শিম নাকি বরবটি

শিম ও বরবটি—দুটোতেই জলীয় অংশের পরিমাণ বেশি থাকে। ত্বকের আর্দ্রতাও ধরে রাখতে সহায়তা করে। দুই সবজিরই মূল বৈশিষ্ট্য হলো উচ্চ আমিষসমৃদ্ধ। শিম ও বরবটির গুণাগুণ সম্পর্কে জানিয়েছেন বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টি কর্মকর্তা ও বিভাগীয় প্রধান (খাদ্য ও পুষ্টি বিভাগ) শামসুন্নাহার নাহিদ।

শিম
শিম

শিমের গুণাগুণ

* প্রতি ১০০ গ্রাম শিমে ৮৬ দশমিক ১ গ্রাম জলীয় অংশ আছে। খনিজ, আঁশ, খাদ্যশক্তি, প্রোটিন, শর্করাসহ আরও নানা উপাদান রয়েছে।

* খনিজ উপাদানসমৃদ্ধ হওয়ায় চুল পড়া কমাতে সাহায্য করে।

* কোষ্ঠকাঠিন্য দূর করে।

* শিশুর বৃদ্ধিতে বেশ উপকারী সবজি।

* সিলিকন-জাতীয় উপাদান থাকে, যা হাড় সুগঠিত করে।

বরবটি
বরবটি

বরবটির গুণাগুণ

* ১০০ গ্রাম বরবটিতে থাকে ৪৮ ক্যালরি শক্তি। এতে আরও রয়েছে শর্করা, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাসসহ নানা রকম ভিটামিন ও মিনারেল।

* অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ক্যানসারের সম্ভাবনা কমায়।

* পেটের যেকোনো ধরনের সমস্যা—কোষ্ঠকাঠিন্য, আলসার ইত্যাদি দূর করে।

* অস্থিসন্ধির ব্যথা কমায়।

* হৃদ্‌যন্ত্রের সুরক্ষা নিশ্চিত করে।

* হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে।

যাদের খেতে মানা

* আমিষের পরিমাণ বেশি হওয়ায় কিডনির সমস্যা থাকলে দুই সবজিই না খাওয়া ভালো। তবে শিমের বিচি ফেলে দিয়ে খাওয়া যাবে।

* শরীরে পটাশিয়ামের পরিমাণ বেশি হলে শিম কাটার সময় বিচি ফেলে দিয়ে ১০-১৫ মিনিট পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর পানি ফেলে দিয়ে রান্না করতে হবে।

গ্রন্থনা: অধুনা প্রতিবেদক