ইফতারে ২টি পদ

স্বাদ আর স্বাস্থ্যকর—ইফতার তৈরির সময় অনেকেই এখন এ দুটি বিষয় মাথায় রাখেন। এমনই কিছু ইফতারের রেসিপি দিয়েছেন সেলিনা আখতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিড়ার ফালুদা

উপকরণ: চিড়া সিকি কাপ, দুধ ১ কেজি, সাগুদানা ৩ টেবিল চামচ, চিনি সিকি কাপ, রাইস নুডলস (গরম পানিতে ভেজানো) সিকি কাপ, ফল (আপেলকুচি, বেদানার দানা) স্বাদমতো, পেস্তা ও কাঠবাদামকুচি স্বাদমতো, ফ্রুট জেলি ১ প্যাকেট, ভ্যানিলা আইসক্রিম পছন্দমতো।

ছবি: সাবিনা ইয়াসমিন

প্রণালি: প্রথমে জেলি প্যাকেটের নির্দেশমতো তৈরি করুন। দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। দুধ ৩ ভাগের ১ ভাগ কমে এলে সাগুদানা ও চিনি দেবেন। সাগুদানা প্রায় ফুটে এলে বাদামকুচি ও ১ ফোঁটা লাল রং দেবেন, এতে সুন্দর একটা হালকা গোলাপি রং হয়ে আসবে। ইচ্ছা হলে না–ও দিতে পারেন। এবার ঘন থকথকে হয়ে এলে বাটিতে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রাখুন। রাইস নুডলস গরম পানিতে ভেজানোর পর নরম হলে পানি ঝরিয়ে ঠান্ডা হতে দিন। চিড়া ধুয়ে পানি ঝরিয়ে একটু লবণ ছিটিয়ে সিকি কাপ পরিমাণ দুধে ভিজিয়ে রাখুন। ফালুদার সব উপাদান তৈরি, এবার পরিবেশনের পালা। পরিবেশনের জন্য লম্বা গ্লাস নিন। এরপর প্রথমে তৈরি করে রাখা জেলিকুচি, তারপর দুধে ভেজানো চিড়া, সাগুদানার মিশ্রণ, রাইস নুডলস—এভাবে একেকটি উপকরণের স্তর দিয়ে ওপরে স্বাদমতো আইসক্রিমের স্কুপ দিয়ে জেলিকুচি, কুচানো পেস্তা ও কাঠবাদাম ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

চিকপিস সালাদ

উপকরণ: চিকপিস ১ কাপ (৮ ঘণ্টা ভিজিয়ে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া), সেদ্ধ ডিম (কিউব কাট) ২টি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, শসা (কিউব কাট) আধা কাপ, টমেটো কিউব কাট এক কাপের চার ভাগের এক ভাগ, ক্যাপসিকাম ছোট কিউব করে কাটা স্বাদমতো, আপেল কিউব করে কাটা এক কাপের চার ভাগের এক ভাগ।

ছবি: সাবিনা ইয়াসমিন

ড্রেসিংয়ের জন্য লাগবে: জলপাই তেল ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, লেবুর রস দেড় টেবিল চামচ, টালা মরিচগুঁড়া আধা চা–চামচ, গোলমরিচগুঁড়া ১ চা–চামচ, চাট মসলা আধা চা–চামচ, চিনি ১ চা–চামচ, লবণ আধা চা–চামচ।

প্রণালি: প্রথমে একটি বোলে সেদ্ধ চিকপিস নিন। এরপর শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম, আপেলসহ সব নিন। ড্রেসিংয়ের সব উপকরণ খুব ভালোভাবে ঝাঁকিয়ে ঘন ড্রেসিং রেডি করে নিন। এবার সালাদের বোলে ড্রেসিং ঢেলে মিক্সড করে নিন।