ভাইরাল থেকে ঘরোয়া, ঢাকার ১০ শিঙাড়া, স্বাদ যাচাইয়ে কে পেল কত

শিঙাড়া আমার খুব পছন্দের খাবার। ঢাকার যেসব দোকানের শিঙাড়া খেয়ে মনে হয়েছে, ‘এমন শিঙাড়াই তো চেয়েছিলাম’, এমন কয়েকটি দোকানের রিভিউ থাকছে এখানে। একেবারেই সাধারণ ক্রেতা হিসেবে।

বন্ধুদের আড্ডা কিংবা অফিসের চা-বিরতিতে শিঙাড়া না খেলে যেন সময়টাই জমে না। এ জন্য ঢাকা শহরের অলিগলিতে দেখা যায় অসংখ্য শিঙাড়ার দোকান। এত দোকানের ভিড়েও কিছু কিছু শিঙাড়া আলাদা করে নজর কাড়ে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের নানা প্ল্যাটফর্মেও মাঝেমধ্যেই দেখা মেলে বিভিন্ন ভাইরাল শিঙাড়ার খবর।

দোকানভেদে শিঙাড়ার স্বাদ, পুরের বৈচিত্র্য, মসলা আর মচমচে আবরণের মধ্যেও রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। কোথাও আলু ও মসলার পুরে চেনা স্বাদ, আবার কোথাও মাংস, সবজি, ডাল কিংবা বিশেষ মসলার ব্যবহারে শিঙাড়া পেয়েছে ভিন্ন মাত্রা। আর কোথাও শিঙাড়া দিয়েই তৈরি হচ্ছে ভিন্ন স্বাদের চাট বা শিঙাড়ামাখা।

১. টিফিন বক্সের নাগা শিঙাড়া

নাগা মরিচের শিঙাড়া
ছবি: প্রথম আলো

টিফিন বক্স—রেস্তোরাঁ এই সময়ে ঢাকার তরুণদের এক পছন্দের জায়গা। ঢাকার বিভিন্ন এলাকায় আছে তাঁদের আউটলেট। তাদের অন্যতম জনপ্রিয় খাবার নাগা শিঙাড়া। যাঁরা নাগা মরিচের ঘ্রাণ পছন্দ করেন, তাঁদের বিশেষভাবে এই শিঙাড়া ভালো লাগবে।

শিঙাড়ার ওপরের আবরণটি যদিও একটু ভারী ও পুরু। তবে নাগা মরিচ দেওয়া আলুর পুর ভরা শিঙাড়া মুখে দিলে ঝাল ঝাল নাগা মরিচের ঘ্রাণ আর স্বাদ দুটি যেন মনকে পরিপূর্ণ করবে। তবে এই শিঙাড়া খেতে হবে গরম-গরম, ঠান্ডা হলে এর স্বাদ হারাবে। এখানে ৬ পিসের নাগা শিঙাড়ার টিফিন বাটির দাম ১৫০ টাকা।

রেটিং: ১০/৮

২. পতেঙ্গা নেভাল পয়েন্টের ছোট ছোট কলিজার শিঙাড়া

কলিজার ছোট শিঙাড়া
ছবি: প্রথম আলো

যখন মিরপুর ১১–এর বাসিন্দা ছিলাম তখন প্রায় প্রতিদিনই সন্ধ্যাই এই দোকানের কলিজার শিঙাড়া খেতে ঢুঁ মারতাম। ছোট ছোট শিঙাড়া তার ভেতরে ছোট ছোট কলিজার টুকরা মুখে পুরে দিলেই মনে হতো, আহ সেই স্বাদ। সঙ্গে থাকা কাঁচা পেঁয়াজ এই শিঙাড়ার স্বাদকে দ্বিগুণ করে দেয়।

তবে এই দোকানের একটাই সমস্যা—শিঙাড়া অর্ডার করে অনেকটা সময় অপেক্ষা করতে হবে আপনাকে। এদের এখানে তৈরি শিঙাড়া বিক্রি হয় না। শুধু ক্রেতারা অর্ডার দিলে সময় নিয়ে গরম-গরম এই কলিজার শিঙাড়া বানিয়ে দেওয়া হয়। এখানে একটি বাঁশের ঝুড়িতে ৭টি কলিজার শিঙাড়া পরিবেশন করে। দাম ৮০ টাকা।

