রেসিপি
আসছে পিঠাপুলির দিন
শীত এলেই পিঠাপুলি বানানোর উৎসব শুরু হয় ঘরে ঘরে। খেজুরের গুড় ও দুধ দিয়ে তৈরি হয় সুস্বাদু অনেক পিঠা। রেসিপি দিয়েছেন অনলাইনভিত্তিক খাবার দোকান ‘আশালতা’র স্বত্বাধিকারী আশরাফুন নাহার
মুগ পাকন পিঠা
উপকরণ: মুগ ডাল আধা কাপ, দুধ ১ কাপ, লবণ স্বাদমতো, কমলা খাবার রং আধা চা-চামচ, চালের গুঁড়া ১ কাপ, চিনি ও তেল পরিমাণমতো।
প্রণালি: আধা কাপ মুগ ডাল প্যানে অল্প আঁচে ভেজে নিন। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে মুগ ডাল তুলে নিন। ডাল ঠান্ডা হলে পরিমাণমতো পানি দিয়ে দুই ঘণ্টার মতো ভিজিয়ে রাখুন। ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে। এরপর ভিজে ফুলে উঠলে কয়েকবার কচলে ধুয়ে নিতে হবে। ধোঁয়ার পর ডালগুলো একটি হাঁড়িতে নিয়ে নিন। আধা কাপ ডালের জন্য এক কাপ পরিমাণ পানি ও এক কাপ দুধ দিয়ে জ্বাল দিতে হবে (আপনি চাইলে শুধু দুধ অথবা পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন)। এর মধ্যে দিতে হবে সামান্য লবণ। চুলার আঁচ একদম কমিয়ে হাঁড়ি ঢেকে সেদ্ধ না হওয়া পর্যন্ত জ্বাল দিন। এরপর ডালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে সামান্য কমলা খাবার রং দিয়ে পুনরায় জ্বাল দিন। বলক এলে ১ কাপ চালের গুঁড়া দিয়ে দিন। পাঁচ মিনিটের মতো জ্বাল দিয়ে চুলা বন্ধ করে দিন। ঢেকে কিছুটা সময় রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। এবার চিনি–গুড়ের শিরা তৈরি করে নিতে হবে। এ জন্য ১ কাপ চিনি বা গুড়ের সঙ্গে এক কাপ পরিমাণ পানি নিয়ে জ্বাল দিন। ভালো স্বাদের জন্য এলাচি দিতে হবে দুটি (আপনি চাইলে এলাচির গুঁড়া ব্যবহার করতে পারেন)। পাতলা শিরা তৈরি করার জন্য ঢেকে ৫ মিনিট উঁচু আঁচে জ্বাল দিন। এ শিরা কুসুম গরম অবস্থায় ব্যবহার করতে হবে।
মুগ ডাল দিয়ে খামির তৈরি করার জন্য হাতে তেল মেখে নিন। মুগ ডালগুলো মেখে নিতে হবে। খামির তৈরি হলে ভেজা কাপড় দিয়ে তা ঢেকে রাখুন। এবার খামির থেকে অল্প অল্প করে নিয়ে গোল বলের মতো বানাতে হবে। বলগুলোর ওপরে সুন্দর নকশা করে প্যানে তেলের মধ্যে মাঝারি আঁচে ৭ থেকে ৮ মিনিট পিঠাগুলো ভেজে নিন। যতক্ষণ পিঠাগুলো ফুলে না উঠবে, ততক্ষণ ভিজিয়ে রাখতে হবে। পিঠাগুলো একেবারে নরম হয়ে গেলে পরিবেশন করুন।
দুধ-পুলি পিঠা
উপকরণ: চালের আটা ২ কাপ, পানি ৪ কাপ, তেল ৩ চা-চামচ, চিনি ৪ চা-চামচ, নারকেলকুচি ১ কাপ, এলাচিগুঁড়া ১ চা-চামচ, গুঁড়া দুধ ১০০ গ্রাম, আধা কাপ গুড় ও দুধ ২ লিটার।
প্রণালি: একটি হাঁড়িতে দুধ বা পানি গরম করে ২ চা-চামচ চিনি, ১ চা-চামচ তেল ও স্বাদমতো লবণ দিন। পানি ফুটে গেলে চালের আটা দিয়ে নাড়ুন। পানি পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। চুলা নিভিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন এরপর। ডো তৈরি হলে চুলা থেকে পাত্র নামিয়ে ঠান্ডা করুন। ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। ডো হাত দিয়ে গোল করে পুরির মতো আকৃতি বানান। অন্য পাত্রে এলাচিগুঁড়া, ২ টেবিল চামচ গুঁড়া দুধ ও নারকেল কোরা দিন। ৫ মিনিট মৃদু আঁচে রেখে দিন। গুড় দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটা আঠালো হয়ে গেলে নামিয়ে রাখুন।
এবার ছোট ছোট চ্যাপ্টা ঝিনুকের মতো করে রাখা ডোয়ের মাঝখানে নারকেলের তৈরি করা মিশ্রণ কিছুটা দিয়ে দুই মাথা বন্ধ করে মুড়ে দিতে হবে। স্টিমারে ৩০ মিনিট বা পিঠা না হওয়া পর্যন্ত স্টিম করুন। স্টিমার না থাকলে হাঁড়িতে পানি দিয়ে তার ওপর ছিদ্র করা পাতিল রেখে পিঠা সেদ্ধ করতে দিন। সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে রেখে বাতাসে ছড়িয়ে দিন। অন্য পাত্রে দুধ ও খেজুরের গুড় জ্বাল দিতে হবে। ঘন হয়ে এলে সেদ্ধ করা পুলি পিঠা দুধের মধ্যে একটা একটা করে ছেড়ে দিন। বেশিক্ষণ জ্বাল দেওয়ার প্রয়োজন নেই। একটু ফুটে উঠলেই নামিয়ে রাখুন। কিশমিশ ও পেস্তাবাদামকুচি ছড়িয়ে পরিবেশন করুন।
ভাপা পিঠা
উপকরণ: চালের গুঁড়া ২ কাপ, নারকেল কুরানো ১ কাপ, খেজুরের পাটালি গুড় ৫০০ গ্রাম, লবণ ও পানি প্রয়োজনমতো।
প্রণালি: প্রথমেই একটি বাটিতে চালের গুঁড়া লবণ ও পানি দিয়ে শুকনা শুকনা করে মেখে নিন। একটি তারের অথবা বাঁশের চালুনি দিয়ে চেলে নিতে হবে। মাখানো গুঁড়া সুজির মতো হবে। তারপর ছোট ছোট বাটি বা মাটির ঢাকনায় কিছুটা মাখানো সুজির মতো গুঁড়া দিয়ে দিন। তার ওপর নারকেল কোরা ও কেটে রাখা গুড় ছড়িয়ে দিন। তার ওপর আবার চালের গুঁড়ার সুজি দিয়ে সমান করে দিতে হবে।
এবার তৃতীয় ধাপ, ভাপা পিঠা বানানোর ছিদ্রযুক্ত পাতিলে অথবা স্টিমারে পানি ফুটে উঠলে পাতলা কাপড়ে মুড়ে পাতিলের ওপর বসিয়ে দিতে হবে। ৫ থেকে ৭ মিনিট ঢেকে সেদ্ধ করার পর ঢাকনা খুলে তুলে দিন। পরিবেশন করুন ধোঁয়া ওঠা ভাপা পিঠা।