রেসিপি
এবার না হয় মাছ হোক
মাংস তো অনেক হলো। এবার না হয় একটু ছোট মাছ হোক। গরমে আরামও পাবেন। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার
কচুমুখী দিয়ে লইট্টা মাখানি
উপকরণ: কচুমুখী ২৫০ গ্রাম, লইট্টা মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজবাটা আধা কাপ, রসুনবাটা ১ চা-চামচ, লেবুর রস ২ চা-চামচ, মরিচগুঁড়া ২ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, শর্ষের তেল আধা কাপ।
প্রণালি: কচুমুখী ডুমো ডুমো করে কেটে নিন। লেবুর রস মেখে, ধুয়ে পানি ঝড়িয়ে রাখুন। লইট্টা মাছ ধুয়ে নিন। পানি ঝড়িয়ে সামান্য বাটা ও গুঁড়া মসলা দিয়ে মেখে রাখুন। প্যানে তেল দিয়ে দিন। বাকি সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। কচুমুখী ও স্বাদমতো লবণ দিয়ে নেড়ে দিতে হবে। প্রয়োজনমতো পানি দিন। কচুমুখী কিছুটা সেদ্ধ হয়ে এলে আঁচ কমিয়ে দিন। লইট্টা মাছ দিয়ে ঢেকে রাখুন। মাখো মাখো হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
টাকি-চিংড়ির বড়ার ঝোল
উপকরণ: টাকি মাছ ৪০০ গ্রাম, চিংড়ি মাছ ৪০০ গ্রাম, আলুর কিউব ২৫০ গ্রাম, ধনেপাতাকুঁচি ১ কাপ, পেঁয়াজকুঁচি ১ কাপ, কাঁচা মরিচকুঁচি ২ চা-চামচ, ময়দা ২ চা-চামচ, পেঁয়াজবাটা আধা কাপ, রসুনবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া ২ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, শর্ষের তেল ১ কাপ।
প্রণালি: লবণ ও হলুদ দিয়ে টাকি মাছ সেদ্ধ করে কাটা বেছে নিন। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিন। রগ ফেলে ধুয়ে কিমা করে নিন। একটি পাত্রে টাকি ও চিংড়ি মাছের সঙ্গে ধনেপাতা, পেঁয়াজকুঁচি, কাঁচা মরিচকুঁচি, লবণ ও ময়দা মেখে রাখুন। বড়া আকারে বানিয়ে ডুবো তেলে ভেজে তুলে রাখুন। অন্য প্যানে তেল দিন। এতে বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। আলু ও স্বাদমতো লবণ দিয়ে দিন। নেড়ে প্রয়োজনমতো পানি দিন। আলু সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা মাছের বড়াগুলো দিয়ে ঢেকে রাখুন। কিছু সময় পর নামিয়ে পরিবেশন করুন।