অন্য স্বাদেও টস

নো বেক চকলেট ওটস বার
উপকরণ: মাখন ২০০ গ্রাম, ওটস মিল ২ কাপ ও ৩ টেবিল চামচ, চিনি ৫ টেবিল চামচ, চকলেট চিপস ১ কাপ, আপেল বা আনারসের জ্যাম ৪ টেবিল চামচ।
প্রণালি: একটি প্যানে ১৭৫ গ্রাম মাখন গলিয়ে তাতে ওটস দিয়ে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট। এই ফাঁকে আরেকটি প্যানে ২ টেবিল চামচ মাখন, জ্যাম ও চকলেট চিপস দিয়ে মৃদু আঁচে ভালোভাবে নেড়ে গলিয়ে মিশিয়ে দিন সবকিছু। একটি চৌকো ৮ x ৮ ইঞ্চি কাচের বাটিতে বাকি মাখনটুকু দিয়ে গ্রিজ করে নিন। ওটসটি সমান দুই ভাগে ভাগ করে এক ভাগ বাটিতে ঢেলে সবখানে সমানভাবে চেপে চেপে বসিয়ে দিন। এর ওপরে গলিত চকলেটের মিশ্রণটি সমানভাবে ঢেলে দিন সবখানে। এবার তৃতীয় লেয়ার হিসেবে বাকি ওটসটুকু সমানভাবে ঢেলে খুবই হালকাভাবে চাপ দিয়ে বসিয়ে দিন। ঠান্ডা হলে সারা রাত বা ১০-১২ ঘণ্টা ফ্রিজে রেখে বারের মতো লম্বা চৌকো করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

মুরগির ওটস স্যুপ
উপকরণ: ছোট ছোট টুকরা করে কাটা মুরগি আধা কাপ, ওটস আধা কাপ, রসুন কুচি ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, তেল ১ টেবিল চামচ ও পানি ২ কাপ।
প্রণালি: কড়াইতে তেল গরম করে রসুন কুচি হালকা সোনালি করে ভেজে তাতে মুরগি ও ওটস দিয়ে ১ মিনিট ভাজুন। এবার পানি দিয়ে নেড়ে মিশিয়ে দিন এবং বাকি উপাদানগুলো দিয়ে ঢেকে ২ মিনিট মৃদু আঁচে রান্না করুন। গরম গরম পরিবেশন করুন।

ওটস পিৎজা
উপকরণ: ওটস মিল ১ কাপ, ডিম ৫টি, টমেটো পিউরি ৩ টেবিল চামচ, ঢাকাই পনির গ্রেট করা ১ কাপ, মাশরুম আধা কাপ, মুরগির ছোট কিউব আধা কাপ, রসুন বাটা ও আদা বাটা আধা চা-চামচ করে, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, ছোট পেঁয়াজ ১টি মোটা করে কাটা, ক্যাপসিকাম জুলিয়ান কাট করে কাটা আধা কাপ, অরিগানো আধা চা-চামচ, তেল ৩ টেবিল চামচ ও লবণ ১ চা-চামচ।
প্রণালি: প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিয়ে ভেজে নিন। এবার মুরগি ও মাশরুম কুচি দিয়ে ১ মিনিট ভেজে নিন। ক্যাপসিকামগুলো দিয়ে আধা চা-চামচ লবণ দিতে হবে। আরও ১ মিনিট ভেজে নামিয়ে নিন। ডিমগুলো ফেটে নিয়ে আধা চা-চামচ লবণ ও ওটস মিশিয়ে নিন। প্যানে বাকি তেল দিয়ে তেল গরম হলে জ্বাল কমিয়ে ওটসের মিশ্রণটি পিৎজার আকারের মতো করে প্যানের চারপাশে ছড়িয়ে দিন। এবার টমেটো পিউরি ওটসের ওপর চারপাশে সমানভাবে ছড়িয়ে দিন। তার ওপর মুরগি ও ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়া, গ্রেট করা পনির এবং সবশেষে অরিগানো ছড়িয়ে দিন। ঢেকে ১০-১৫ মিনিট রান্না হতে দিন। যদি ১৫ মিনিট পর ঠিকমতো রান্না না হয়, তাহলে প্রয়োজনমতো আরও ৫-৭ মিনিট ঢেকে রান্না করুন। গরম গরম পরিবেশন করুন।

ওটস প্যানকেক
উপকরণ: ওটসের আটা ১ কাপ (১ কাপ ওটস গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে নিলেই হবে), সুজি ৩ টেবিল চামচ, পানি ১ কাপ বা প্রয়োজনমতো, লবণ ১ চা-চামচ, চিনি আধা চা-চামচ, বেরেস্তা গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ও গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, গ্রেট করা গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি ইত্যাদি পছন্দমতো সবজি সব মিলিয়ে ১ কাপ, ধনেপাতা ২ টেবিল চামচ ও তেল ২ টেবিল চামচ।
প্রণালি: সব সবজি ভাপিয়ে নিয়ে তেল ছাড়া বাকি সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ননস্টিক প্যানে ১ চা-চামচ করে তেল দিয়ে দিন। তেল গরম হলে আঁচ কমিয়ে ওটসের মিশ্রণটি পরিমাণমতো ঢেলে পুরোটা প্যানে ছড়িয়ে ঢেকে দিন। ৩ মিনিট রান্না করতে হবে। নির্দিষ্ট সময় পর খুব সাবধানে উল্টে আরও ৩ মিনিট ঢেকে রান্না করতে হবে। এখানে ২টি বড় প্যানকেকের ব্যাটার হবে। গরম গরম পরিবেশন করুন।

ওটস টিকিয়া
উপকরণ: ওটস ১ কাপ, ঢাকাই পনির গ্রেট করে নেওয়া আধা কাপ, কিছু সবজি (গাজর, লাল ও হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ কলি), ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি কুচি করে নেওয়া, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, চিনি আধা চা-চামচ, বেরেস্তা ২ টেবিল চামচ, আদা বাটা আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, গরমমসলা গুঁড়া আধা চা-চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা-চামচ, ভাজার জন্য তেল ৪ টেবিল চামচ।
কোটিংয়ের জন্য—তরল দুধ আধা কাপ, ওটস আধা কাপ, ছোট গাজর ১টির অর্ধেকটি গ্রেট করা, পেঁয়াজ পাতা মিহি কুচি আধা কাপ, লাল, হলুদ ক্যাপসিকাম ছোট করে কুচি করে নেওয়া আধা কাপ। সবজিগুলো ভাপিয়ে নিন।
প্রণালি: ১টি বড় পাত্রে তেল, তরল দুধ ও কোট করার জন্য রাখা ওটস ছাড়া বাকি সবকিছু মিশিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মথে নিন। এবার ৪টি টিকিয়া বানিয়ে প্রথমে দুধে ভিজিয়ে পরে ওটসে গড়িয়ে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে ১টি করে টিকিয়া সোনালি করে ভেজে তুলুন। অল্প আঁচে ভাঁজতে হবে। গরম গরম পরিবেশন করুন।