রুপচাঁদা মাছ দিয়েও বানানো যায় স্টু, দেখুন রেসিপি

রুপচাঁদা মাছের স্টুর রেসিপি দিয়েছেন দিল আফরোজ

রুপচাঁদা মাছের স্টুরছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ

  • রুপচাঁদা মাছ ৩টি

  • মাখন ২ টেবিল চামচ

  • তেল ১ টেবিল চামচ

  • ছ্যাঁচা রসুন ৪ কোয়া

  • গোটা গোলমরিচ ৮–১০টি

  • ছোট পেঁয়াজ ৪টি

  • আদা ও রসুনের মিহি কুচি ১ চা–চামচ করে

  • পেঁয়াজ ২টি কুচি করা

  • বড় আলু ২টি টুকরা করা

  • পেঁপের টুকরা আধা কাপ

  • গাজর ২টি টুকরা করে কাটা

  • সেলারি ছোট টুকরা ২-৩টি

  • টমেটো ৪টি টুকরা করে কাটা

  • টমেটো পেস্ট আধা কাপ

  • মটরশুঁটি আধা কাপ

  • মাশরুম ৫টি

  • লেবুর রস ১ টেবিল চামচ

  • কাঁচা মরিচ ৫টি চিরে রাখা

  • গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ

  • লবণ স্বাদমতো

  • গরম পানি বা স্টক পরিমাণমতো

আরও পড়ুন

প্রণালি

  • রুপচাঁদা মাছ ৩টি লেবু ও লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ফোড়নের উপকরণ থেকে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখুন।

  • প্যানে ১ টেবিল চামচ মাখন ও তেল গরম করে মাছ ৩টি এপিঠ-ওপিঠ ভেজে তুলে রাখুন।

  • মাছগুলো খুব সাবধানে ওলটাতে হবে, যাতে ভেঙে না যায়। প্যানে বাকি মাখন ও তেল গরম করুন।

  • এতে ছ্যাঁচা রসুন ও গোটা গোলমরিচ ফোড়ন দিন। মসলার সুগন্ধ বের হলে ছোট পেঁয়াজগুলো দিন।

  • পেঁয়াজ বাদামি করার প্রয়োজন নেই, নরম ও স্বচ্ছ হওয়া পর্যন্ত নাড়ুন।

  • এবার প্যানে পেঁয়াজ, আদা ও রসুনকুচি দিয়ে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড ভাজুন।

  • এরপর কেটে রাখা আলু, পেঁপে ও গাজর দিয়ে দিন। মাঝারি আঁচে সবজিগুলো মাখনের সঙ্গে দুই মিনিট হালকা নাড়াচাড়া করুন।

  • পরিমাণমতো গরম পানি বা স্টক এবং স্বাদমতো লবণ দিন। ঝোল ফুটে উঠলে প্যানের মুখ ঢেকে মাঝারি আঁচে সবজিগুলো সেদ্ধ হতে দিন।

  • এবার বাকি সবজি ও হার্বসগুলো দিয়ে দিন।

  • সেদ্ধ হওয়া সবজির মধ্যে হালকা ভেজে রাখা রুপচাঁদা মাছগুলো সাবধানে বসিয়ে দিন এবং সঙ্গে চেরা কাঁচা মরিচগুলো ছড়িয়ে দিন।

  • মাছ যাতে ঝোলে ডুবে থাকে এবং ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখুন। নামানোর আগে গোলমরিচ গুঁড়া, লেবুর রস ও এক চামচ গলানো মাখন ওপর থেকে ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন।

আরও পড়ুন