অন্য স্বাদে ঈদের নাশতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উৎসবের বড় অংশ খাবার। সেই খাবার একটু ভিন্ন রকম হোক না! সেগুলো বিকেল-সন্ধ্যায় একটু স্বাদ বদল করতেই পারে। তেমন কিছু খাবারের রেসিপি দিয়েছেন কল্পনা রহমান

.
.

বনেদি ধাঁচের কাবাব

উপকরণ : বিফ কিমা ৫০০ গ্রাম, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, পিয়াজ কিউব কাট ১ কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, টমেটো কিউব কাট ১ কাপ, আদা ছেচা ১ চা-চামচ, ধনে টেলে আধা ভাঙা ১ চা-চামচ, রসুন ছেচা ১ চা-চামচ, জিরা টেলে আধা ভাঙা ১ চা-চামচ, বেশন আধা কাপ, শুকনা মরিচ টেলে ক্রাশ করা ১ চা-চামচ, তেল আধা কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, ডিম ১টি।

প্রণালি: ১. ২টি ডিম স্ক্রাম্বল করে অল্প তেল দিয়ে করে রাখতে হবে।

২. তেল বাদে বাকি সব উপকরণ ও স্ক্রাম্বল করা ডিম একসঙ্গে কিমার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিন। ১৫ মিনিট ম্যারিনেট করে কিমা থেকে সাইজমতো মাংস নিয়ে কাবাব বানিয়ে মাঝারি আঁচে এক পিঠ ভাজার পর অপর পিঠ পাঁচ মিনিট ভেজে গরম গরম পরিবেশন করুন।

.
.

লেমন কাপ কেক

উপকরণ: বাটার ১০০ গ্রাম, তরল দুধ সিকি কাপ, গুঁড়া চিনি পৌনে এক কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লেমন রাইন্ড ১ টেবিল চামচ, ডিম ৩টি, কমলার জ্যাম ৪ টেবিল চামচ, ময়দা ১ কাপ।

প্রণালি : ১. বোলে মাখন ও গুঁড়া চিনি বিট করে ডিম দিয়ে আবার ফেটিয়ে নিতে হবে। ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে চেলে মেশাতে হবে।

২. এবার ক্রমান্বয়ে লেবুর রস, লেমন রাইন্ড, কমলার জ্যাম ১ চা-চামচ ও দুধ মিশিয়ে কাপ কেকের মোল্ড ঢেলে ১৬০ ডিগ্রিতে ১০-১২ মিনিট বেক করে নিতে হবে।

৩. অন্য পাত্রে ৩ টেবিল চামচ কমলার জ্যাম ও ৩ টেবিল চামচ গরম পানি চুলায় দিয়ে যখন গলে যাবে তখন ছেকে নিন। এখন ওই জ্যাম সিরাপ গরম কেকের ওপর ব্রাশ করে পরিবেশন করুন।

.
.

দই ফুচকা

দইয়ের মিশ্রণ

উপকরণ: গুঁড়া দুধ ১ কাপ, জিরা গুঁড়া ২ চা-চামচ, মিষ্টি দই আধা কেজি, বিট লবণ ১ চা-চামচ।

প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে দইয়ের মিশ্রণ।

 তেঁতুলের সস

উপকরণ : তেঁতুলের মাড় ২ কাপ, জিরা গুঁড়া ২ চা-চামচ, চিনি ২ কাপ, ভাজা মরিচ গুঁড়া ২ চা-চামচ, বিট লবণ ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ।

প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে ঘন করে নিলেই সস্ তৈরি হয়ে যাবে।

ফিলার

উপকরণ: আলু সেদ্ধ কিউব কাট আধা কেজি, তেল সিকি কাপ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, আস্ত জিরা আধা চা-চামচ, গুড় সিকি কাপ, ধনে গুঁড়া আধা চা-চামচ, তেঁতুলের মাড় ২ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ।

প্রণালি: পাত্রে তেল দিয়ে জিরার ফোড়ন দিয়ে মরিচ, ধনে গুঁড়া, তেঁতুলের মাড়, বিট লবণ ও গুড় দিয়ে কষাতে হবে। একটু পর আলু কিউব দিয়ে নেড়ে লবণ চেখে নামাতে হবে।

ফুচকা

উপকরণ : ময়দা দেড় কাপ, আলুমাখনা ৪ চা-চামচ, পানি পরিমাণমতো, সুজি আধা কাপ, লবণ দেড় চা-চামচ, তেল (ভাজার জন্য) প্রয়োজনমতো।

প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে দিয়ে মাখিয়ে রুটি বানানোর মতো ডো বানাতে হবে। এবার রুটি বানিয়ে ফুচকা বানাতে হবে।

পরিবেশন

ভাজা ফুচকার মধ্যে আলুর পুর ভরে দই দিয়ে চুবিয়ে তেঁতুলের সসের লেয়ার দিয়ে ওপরে চানাচুর, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

.
.

