খেঁজুর দিয়ে বানাতে পারেন এই দুই মিষ্টান্ন

সেমাই–পায়েস তো ঈদের চেনা খাবার । খেজুর দিয়েও বানাতে পারেন ভিন্ন রকম মিষ্টি। যেসব খেয়ে ভোজনরসিকও ‘ফাইভ স্টার’ দিতে বাধ্য হবেন। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সৌজন্যে দেখুন তেমনই ২টি রেসিপি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেজুরের কেক

খেজুরের কেক
ছবি: খালেদ সরকার

উপকরণ: মাখন ৩০০ গ্রাম, চিনি ৩০০ গ্রাম, ডিম ৬টি, কাঠবাদামগুঁড়া ১০০ গ্রাম, ময়দা ২০০ গ্রাম, দুধ ৩০ মিলিলিটার, মধু ৩০ মিলিলিটার, ভ্যানিলা এসেন্স ৫ মিলিলিটার, খেজুরের পেস্ট ১০০ গ্রাম ও বেকিং পাউডার ৫ গ্রাম।

প্রণালি: প্রথমে মাখন ও চিনি বিট করুন। ভালো করে বিট হলে তাতে ডিম মিশিয়ে নিন। শেষে বাকি সব উপকরণ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখুন। এবার কেক তৈরির মোল্ডে এই মিশ্রণ ঢেলে ১৮০ সেন্টিগ্রেড তাপে ওভেনে বেক করুন ৩৫ মিনিট। ঠান্ডা হলে ছোট ছোট চার কোনা আকারের টুকরা করে পরিবেশন করুন।

খেজুরের অ্যারাবিয়ান পাই

খেজুরের অ্যারাবিয়ান পাই
ছবি: খালেদ সরকার

উপকরণ: তিনটি ধাপে খেজুরের পাই বানাতে হবে। যেখানে সুইট ডো, ক্রিম কাস্টার্ড ও খেজুর ব্যবহার করতে হবে।

সুইট ডোর জন্য—মাখন ২০০ গ্রাম, আইসিং সুগার ১০০ গ্রাম, ডিম ১টি, ভ্যানিলা এসেন্স ৫ মিলিগ্রাম, ময়দা ৩৮০ গ্রাম।

ক্রিম কাস্টার্ডের জন্য—দুধ ৪০০ গ্রাম, ক্রিম ৪০০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, ডিমের কুসুম ৬টি, ভ্যানিলা এসেন্স ৫ মিলিগ্রাম, কর্নফ্লাওয়ার ২৫ গ্রাম।

প্রণালি: ক্রিম কাস্টার্ডের জন্য একটি পাত্রে দুধ, চিনি আর ক্রিম দিয়ে চুলায় ফুটিয়ে নিন। এবার বাকি উপকরণ ঢেলে ক্রিম কাস্টার্ড বানিয়ে রেখে দেন।

সুইট ডোর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ডো তৈরি করে নিন। এবার সেটা পাতলা করে মোল্ড অথবা ট্রেতে পুরোটা বিছিয়ে দেন। এই ট্রের ওপরে পুরোটাজুড়ে বিচি ছাড়া যে কয়টা লাগে, সেই পরিমাণ খেজুর বিছিয়ে নিন। তার ওপর ক্রিম কাস্টার্ড গরম অবস্থাতেই ঢেলে দেন। এবার ওভেনে ১৮০ সেন্টিগ্রেড তাপে ৩৫ মিনিট বেক করুন। ঠান্ডা হলে কেটে পরিবেশন করুন।

লেখাটি প্রথম আলোর বিশেষ ম্যাগাজিন বর্ণিল ঈদ ২০২৩–এ প্রকাশিত