মাছের পুর ভরা করলা বানাবেন যেভাবে

রেসিপি দিয়েছেন ফারাহ্ তানজীন সুবর্ণা

মাছের পুর ভরা করলাছবি: সুমন ইউসুফ

উপকরণ

  • করলা: ১টি (বড় আকারের)

  • কাঁটা ছাড়ানো মাছ (রুই/কাতলা/তেলাপিয়া/পাঙাশ): ২৫০ গ্রাম

  • ডিম: ১টি

  • হলুদগুঁড়া: সিকি চা-চামচ

  • পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ

  • আদাকুচি: সিকি চা-চামচ

  • কাঁচা মরিচকুচি: ২/৩টি

  • ধনেপাতাকুচি: ২ টেবিল চামচ

  • তেল: পরিমাণমতো

  • লবণ: স্বাদমতো।

প্রণালি

প্রথমেই করলা ৪/৫ টুকরা করে (গোল করে, লম্বা করে না) কেটে নিন। ছোট চামচের সাহায্যে ভেতর থেকে বীজ ও শাঁসগুলো ফেলে দিন। বেশি করে লবণ মেখে রেখে দিতে হবে ঘণ্টাখানেক। দুই পাশ হালকা করে কেটে ভেতরের বিচি ও শাঁস বের করে নিন। নির্দিষ্ট সময় পরে ভালোভাবে ধুয়ে নিন। অল্প পানিতে ভাপ দিয়ে নিতে হবে করলাগুলো। এরপর মাছের পুর তৈরি করে নিন। মাছে লবণ ও হলুদ মেখে হালকা করে ভেজে নিন। কাঁটা ও চামড়া বেছে ঝুরা করে নিতে হবে। তারপর এর সঙ্গে ডিম (পুরটা মাখো মাখো করার জন্য যতটুকু প্রয়োজন), পেঁয়াজ, আদা, মরিচ, ধনেপাতাকুচি ভালো করে মিশিয়ে রেখে দিন কিছুক্ষণ। তারপর প্রতিটি করলার টুকরার ভেতরে মাছের পুর ভরে নিতে হবে ভালো করে। ধারালো ছুরি দিয়ে আধা ইঞ্চি পুরু করে রিং আকারে কেটে নিন। প্যানে তেল গরম করে কম আঁচে দুই পিঠ হালকা লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মাছের পুর ভরা করলা। গরম ভাতের সঙ্গে পরিবেশনের করুন।