জাপানি তিনপদ

রীপা হক। ১৯৮৯ সাল থেকে জাপানে বসবাস করছেন। শখ রান্না করা, খাবারের ছবি তোলা, ইকেবানা, ভ্রমণ করা ইত্যাদি। জাপানে এসে বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও জাপানিদের খাবার পরিবেশনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে রান্নার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। পাঠকের রেসিপি বিভাগে তাঁর দেওয়া তিনটি জাপানি খাবারের রন্ধনপ্রণালি দেওয়া হলো।

পোতেতো ছারাদা
পোতেতো ছারাদা

পোতেতো ছারাদা

উপকরণ: আলু ৩৫০ গ্রাম, সসেজ ২টা (ছোট করে টুকরা করা), শসা ১টা, সেদ্ধ ডিম ২টা (ছোট করে টুকরা করা), চিনি ১ টেবিল চামচের চেয়ে সামান্য কম, মাখন আধা টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, মেয়নেজ ৪ টেবিল চামচ, লবণ, গোলমরিচ পরিমাণমতো।

প্রণালি: আলু খোসা ছাড়িয়ে স্লাইস করে চিনি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় পানি ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শসা ধুয়ে পাতলা স্লাইস করে লবণ দিয়ে কচলে চিপে পানি ফেলে দিতে হবে। সেদ্ধ আলুতে মাখন ও ভিনেগার দিয়ে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে শসা, ডিম, সসেজ, মেয়নেজ, লবণ, গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে রেফ্রিজারেটরে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করুন।

ওনিগিরি
ওনিগিরি

ওনিগিরি
উপকরণ: জাপানি চালের বা যেকোনো আঠালো চালের ভাত ২০০ গ্রাম, সয়াসস ১ টেবিল চামচ, তিলের তেল আধা চা-চামচ, স্যামন মাছের ফ্লেইক সামান্য, স্প্রিং অনিয়ন/ওয়াকামে/তিল সামান্য।

প্রণালি: মাছ সামান্য লবণ মেখে অল্প তেলে ভেঁজে কাঁটা ছাড়িয়ে বেছে নিতে হবে। একটা বোলে সমস্ত উপকরণ নিয়ে ভালোভাবে মেশান। মাছের ফ্লেইক ও স্প্রিং অনিয়ন/ওয়াকামে/তিল নিজের পছন্দমতো নিতে পারেন। এবার দুই হাত দিয়ে ছবির মতো তিনকোনা করে রাইস বল বানাতে হবে। তিলের তেল দিলে জমাট বাঁধতে কিছুটা সময় নেবে। সময় নিয়ে করতে হবে। প্লাস্টিক র‍্যাপ দিয়ে মুড়িয়ে শিশুদের টিফিনেও দিতে পারেন। এই ভাতের বল বা রাইস বল জাপানে স্কুলের বাচ্চাদের জনপ্রিয় একটি আইটেম।

মিসোশিরু
উপকরণ: গ্রিন অনিয়ন ১টি, তফু ১৫০ গ্রাম, দাসি ঝিরু/ সুপের স্টক ৪০০ মিলি, মিসো ২ টেবিল চামচ বা পছন্দ অনুযায়ী।

প্রণালি: গ্রিন অনিয়ন ৩৫ সেন্টিমিটার বা ছোট ছোট টুকরা করে নিন। একইভাবে তফু ছোট ছোট টুকরা করে নিতে হবে। দাসি ঝিরু (জাপানি ধাঁচের স্যুপ, যা সবজি, মুরগির মাংস বা সামুদ্রিক খাওয়ার পানিতে সেদ্ধ করে তৈরি করা হয় বা খাসি স্টিক কিনতে পাওয়া যায়) একটা পাতিলে নিয়ে তাতে গ্রিন অনিয়ন দিয়ে জ্বাল দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে তফুর টুকরাগুলো দিয়ে দিন। মিসো পেস্ট একটা বাটিতে নিয়ে তাতে সামান্য দাসি ঝিরু দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার তফুর মিশ্রণে ঢেলে দিন। দু-তিন মিনিট রেখে চুলা বন্ধ করে দিন। পরিবেশনের বাটিতে ঢেলে ওপরে সামান্য গ্রিন অনিয়ন কেটে দিয়ে পরিবেশন করুন মিসোশিরু বা মিসো স্যুপ।

মিসোশিরু
মিসোশিরু