ইন্দুবালার স্টাইলে কচুবাটা খেতে চান? দেখুন রেসিপি

কলকাতার লেখক কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’। খুলনার কলাপোতা গ্রামের মেয়ে ইন্দু কীভাবে কলকাতায় গিয়ে রান্নার জাদুতে মজালেন মানুষকে, সেই নিয়ে বই। তবে বইয়ের বিভিন্ন পাতায় আছে খাবারের চমৎকার সব বর্ণনা। জুঁই ফুলের মতো সাদা ভাতের সঙ্গে আমতেল, কুমড়োর ছক্কা বা নারকেল দিয়ে কচুবাটার মতো নানা রকম রান্নার বর্ণনা সেখানে আছে। উপন্যাসটি থেকে সিনেমা হওয়ায় নতুন করে ইন্দুবালার সেই কচুবাটার রেসিপি এখন সামাজিক মাধ্যমেও জনপ্রিয়। এখানে ইন্দুবালার স্টাইলে কচুবাটা ছাড়াও বাদাম দিয়ে কচুবাটার আরও একটি রেসিপি থাকছে। প্রথম আলোর পাঠকদের জন্য এই রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দুবালার কচুবাটা

ইন্দুবালা
ছবি: কবির হোসেন

উপকরণ: মানকচু ৩০০ গ্রাম, নারকেল কোরা আধা কাপ, শর্ষে ১ চা-চামচ, পোস্ত ১ চা-চামচ, কাঁচা মরিচ ৬-৭টি, শর্ষের তেল ২ চা-চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি: কচু কেটে কুচি কুচি করে নিন। লবণ মেখে ১০ মিনিট রেখে পানি চেপে বের করে নিন। শিলপাটায় প্রথমে শুধু কচু বেটে আলাদা করে রাখুন। এবার নারকেল, শর্ষে, পোস্ত, কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিন। তাতে মেশান লবণ। এবার বেটে রাখা সব উপকরণ একসঙ্গে মিশিয়ে আরও একবার ভালোভাবে বেটে শর্ষের তেল দিয়ে মেখে বাটিতে তুলুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই কচুবাটা।

কচুর ঝাঁজ বাদামবাটা

কচুর ঝাঁজ বাদামবাটা
ছবি: কবির হোসেন

উপকরণ: মানকচু ৩০০ গ্রাম, বাদাম ১০০ গ্রাম, শর্ষে ৪ চা-চামচ, নারকেল কোরা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৬টি, কাঁচা হলুদ আধা চা-চামচ, আদাকুচি ১ চা-চামচ, শর্ষের তেল আধা কাপ, লেবুর রস আধা কাপ ও লবণ স্বাদমতো।

প্রণালি: কচু কেটে কুচি করে লেবুর রস মেখে ১০ মিনিট রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে চেপে নিন। এবার শিলপাটায় সব উপকরণ ভালোভাবে বেটে নিন। প্যানে শর্ষের তেল দিয়ে বেটে রাখা উপকরণ ভালোভাবে নেড়ে নামিয়ে নিন। এই রেসিপিও গরম-গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন