হালিমের রেসিপি
উপকরণ: ভাজা মুগডাল সিকি কাপ, মসুর ডাল সিকি কাপ, ছোলার ডাল সিকি কাপ, মটর ডাল সিকি কাপ, মাষকলাইয়ের ডাল সিকি কাপ, গম সিকি কাপ, পোলাওয়ের চাল সিকি কাপ, মুরগি ১ কেজি, পেঁয়াজকুচি আধা কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা–চামচ, জায়ফল–জয়ত্রীগুঁড়া আধা চা–চামচ, হলুদগুঁড়া ১ চা–চামচ, মরিচগুঁড়া দেড় চা–চামচ, গরমমসলাগুঁড়া ১ চা–চামচ, জিরাগুঁড়া ১ চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ, লবণ স্বাদমতো, মেথিগুঁড়া ১ চা–চামচ ও তেল ৩–৪ কাপ।
পরিবেশনের জন্য: আদাকুচি ১ টেবিল চামচ, পুদিনা বা ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, পেঁয়াজবেরেস্তা আধা কাপ, কাঁচা মরিচকুচি ২ টেবিল চামচ, শসা ও গাজরকুচি পরিমাণমতো এবং লেবু।
প্রণালি: মুগডাল তাওয়ায় অল্প আঁচে টেলে নিন। যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। এবার বাকি সব ডাল, পোলাওয়ের চাল, টালা মুগডাল, গম পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিন। গম না থাকলে সমপরিমাণ লাল আটা দিতে পারেন। সেদ্ধ হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
মুরগির মাংস ছোট ছোট টুকরা করে নিন। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে আদা, রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, জিরাগুঁড়া, ধনেগুঁড়া, মেথিগুঁড়া, জায়ফল–জয়ত্রীগুঁড়া, গরমমসলাগুঁড়া ও লবণ সামান্য পানি দিয়ে কষান। মসলা কষে গেলে মুরগির টুকরাগুলো দিয়ে নাড়ুন। আধা কাপ পানি দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে ডালের মিশ্রণ ঢেলে দিন।
হালিম হয়ে গেলে আদাকুচি, বেরেস্তা, কাঁচা মরিচকুচি, পুদিনা ও লেবু দিয়ে পরিবেশন করুন।