অন্য মিষ্টির কয়েক পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছে থাকলেও অনেকে মিষ্টি খেতে পারেন না। চিকিৎসকের নিষেধ থাকে। তাঁদের জন্য উপযোগী চিনি বা অন্য মিষ্টির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে কয়েক পদ। রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণা

.
.

আনারসের হালুয়া
উপকরণ: সুজি ১ কাপ, ব্লেন্ড করা আনারস ২ কাপ (আনারস অবশ্যই মিষ্টি হতে হবে), ক্যালরিমুক্ত চিনি দেড় কাপ, ঘি ৩ টেবিল চামচ, এলাচগুঁড়ো আধা চা-চামচ, কিশমিশ ইচ্ছেমতো ও জাফরান ১ চিমটি (জাফরান না থাকলে ১ ফোঁটা হলুদ খাওয়ার রং)।
প্রণালি: একটা প্যানে ঘি হালকা গরম করে তাতে সুজি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। তারপর তাতে ব্লেন্ড করা আনারস, ক্যালরিমুক্ত চিনি, এলাচগুঁড়ো আর অল্প গরম পানিতে ভেজানো জাফরান দিয়ে ভালোমতো নেড়ে মেলাতে হবে। ভালোমতো মিশে গেলে ঘি মাখানো ট্রে বা প্লেটে ঢেলে নিন। এবার বরফি আকারে কেটে নিয়ে ওপরে কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন অথবা হালকা ঘি মাখানো ছাঁচে দিয়ে আলতো চাপ দিয়ে সুন্দর নকশা করে িকংবা আনারসের আকার গড়েও পরিবেশন করা যেতে পারে।

.
.

ফ্রুটি জেলো পুডিং
উপকরণ: ডাবের মিষ্টি পানি ৩ কাপ, মিক্সড ফ্রুট ক্যান ১টি, ক্যালরিমুক্ত চিনি স্বাদমতো (ডাবের মিষ্টির ওপরে নির্ভর করবে) ও চায়না গ্রাস ২০ গ্রাম।
প্রণালি: মিক্সড ফ্রুটের ক্যান কেটে সিরাপ ফেলে দিয়ে ফলগুলো ধুয়ে নিতে হবে। চাইলে তাজা ফলও ব্যবহার করা যেতে পারে। সে ক্ষেত্রে মিষ্টি আম, আঙুর, আপেল, নাসপাতি ইত্যাদি ব্যবহার করলেই ভালো। প্যানে ডাবের পানি দিয়ে সেটা ফুটে উঠলে তাতে কুচি করে কাটা চায়না গ্রাস দিয়ে দিতে হবে। চায়না গ্রাস গলে গেলে ডাবের পানি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে তাতে ফলের টুকরোগুলো হালকা হাতে মিশিয়ে হালকা করে তেল মাখানো মোল্ডে বা ছোট ছোট পরিবেশন পাত্রে ঢেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করতে হবে।

.
.

কাজু বরফি
উপকরণ: কাজুবাদাম ১৫০ গ্রাম, তরল দুধ ৫ চামচ, ক্যালরিমুক্ত চিনি আধা কাপ, এলাচগুঁড়ো এক চামচের ৩ ভাগের ১ চা-চামচ ও ঘি ১ টেবিল চামচ।
প্রণালি: কাজুবাদাম হালকা টেলে মচমচে করে নিয়ে শিল-পাটা অথবা ড্রাই গ্রাইন্ডারে মিহি গুঁড়ো করে নিন। একটা প্যানে (ননস্টিক অথবা ভারী লোহার পাত্র হলে ভালো হয়) তরল দুধ আর ক্যালরিমুক্ত চিনি দিয়ে একটু গরম হলেই কাজু আর এলাচগুঁড়ো দিয়ে ভালোমতো নেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে ৭-৮ মিনিট নাড়তে থাকুন। যখন মিশ্রণটা একটা মন্ডের মতো হয়ে পাত্র থেকে ছেড়ে আসবে, তখন সেটা ঘি মাখানো পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে ভালোভাবে মাখতে হবে।
মাখা শেষে রুটি বেলার বেলন দিয়ে বেলে সমান করে নিয়ে বরফির আকারে ছুরি দিয়ে কেটে ঠান্ডা করে পরিবেশন করুন। চাইলে ওপরে রুপালি তবক দিয়ে সাজিয়েও পরিবেশন করা যেতে পারে।