রেটিং: ১০/১০

আরও পড়ুন

৩. গল্পের ঝুরা মাংসের শিঙাড়া

শিঙাড়ার পুরে ঝুরা মাংস
ছবি: প্রথম আলো

গল্পের ঝুরা মাংসের শিঙাড়া এই সময়ে ফেসবুকে অন্যতম ভাইরাল শিঙাড়া। এই শিঙাড়ার স্বাদ পরখ করতে আমিও তাই চলে গেলাম মিরপুরে ৬–এ গল্পের আউটলেটে।

মাংস বা কলিজার শিঙাড়া তো অনেক খেয়েছি, তবে এই ঝুরা মাংসের পুর ভরা শিঙাড়ার স্বাদ একেবারেই আলাদা। ঝুরা মাংস যাদের পছন্দ, তাঁদের কাছে বেশ ভালো লাগবে এই ভিন্ন স্বাদের শিঙাড়া।

রেটিং: ১০/৮

৪. পতেঙ্গার শিঙাড়া চাট

শিঙাড়া চাট
ছবি: প্রথম আলো

ছবি দেখে কি মনে হচ্ছে দই ফুচকা বা রাজ কচুরি। না, এসব কিছুই নয়। জানলে অবাক হবেন, এটিও একটি শিঙাড়ার পদ। নাম শিঙাড়া চাট। ছোট ছোট আলুর পুর দেওয়া শিঙাড়া হাত দিয়ে ভেঙে দেওয়া হয় প্লেটে। এর ওপর মসলা মেশানো টক দই ছড়িয়ে দেওয়া হয়। গরমের সন্ধ্যায় এমন এক প্লেট শিঙাড়া চাট শুধু মুখে স্বাদই আনবে না, ভরাবে মনও।

রেটিং: ১০/৭

৫. প্রবর্তনা

সকাল সকাল না গেলে এই শিঙাড়া পাওয়া যায় না
ছবি: প্রথম আলো

যাঁরা একটু ঘরোয়া খাবার খেতে ভালোবাসেন, তাঁদের কাছে প্রবর্তনা বেশ পছন্দের রেস্তোরাঁ। প্রবর্তনার নিচতলায় পাওয়া যায় বড় আকারের কলিজার শিঙাড়া। তবে সকাল সকাল না গেলে এই শিঙাড়া পাওয়া যায় না।

খুব অল্প পরিমাণে বানানো হয়। বড় আকারের এই শিঙাড়ার পুরে দুটি বড় আকারের কলিজা দেওয়া হয়। বাইরে মচমচে খোলস আর ভেতরে নরম, মসলাদার কলিজার পুর–দুইয়ের মিলনে তৈরি হয় বেশ জমজমাট একটি শিঙাড়া। স্বাদটা বেশ ভালোই। দাম ৫০ টাকা। তবে মাঝেমধ্যে শিঙাড়ায় লবণের পরিমাণ কম হয় থাকে।

রেটিং: ১০/৭

আরও পড়ুন

৬. বেঙ্গল বইয়ের উঠানের কলিজা শিঙাড়া

এখানে জোড়া শিঙাড়ার দাম ৬০ টাকা
ছবি: বেঙ্গল বইয়ের উঠানের সৌজন্যে

বেঙ্গল বইয়ের উঠানের সন্ধ্যাটা যেন চা আর শিঙাড়া না হলে জমেই না। এ শিঙাড়ার স্বাদ পেতে হলে আপনাকে দীর্ঘ সারিতে দাঁড়াতে হবে। কলিজার পুর ভরা এ শিঙাড়া বেঙ্গল বইয়ের উঠানের সিগনেচার আইটেম। সবচেয়ে মজার বিষয় হলো, এ শিঙাড়া জোড়া হিসেবে কিনতে হয়। জোড়া শিঙাড়ার দাম ৬০ টাকা।

