আজ সকালে নাশতায় কী ছিল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজকাল রোদের ছোঁয়ায় চোখ-মুখ কুঁচকে ঘুম থেকে জেগে না উঠলেও সকাল কিন্তু হচ্ছেই। দিনের এই প্রথম ভাগটিই কিন্তু আমাদের পুরোটা দিন নিয়ন্ত্রণ করছে। আর সারা দিন নিজেকে চনমনে রাখতে সকালের নাশতার গুরুত্ব কতখানি, তা কি কখনো ভেবে দেখেছেন? কতটুকু খেলেই সারাটি দিন সতেজ থাকবেন?
এ বিষয়ে কথা হয় বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান আখতারুন নাহারের সঙ্গে। তিনি প্রথম আলোকে জানান, খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করেই সকালের নাশতা তৈরি করতে হবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সঠিক মাত্রায় পুষ্টিগুণ পাওয়া যাচ্ছে কি না! সকালের নাশতা থেকেই সারা দিনের মোট প্রয়োজনীয় ক্যালরির ২০ শতাংশ পূরণ করতে হবে।
কার জন্য কতটুকু?
প্রাপ্তবয়স্ক নারীদের জন্য সারা দিনে সর্বোচ্চ ১৮০০ এবং পুরুষদের জন্য সর্বোচ্চ ২৪০০ ক্যালরিই যথেষ্ট। তবে ওজনের ওপর নির্ভর করছে ক্যালরির পরিমাণ কত হবে। ওজন কম হলে আপনি ক্যালরির সর্বোচ্চ মাত্রা পর্যন্ত যেতে পারেন। প্রয়োজন সুষম খাদ্যতালিকা। আমাদের সারা দিনের মোট ক্যালরির ৫০ শতাংশ আসে শর্করা থেকে। শর্করা আমাদের কাজ করার শক্তি জোগায়। প্রোটিনের কাজ হলো শরীর গঠন, মস্তিষ্কের বিকাশ। আর সুষম পরিমাণে চর্বি অর্থাৎ তেল খেলে আমাদের ত্বক মসৃণ হয়।
কোন কোন খাবারে পাবেন সেই পুষ্টি?
পুষ্টিকর খাবারের অভাব নেই আমাদের দেশে। শুধু যদি একটু জেনে-বুঝে প্রতিদিনের নাশতার টেবিলটি সাজাই, তবেই আমরা সুস্থভাবে কাটাতে পারব সারাটি জীবন। রুটি-ডিম (তিন দিন), রুটি-ডাল (তিন দিন), রুটি-মাংস (এক দিন), এইভাবে সপ্তাহের সাতটি দিন ভাগ করে ফেলুন। আর যদি সম্ভব হয়, সঙ্গে সবজি রাখুন প্রতিদিন। রান্নায় ব্যবহৃত সামান্য তেল থেকেই পেয়ে যাবেন চর্বির পুষ্টিগুণ। মাঝে মাঝে দেশীয় ফল রাখতে পারেন সকালের নাশতায়। রাখলে ভালো, না খেলেও সমস্যা নেই খুব একটা। দিনের যেকোনো সময় কোনো একটি ফলের স্বাদ নিলেই হলো, হতে পারে তা একটুকরো লেবু! আর বিশুদ্ধ পানির তো বিকল্প নেই।
তবে অলস কিংবা বয়স্ক মানুষ, যাঁদের সারা দিন তেমন শারীরিক পরিশ্রম করতে হয় না, তাঁদেরকে তেল থেকে দূরে থাকতে হবে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান। এতে করে শরীরে অতিরিক্ত মেদ জমে দুর্বল হয়ে পড়বে শরীর।
দামি খাবারে কি রাজ্যের পুষ্টি উপাদান?
কেউ যদি এখনো এই কথা বিশ্বাস করে থাকেন, তবে ভুল করছেন। কর্নফ্লেক্স কিংবা পাউরুটি-ডিম-জেলি? বাদ দিন, কোনো দরকার নেই। সকালের নাশতায় রুটি খেতে না চাইলে ভাত খান। প্রতিদিন ডিম খেতে ইচ্ছে না করলে মাঝে মাঝে ডাল ভুনা খান। মাছ-মাংস পর্যাপ্ত পরিমাণে খেতে না পারলে ডালের পরিমাণ বাড়িয়ে দিন। তবু যেন প্রোটিনের অভাব একেবারেই না থাকে। আর মাঝে মাঝে যদি মিষ্টান্ন খেতে চান, তবে সেদিন রুটি-ভাতের পরিমাণ কমান। কারণ, মিষ্টিজাতীয় খাবারে শর্করার আধিক্য থাকে।
এত পুষ্টি দিয়ে কী হবে? যত্ত সব...!
হবে হবে, অনেক কিছু হবে। বরং কী হবে না তা-ই বলুন! আখতারুন নাহার বলেন, অপুষ্টির কারণে এক থেকে পাঁচ বছরের শিশুরা ‘কোয়াশিয়রকর’ ও ‘ম্যারাসমাস’ নামক রোগ দুটোতে অনেক বেশি ভুগে থাকে। বয়ঃসন্ধিকালে প্রোটিনের অভাবে কিশোর-কিশোরীরা লম্বায় বাড়ে না। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রোটিনের অভাব আরও স্পষ্ট। শরীরে পানি জমে যায়, কাজে মন বসে না, দুর্বলতা ও মানসিক অস্থিরতাও একই সঙ্গে জড়িয়ে পড়ে জীবনের সঙ্গে।
সময় নেই, সকালের নাশতা করব কখন!
বিশেষজ্ঞরা বলছেন, সকালে না খেয়ে বের হওয়া মানে সারাটি দিন নষ্ট করা। আর খালি পেটে থাকার অর্থ হলো গ্যাস্ট্রিককে স্বাগত জানানো। তাই সময় বের করে ভালোভাবে নাশতা করে বের হন। খুব বেশি সময়ের তাড়াহুড়ো থাকলেও অল্প কিছু খেয়ে নিন, যাতে পুষ্টির সঠিক চাহিদা মেটে। আর বাকিটুকু সঙ্গে করে নিয়ে যান। ক্লাস কিংবা অফিসের ফাঁকে একটু সময় বের করে শেষ করে ফেলুন নাশতাটুকু। আর সকালের নাশতায় এক কাপ চা থাকবে না, তাও তো হয় না। তরতাজা হয়েই বাকি দিনটুকু কাটাবেন নিশ্চিন্তে। নিজেকে ঠকিয়ে কী লাভ হবে বলুন?