁড়াতে শুরু করেন জাকির বিশ্বাস। সেই শুরুটা ২০১৮ সালে। তখন তাঁর সহযাত্রী ছিলেন গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান, গোলাম রসুল, দলিল লেখক আবদুস সামাদ ও খাদ্য বিভাগের কর্মচারী শাহীন আলী।
জাকির হোসেন জানান, শুরুতে নিজেদের মতো করেই সহায়তা করতেন। কিন্তু হুলিয়ামারী গ্রামের মনোয়ার হোসেনের চিকিৎসা সহায়তা করতে গিয়ে বড় সাহায্যের দরকার হলো। প্রতিষ্ঠা করলেন ‘আমরা মানুষের জন্য’। স্বেচ্ছাসেবী এই সংগঠনের পক্ষ থেকে রোগীর পরিচয় ও রোগের বর্ণনা দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া হলো। ব্যাপক সাড়া মিলল। স্বচ্ছতা রাখতে যারা যে পরিমাণ সাহায্য করেন, তাঁদের নামসহ অর্থের পরিমাণও উল্লেখ করা হলো। এখনো সেই ধারা অব্যাহত আছে। পাশাপাশি চিকিৎসা শেষে খরচের আপডেটটাও তুলে ধরেন। এভাবেই এগিয়ে চলেছে জাকিরের মানবিক উদ্যোগ।