তাসফিয়াদের এখন ১০ হাজারেও মাস যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসান আল ইমরানের দিনে যাতায়াত খরচ ২০ টাকা। অন্যদিকে তাসফিয়া হোসেনের খরচ ৮০ টাকার বেশি। হাসানের বাসাভাড়া এখনো বাড়েনি। কিন্তু তাসফিয়া দুই মাস ধরে হাজার টাকা বাড়তি দিচ্ছেন। দ্রব্যমূল্য থেকে শুরু করে প্রতিটি পদে পদে খরচ বাড়ার প্রভাব পড়েছে রাজধানীতে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের ওপর। আর শিক্ষার্থী মেয়ে হলে খরচটা আরও বেশি।

হাসান ও তাসফিয়া দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হাসান পান্থপথে একটি মেসে থাকেন। সব মিলিয়ে ৮ থেকে ১০ হাজার টাকায় মাস চলে যায়। বাসে যাতায়াত করেন, তাই পথের খরচে কিছুটা সাশ্রয় হয়। বাড়িওয়ালা বাসাভাড়া বাড়ানোর কথা বলেছেন, তবে তাঁদের দেনদরবার চলছে।

আজিমপুরে একটি মেসে থাকেন তাসফিয়া। দুই মাস আগে বাসাভাড়া বেড়েছে এক হাজার টাকা। ক্যাম্পাসে যেতে রিকশা ভাড়া ছিল ৩০ টাকা, সেটা এখন ৪০ থেকে ৫০ টাকা হয়েছে। তাই তাসফিয়াকে কখনো হেঁটেও যাতায়াত করতে হয়। তিনি বলেন, ‘সবকিছুরই দাম বাড়ছে। কিন্তু শিক্ষার্থীদের তো আয় বাড়ে না। টিউশনিতে আগে যা পেতাম, এখনো তাই। দুই মাস আগেও বাসা থেকে টাকা নিতে হতো না। কিন্তু এখন মাস শেষে বাসায় টাকা চাইতে হয়।’ তাসফিয়ার এখন ১০ হাজারেও মাস যায় না।

পড়াশোনার জন্য ঢাকায় আসা নারীদের অনেক কষ্ট করে চলতে হয়
প্রতীকী ছবিটি তুলেছেন সাবিনা ইয়াসমিন

জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতির এই সময়ে বাড়িওয়ালারাও ভাড়া বাড়িয়েছেন। মেস করে যেসব শিক্ষার্থী বাসা ভাড়া নিয়ে থাকছেন, তাঁদেরও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। ছেলেশিক্ষার্থী হলে হয়তো কিছুটা দেনদরবার করতে পারেন। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেই সুযোগ কম। আবার গণপরিবহন এখনো নারীর জন্য নিরাপদ না। খরচ এখানেও মেয়েশিক্ষার্থীর বেশি। মেয়েশিক্ষার্থীরা বলেন, একটা ছেলে চাইলেও রাস্তার ধারের কোনো একটা হোটেলে খেয়ে নিতে পারে, কিন্তু একজন মেয়ের পক্ষে তা সহজ না। হয় নিজে রান্না করতে হবে, নয়তো মিলের খাবারই খেতে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক প্রতিবন্ধকতার কারণে মেয়েদের কাজের সুযোগ বা বিকল্প কম। নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে বাড়তি খরচ দিয়ে হলেও তাদের পড়াশোনা চালিয়ে যেতে হয়।

গ্রিন রোডের একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন সিলছি ম্রং ও নিপুল ম্রং। মাসে নিপুলের চেয়ে সিলছির খরচ ৩ থেকে ৪ হাজার টাকা বেশি। নিপুল থাকেন মোহাম্মদপুরে আর সিলছি কাজীপাড়ায়। সিলছি বলেন, বাসাভাড়া তিন হাজার টাকা থেকে বেড়ে চার হাজার হয়েছে। খাওয়ার খরচ দেড় হাজার থেকে আড়াই হাজার হয়েছে। যাতায়াতে সিলছি বাস বেছে নিলেও কখনো কখনো বাসে উঠতে পারেন না। রিকশায় যাতায়াত করেন। অন্যদিকে নিপুলে বাসাভাড়া বেড়েছে ৫০০ টাকা এবং খাবারের খরচও প্রায় তাই। লেগুনায় নিয়মিত চলাচল করেন। সিলছি বলেন, ‘ছেলেরা যেভাবে খরচ কমিয়ে চলতে পারে, আমাদের পক্ষে তা সব সময় সম্ভব হয় না।’

ফার্মগেটের একটি হোস্টেলে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, হোস্টেলের খাবার মুখে তোলা যায় না। বিভিন্ন বেলায় ডিম, পাউরুটির ওপর নির্ভর করতে হতো। কিন্তু এখন সেটাও কমাতে হয়েছে। এই শিক্ষার্থী জানান, হোস্টেল কর্তৃপক্ষ তাদের থেকে ৫০০ টাকা বাড়তি নিচ্ছে খাবারের বাড়তি খরচের জন্য। কিন্তু মান তো বাড়েইনি, বরং পরিমাণ কমিয়েছে। যেখানে দুবেলা আমিষ ছিল, এখন তা একবেলায় নেমেছে।

গণপরিবহনের খরচ কম। কিন্তু নারীর জন্য নিরাপদ না। সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এক যৌথ জরিপে বলা হয়েছে, গণপরিবহনে নারীরা সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হন। যাদের মধ্যে শিক্ষার্থী বেশি।

বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া রহমান টিউশনি করতে ধানমন্ডি থেকে খিলগাঁওয়ে যান। বাসেই চলাচল করেন। তবে একটু রাত হয়ে গেলে বা বেশি ভিড় হলে রিকশা নিতে হয়। তিনি জানান, টিউশনির টাকার অনেকটাই রাস্তায় চলে যায়। কিন্তু হাত খরচের কথা চিন্তা করে টিউশনিটা ছাড়তে পারছেন না।

নারীরা এমনিতেই বৈষম্যের শিকার এবং মানুষের বর্তমান অর্থনৈতিক অবস্থায় নারী শিক্ষার্থীর ওপর তার প্রভাব আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক। তিনি বলেন, করোনার পর থেকেই মানুষের আর্থিক সমস্যা বেড়েছে। যে পরিবারে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে ও মেয়ে আছে, সে পরিবারে এখন হয়তো খরচের কথা চিন্তা করে ছেলের পড়াশোনাই বেছে নেবে। নারীর জন্য নিরাপদ গণপরিবহন বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী—সব নারীকেই পরিবহন খাতে বেশি ব্যয় করতে হয়। বাসা ভাড়ার ক্ষেত্রেও মেয়েদের বেশি টাকা দিয়ে হলেও নিরাপত্তার কথা ভাবতে হয়। পাশাপাশি মেয়ে শিক্ষার্থীর কাজের বিকল্প কম। চাইলেও সে দূরে কোথাও গিয়ে টিউশনি বা কাজ করতে পারে না।

সব মিলিয়ে মূল্যস্ফীতির ধাক্কাটাও মেয়েদের ওপরই পড়েছে বেশি।