আজ নাহয় হোক ভর্তার দিন

ছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাতের সঙ্গে ভর্তার চল বাঙালির ঘরে ঘরে। শাকসবজি থেকে শুরু করে মাছ বা মাংসের ভর্তাও তাই খেতে দেখা যায় আজকাল। চেনা–পরিচিত কয়েকটি পদের সঙ্গে নতুন স্বাদের সন্ধান দেবে এই খাবারগুলো। রেসিপি দিয়েছেন শাহানা পারভীন

পোড়া বেগুনভর্তা

পোড়া বেগুনভর্তা

উপকরণ: বেগুন (মাঝারি) ২টি, লেবুর রস ১ চা-চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ২–৩টি, রসুনের কোয়া ৪টি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, শর্ষের তেল ২ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি: বেগুন ছুরি দিয়ে একটু কেটে ২ কোয়া করে রসুন ভেতরে ঢুকিয়ে দিতে হবে এবং বেগুনে তেল মেখে এপিঠ-ওপিঠ পোড়াতে হবে। পোড়া বেগুনের খোসা পরিষ্কার করে কিমা করে নিন। একটি ফ্রাইপ্যানে শর্ষের তেল দিয়ে তাতে পেয়াঁজকুচি, কাঁচা মরিচকুচি ও রসুন দিয়ে নাড়াচাড়া করে বেগুনের কিমা দিন। স্বাদমতো লবণ, ধনেপাতা ও লেবুর রস দিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রসুনভর্তা

রসুনভর্তা

উপকরণ: রসুনের কোয়া (খোসাসহ) আধা কাপ, চিংড়ি মাছ ৪–৫টি, শুকনা মরিচ ২–৩টি, পেয়াঁজকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ২–৩টি, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, শর্ষের তেল ২ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি: শুকনা তাওয়ায় রসুন টেলে নিয়ে খোসা ফেলে দিতে হবে। চিংড়ি মাছ ১ চা–চামচ, শর্ষের তেল দিয়ে ভেজে নিতে হবে। বাকি তেল দিয়ে শুকনা মরিচ ও পেয়াঁজকুচি ভেজে একটি বাটিতে নিয়ে রসুন, চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা ও লবণ দিয়ে হাতে মেখে অথবা পাটায় বেটে ভর্তা তৈরি করে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ইলিশের লেজে বরবটিভর্তা

ইলিশের লেজে বরবটিভর্তা

উপকরণ: ইলিশ মাছের লেজ ১টি, বরবটিকুচি ১ কাপ, শুকনা মরিচ ৩–৪টি, পেয়াঁজকুচি আধা কাপ, লবণ স্বাদমতো, শর্ষের তেল ৪ টেবিল চামচ, হলুদগুঁড়া ও মরিচগুঁড়া সামান্য।

প্রণালি: ইলিশের লেজে হলুদ, মরিচ ও লবণ মেখে শর্ষের তেল দিয়ে চেপে চেপে লাল করে ভেজে কাঁটা বেছে নিতে হবে। অল্প পানি দিয়ে বরবটি সেদ্ধ করে নিন। ইলিশের লেজ ভাজা তেলে মরিচ ও পেয়াঁজ ভেজে নিতে হবে। এবার ভাজা মাছ বরবটি, ভাজা মরিচ, পেয়াঁজ ও লবণ দিয়ে বেটে মাছ ভাজা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

শর্ষেবাটায় পটোলভর্তা

শর্ষেবাটায় পটোলভর্তা

উপকরণ: পটোল ৪–৫টি, শর্ষে ১ চা-চামচ, শুকনা মরিচ ২-৩টি, লবণ স্বাদমতো, রসুন ২ কোয়া, পেয়াঁজকুচি ১ টেবিল চামচ, শর্ষের তেল ১ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি: পটোল ধুয়ে (বিচি ফেলে) টুকরা করে আধা কাপ পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে সেদ্ধ করুন। পানি শুকিয়ে গেলে পটোল তুলে নিন। তেলে ভাজা মরিচ, পেঁয়াজ, রসুন ও শর্ষে একসঙ্গে বেটে লবণ দিয়ে মাখিয়ে নিন। ভাতের সঙ্গে পরিবেশন করুন।