স্বাদের একঘেয়েমি দূর করতে চেনা দেশি সবজি দিয়ে বানাতে পারেন ভিন্ন স্বাদের বিদেশি ঘরানার রেসিপি। দিয়েছেন জোবায়দা আশরাফ।
করলা, ঢ্যাঁড়স বেগুনের মসলা
উপকরণ: করলা মাঝারি ১টি, ঢ্যাঁড়স ২টি, বেগুন ২টি।
মসলার উপকরণ: ছোলার ডাল ২ টেবিল চামচ, মুগ ডাল ২ টেবিল চামচ, মাষকলাই ডাল ১ টেবিল চামচ, গোটা শুকনা লাল মরিচ ৪টি, গোটা জিরা ১ চা-চামচ, গোটা ধনে ১ টেবিল চামচ, শর্ষেদানা ১ চা-চামচ, মেথি আধা চা-চামচ, গোলমরিচ ১ চা-চামচ, কারিপাতা একমুঠো, কালিজিরা ১ চা-চামচ, তেঁতুল গোলা ২ চা-চামচ, হিং ১ চিমটি, শর্ষের তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি: করলা একটু চিরে বিচি বের করে নিন। তারপর লবণপানিতে আধা সেদ্ধ করে নিতে হবে। বেগুন ওপর দিক থেকে এমনভাবে চার ফালি করুন, যেন নিচের অংশটি পুরোপুরি আলাদা হয়ে না গিয়ে জোড়া থাকে। লবণপানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। ধুয়ে কিচেন টিস্যু দিয়ে মুছে নিতে হবে। ঢ্যাঁড়স ধুয়ে বেগুনের মতো কেটে নিন।
মসলা তৈরি করার জন্য ডালগুলো পরিষ্কার করে তাওয়ায় টেলে নিতে হবে। মসলাগুলো সব আলাদা করে টেলে নিন। কারিপাতা ও হালকা করে তাওয়ায় শুকিয়ে নিতে হবে। এবার ডাল, টেলে নেওয়া সব মসলা, হিং একসঙ্গে ব্লেন্ড করতে হবে। শর্ষের তেল, তেঁতুল গোলা, লবণ দিয়ে মসলা মেখে নিতে হবে। এবার সবজিগুলোর পেটের ভেতর এই মসলা চেপে চেপে ভরে দিন। ওভেন ট্রেতে তেল মাখিয়ে প্রথমে বেগুন, করলা বিছিয়ে দিতে হবে। ওপরের দিকে ভেন্ডি দিয়ে ১৮০ ডিগ্রিতে বেক করতে হবে। সোনালি ভাব হলে নামিয়ে পরিবেশন করতে হবে খিচুড়ি বা সাদা ভাত দিয়ে।