সাহ্‌রির খাবার নিয়ে পুষ্টিবিদের এই পরামর্শ মেনে দেখুন, সারা দিন আরাম পাবেন

সাহ্‌রিতে ভারি খাবার খেলে সারা দিন অস্বস্তি হবে
ছবি: সুমন ইউসুফ

সারা দিন যেহেতু না খেয়ে থাকতে হয়, তাই সুস্থ থাকতে ও স্বাস্থ্য ঠিক রাখতে সাহ্‌রিতে পরিমিত খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সাহ্‌রিতে সহজপাচ্য ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। তাই জেনে নিন ভোররাতে কী খাবেন আর কী পরিহার করবেন।

  • সাহ্‌রিতে ভাতের সঙ্গে সবজি, মাছ অথবা মাংস খেতে পারেন। তবে বেশি তেল–মসলা দিয়ে মাংস রান্না করবেন না। খাবার তালিকায় রাখতে পারেন দই। অনেকে ভাত খাওয়ার পর হালকা চিড়ার সঙ্গে দই খান। এটি স্বাস্থ্যসম্মত খাবার। এতে পানির তৃষ্ণাও মেটে।

  • পিপাসা নিবারণ হয়, সেই পরিমাণ পানি নিজের অভ্যাস অনুযায়ী পান করতে হবে। দীর্ঘ সময় অভুক্ত থাকার কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। ইফতারের পর থেকে সাহ্‌রি পর্যন্ত অল্প অল্প করে পানি বা অন্যান্য তরল খেয়ে দেহকে আর্দ্র রাখতে হবে। ইফতার থেকে সাহ্‌রি পর্যন্ত পর্যায়ক্রমে অন্তত দেড় থেকে দুই লিটার পানি পান করবেন। একসঙ্গে অনেক পানি পান করা যাবে না।

  • সাহ্‌রিতে লাল চালের ভাতের সঙ্গে সবজি, যেমন লাউশাক, মিষ্টিকুমড়া, শসা, পটোল, ঝিঙে, কচুশাক, কচু ইত্যাদি খেতে পারেন। সঙ্গে দু–একটি খেজুর খেলে সারা দিনের ক্যালরি পূরণ হবে।

খেতে হবে পরিমিত
ছবি: প্রথম আলো
  • সাহ্‌রিতে পান করতে পারেন ডাবের পানি। একটি গ্লাসে ডাবের পানি নিয়ে এতে পরিমাণমতো মধু, লেবুর রস, বিটলবণ আর পুদিনাপাতা ভালো করে মিশিয়ে নিন। এই পানীয় পান করলে গরমেও আপনার শরীর দীর্ঘ সময় ঠান্ডা থাকবে।

  • ডাবের পানির পরিবর্তে প্রাধান্য দিতে পারেন কমলার রসকেও। তৈরি করতে পারেন সৌদি আরব ও তুরস্কের অতি জনপ্রিয় পানীয় ‘লাবান’। এটি তৈরি করতে পারেন লবণ ও চিনি দিয়েই। ২ কাপ টক দইয়ে পরিমাণমতো লবণ আর ১ চা-চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এটিকেও রাখতে পারেন সাহ্‌রিতে।

ডাবের পানি খেলে শরীর ঠান্ডা থাকবে। মডেল: শারমীন।
ছবি: অধুনা
  • সারা দিন শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে এবং শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহ্‌রিতে রাখতে পারেন রঙিন ফলমূলের সালাদ। খেতে পারেন ওটস। প্রোটিন ও ফাইবারে ভরপুর এটি। ওটস খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। এ ছাড়া পনির আর সন্দেশকেও সাহ্‌রিতে রাখতে পারেন নিশ্চিন্তে।

  • রাতের খাবারের পর শুকনো ফল খেতে পারেন। যেমন কাঠবাদাম, পেস্তাবাদাম, খেজুর, আখরোট, শুকনো নারকেল, কিশমিশ। এসবে রয়েছে প্রচুর ক্যালরি ও পুষ্টিগুণ।

  • মূল খাবার খাওয়ার পর দুধ খেতে পারেন। একটু পানি মিশিয়ে অথবা দুধ-ভাতের সঙ্গে কলা খেতে পারেন। ডায়াবেটিস থাকলে চিনি খাবেন না।

  • যেসব ফলে প্রচুর পরিমাণ পানি রয়েছে, সেগুলো খেলে পানির তৃষ্ণা কম পাবে। দেহের পানিশূন্যতা পূরণে সাহ্‌রিতে খেতে পারেন তরমুজ, আপেল কিংবা কমলা।