রেটিং: ১০/৯

৭. কারওয়ান বাজারের পেঁয়াজের আড়তের শিঙাড়া

শিঙাড়ার আকৃতি ছোট, তবে ভেতর নরম আলুর পুরটা বেশ সুস্বাদু
ছবি: প্রথম আলো

কারওয়ান বাজারে যাঁরা অফিস করেন, তাঁদের কাছে বেশ পরিচিত এই পেঁয়াজের আড়তের শিঙাড়া। শিঙাড়ার আকৃতি ছোট, তবে ভেতর নরম আলুর পুরটা বেশ সুস্বাদু। ডুবো তেলে ভাজা গরম-গরম এই শিঙাড়া একসঙ্গে ১০ থেকে ১২টি খেয়ে ফেলা যেন কোনো ব্যাপারই না। এখানে একটি ছোট শিঙাড়ার দাম ৫ টাকা।

রেটিং: ১০/১০

৮. মাদলের সবজি শিঙাড়া

ঘরোয়া স্বাদের সবজি শিঙাড়া
ছবি: মাদলের সৌজন্যে

মাদল খাবার ঘরে বিকেলে পাওয়া যায় এক মজাদার সবজি শিঙাড়া। এ শিঙাড়ার স্বাদ অনেকটা ঘরে তৈরি শিঙাড়ার মতো। পুরে দেওয়া হয় মৌসুমি সব সবজি। যাঁরা খুব ঝাল-মসলাদার শিঙাড়ার চেয়ে ঘরোয়া স্বাদের সবজি শিঙাড়া পছন্দ করেন, তাঁরা মাদলের এই শিঙাড়া একবার খেয়ে দেখতে পারেন। শিঙাড়ার দাম ২০ টাকা।

রেটিং: ১০/৮

৯. ডিয়ার ঢাকা

কুচি কুচি করে কাটা কাঁচা মরিচ অল্প করে দেওয়া হয়েছে আলুর পুরে
ছবি: প্রথম আলো

ঢাকা শহরের মজার মজার শিঙাড়ার রিভিউ নিয়ে যখন লেখার প্রস্তুতি নিচ্ছি, সেদিন রাতে অফিসের কাজেই মিটিংয়ে গেলাম গুলশানের নিকেতন। মিটিংয়ের জন্য আনা হলো শিঙাড়া। শিঙাড়ার ওপরের মুচমুচে ভাবই বলে দিচ্ছিল যে এই শিঙাড়া স্বাদে হবে অতুলনীয়।

মুখে দিতেই অনুমান মিথ্যা হলো না। কুচি কুচি করে কাটা কাঁচা মরিচ অল্প করে দেওয়া হয়েছে আলুর পুরে। নাকে এসে লাগল মরিচের সেই ঘ্রাণ। জানলাম, নিকেতনে যেই ফ্ল্যাটে মিটিংয়ে গিয়েছিলাম, তার নিচেই ডিয়ার ঢাকা বলে দোকানটি। তারা শুধু হোম ডেলিভারিতে এই শিঙাড়া বিক্রি করে।

রেটিং: ১০/১০

১০. বাঁশবাড়ি মিন্টু ঘোষের শিঙাড়া

আলুর পুরের বদলে এখানে ব্যবহার করা হয় নানা ধরনের সবজি
ছবি: প্রথম আলো

মোহাম্মদপুর বাঁশবাড়ি মন্দিরের সামনের গলিতে মিন্টু ঘোষের শিঙাড়ার দোকান। পারিবারিক এই দোকানটিতে মুক্তিযুদ্ধের পর থেকে মিন্টু ঘোষের বাবা শিঙাড়া বেচতেন। এরপর হাল ধরেন মিন্টু ঘোষ। আকারে-আয়োজনে খুব বড় কিছু নয়, কিন্তু সন্ধ্যা নামার পর এই ছোট্ট দোকানটির সামনে জমে ওঠে ক্রেতাদের ভিড়।

আলুর পুরের বদলে এখানে ব্যবহার করা হয় নানা ধরনের সবজি। সবজিগুলো এমনভাবে মেশানো হয়, যাতে প্রতিটি কামড়ে আলাদা আলাদা স্বাদ পাওয়া যায়। তার সঙ্গে থাকে পরিমিত মসলা। ফলে শিঙাড়াটি খুব বেশি ঝাল বা মসলাদার নয়; বরং সবজির স্বাদটাই সামনে থাকে। শিঙাড়ার ওপরের খোলসটা বেশ ক্রিসপি থাকে। শিঙাড়া বিক্রি শুরু হয় সন্ধ্যার পর। দাম প্রতিটি ১০ টাকা।

রেটিং: ১০/১০

আরও পড়ুন