বাড়িতেই বানাতে পারেন রঙিন মোমো, জেনে নিন রেসিপি
বাড়িতেই বানাতে পারেন নানা স্বাদের মোমো। রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার
ডো তৈরি করার উপকরণ
ময়দা: ১ কাপ
কর্নফ্লাওয়ার: সিকি কাপ
সয়াবিন তেল: ২ চা-চামচ
লবণ: সিকি চা-চামচ
সবুজ রঙের জন্য সেদ্ধ পালংশাকের রস: প্রয়োজনমতো
লাল রং বিটরুটের রস: প্রয়োজনমতো
হলুদ রঙের জন্য গাজরের রস: প্রয়োজনমতো
রঙিন ডো তৈরির প্রণালি: ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ এবং তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। ময়দাটিকে তিনটি সমান ভাগে ভাগ করে নিন। আলাদা আলাদা বাটিতে রাখুন। একেকটি বাটির ময়দায় অল্প অল্প করে পালংশাকের রস, বিটরুটের রস বা গাজরের রস মিশিয়ে আলাদা রঙের নরম ডো (খামির) তৈরি করুন। ডোগুলো সুতি ভেজা কাপড় দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রেখে দিন।
পুরের উপকরণ
মুরগির কিমা: ১ কাপ
স্প্রিং অনিয়নকুচি: আধা কাপ
আদাকুচি: ১ টেবিল চামচ
রসুনকুচি: ১ টেবিল চামচ
কাঁচা মরিচকুচি: ১ চা-চামচ
সয়া সস: ১ টেবিল চামচ
কালো গোলমরিচের গুঁড়া: ১ চা-চামচ
লবণ: স্বাদমতো
গলানো মাখন: ১ টেবিল চামচ
প্রণালি: সব উপকরণ ভালো করে মেখে নিন। প্রতিটি রঙের ডো থেকে বড় করে একটি রুটি বেলে নিন। ছোট করে কাটারে কেটে নিন। বিভিন্ন রঙের ছোট ছোট লেচি একসঙ্গে জোড়া দিয়ে একটি বহুরঙা রুটিও বেলে নিতে পারেন। এবার বেলা রুটির মাঝখানে ১ চা–চামচ তৈরি করা পুর দিন। রুটির চারপাশ সামান্য পানি দিয়ে ভিজিয়ে নিন। এক পাশ থেকে কুঁচি দিয়ে মুড়ে মোমোর আকৃতি দিন। স্টিমার বা চালনিতে সামান্য তেল মাখিয়ে নিন যেন মোমো আটকে না যায়। ফুটন্ত পানির ওপর স্টিমারটি বসিয়ে মোমোগুলো সাজিয়ে দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ১২ থেকে ১৫ মিনিট স্টিম করুন। মোমোর ওপরটা চকচকে ও মসৃণ দেখালে বুঝবেন এটি তৈরি হয়ে গেছে।