ক্রিমি সেমাই

উপকরণ : ঘন দুধ আড়াই কাপ, সেমাই ২০০ গ্রাম, চিনি সোয়া কাপ, দারুচিনি ২ পিস, কিশমিশ, কাঠবাদাম ও পেস্তা বাদাম ১ কাপ, এলাচ ২টি, ডিম ৬টি, ঘি আধা কাপ, গুঁড়া দুধ ১ কাপ, সয়াবিন তেল সিকি কাপ, ফ্রেশ ক্রিম ১ কাপ।

প্রণালি :

সেমাই হাত দিয়ে ভেঙে সয়াবিন তেলে বাদামি করে ভেজে নিতে হবে।

১ কেজি দুধ জ্বাল দিয়ে ঘন করে আড়াই কাপ মেপে নিতে হবে।

এবার দুধের মধ্যে ৬টি ডিম ফেটে ভাজা সেমাইয়ের মধ্যে দিয়ে চুলায় মাঝারি আঁচে নেড়ে নেড়ে রান্না করতে হবে সেমাই সেদ্ধ না হওয়া পর্যন্ত। প্রয়োজনে সেমাই সেদ্ধ হওয়ার জন্য আরও দুধ দিতে হবে।

সেমাই সেদ্ধ হলে চিনি দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। চিনি পানি শুকালে গুঁড়া দুধ দিতে হবে। ঘি দিতে হবে। ফ্রেশ ক্রিম আধা কাপ ঘন দুধ দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। সবশেষে একটি ছড়ানো ডিশে এক লেয়ার সেমাই ওপরে ক্রিম, কাঠবাদাম ও পেস্তা বাদামের কুচি লেয়ার দিয়ে আবার রান্না সেমাইয়ের লেয়ার দিতে হবে।

এভাবে ২-৩টি লেয়ার করে যেকোনোভাবে সাজিয়ে পরিবেশন করুন।

.
.

বারমিশালী চাট

উপকরণ: বড় বুট ১ কাপ, শসা কিউব কাট আধা কাপ, ছোট বুট ১ কাপ, টমেটো কিউব কাট আধা কাপ, সেদ্ধ আলু ১ কাপ, পিয়াজ কিউব কাট আধা কাপ, চটপটির ডাল ১ কাপ, কাঁচা মরিচ কুচি প্রয়োজনমতো, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সেদ্ধ ডিম ২টি, তেঁতুলের রস ১ কাপ, চিকন চানাচুর প্রয়োজনমতো, বিট লবণ প্রয়োজনমতো, আখের গুঁড় গ্রেট করা আধা কাপ, ধনে ভাজা গুঁড়া ১ চা-চামচ, শুকনা মরিচ ভাজা গুঁড়া ১ চা-চামচ।

প্রণালি : সব ধরনের বুট লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ করে কিউব কাট করে নিতে হবে। এবার সব ধরনের বুট ও আলু কিউব, আখের গুড়, প্রয়োজমতো তেঁতুলের সস ও ভাজা মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে। পরিবেশনের আগে বাকি সব উপকরণ মিশিয়ে চানাচুর ও ধনেপাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

.
.

ইয়ামি বারবিকিউ রোল

মুরগি গ্রিল

উপকরণ: মুরগির বুকের অংশ ১ পিস, মরিচ গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, বাদাম বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, মসলা গুঁড়া আধা চা-চামচ, সয়াসস ১ চা-চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালি: ওপরের সব উপকরণ দিয়ে মুরগি মেরিনেট করে আধা ঘণ্টা রেখে সামান্য তেলে বারবিকিউর মতো করে ভেজে নিতে হবে।

 রোলের রুটি

উপকরণ: ময়দা ৩ কাপ, দুধ ২ টেবিল চামচ, ইস্ট ১ চা-চামচ, ডিম ১টি, চিনি সিকি কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, তেল সিকি কাপ, লবণ ১ চা-চামচ।

প্রণালি: ইস্ট, লবণ, চিনি, দুধ ও বেকিং পাউডার হালকা গরম পানি দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর ডিম, তেল ও ময়দা ওই মিশ্রণ দিয়ে ভালোভাবে পরিমাণমতো পানি দিয়ে রুটি বানানোর মতো ডো বানাতে হবে। আধা ঘণ্টা গরম জায়গায় ঢেকে রাখতে হবে। এবার রুটি বানিয়ে ফ্রাইপ্যানে ঢাকনা দিয়ে সেঁকতে হবে। ঠান্ডা করতে হবে।

 মেয়োনেজ সস

উপকরণ: ডিম ১টি, চিনি ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, বিট লবণ ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, সয়াবিন তেল ১ কাপ, গুঁড়া দুধ আধা চা-চামচ, টক আচার ২ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, টেমেটো সস আধা কাপ, জেলি ১ চা-চামচ।

প্রণালি: ব্লেন্ডারের জগে ১টি ডিম, ১ চা-চামচ চিনি, আধা চা-চামচ লবণ ও ১ চা-চামচ লেবুর রস দিয়ে সামান্য ব্লেন্ড করে ১ টেবিল চামচ করে সয়াবিন তেল দিয়ে ব্লেন্ড করতে হবে। যখন সব তেল শেষ হবে, তখন দেখা যাবে আস্তে আস্তে মেয়োনেজ হয়ে যাবে। মেয়োনেজ জগ থেকে অন্য পাত্রে রেখে ওই জগে আচার ও টমেটো সস দিয়ে ব্লেন্ড করে আগে বানিয়ে রাখা মেয়োনেজের মধ্যে মেশাতে হবে এবং বাকি উপকরণগুলো ওই মেয়োনেজের মধ্যে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মেয়োনেজ।

 সাজানো

উপকরণ: শসা কুচি ১ কাপ, গাজর কুচি ১ কাপ ও ট্রেসিং পেপার প্রয়োজনমতো।

প্রণালি: গ্রিল করা মুরগি, শসা কুচি, গাজর কুচি ও মেয়োনেজ সস একসঙ্গে মিশিয়ে সরমার রুটির মধ্যে দিয়ে রোলের মতো প্যাঁচাতে হবে এবং ট্রেসিং পেপার দিয়ে মুড়িয়ে পরিবেশন করুন।