আসছে মটরশুঁটির দিন

ছবি: আর খলিল, পেকজেলসডটকম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত মানেই সবুজ তাজা সবজি। শীত মানেই বিভিন্ন উপায়ে সবজি খাওয়ার মজা। শীতকালের দারুণ সবজি মটরশুঁটি। মাছের ঝোলে, তরকারিতে বা সেদ্ধ করে খাওয়া হবে মটরশুঁটি। খাবারে বাড়তি স্বাদ আনার জুড়ি নেই এর। তাই শুধু তরকারিতে বা সেদ্ধ করেই নয়, খাওয়া হবে আরও অন্যভাবে।

কেন খাবেন মটরশুঁটি?

কারণ, এতে আছে জিঙ্ক, কার্বোহাইড্রেট, ভিটামিন বি-কমপ্লেক্স, ফ্যাট, প্রোটিন, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ভিটামিন সি, ক্যালসিয়াম, বিটাক্যারোটিন, ভিটামিন এ, ফলিক অ্যাসিড, ফসফরাস  ও ভিটামিন কে। আমিষের দারুণ উৎস এটি। নিরামিষভোজীরা মাছ বা মাংসের বদলে প্রতিদিন মটরশুঁটি খেতে পারেন।  

স্বাদ বদলের মটরশুঁটির রেসিপি দিয়েছেন শাহানা পারভীন।

মটরশুঁটির পাস্তা কাটলেট

উপকরণ: সেদ্ধ মটরশুঁটি আধা কাপ, সেদ্ধ করা পাস্তা ২০০ গ্রাম, ক্যাপসিকামকুচি ২ টেবিল চামচ, ফেটানো ডিম ১টি, বিস্কুটের গুঁড়া পরিমাণমতো, তেল ভাজার জন্য।
হোয়াইট সস তৈরি: ১০০ গ্রাম মাখন, ১০০ গ্রাম ময়দা, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো। সব উপকরণ চুলায় দিয়ে নেড়েচেড়ে সস তৈরি করতে হবে।

মটরশুঁটির পাস্তা কাটলেট
ছবি: খালেদ সরকার

প্রণালি

হোয়াইট সস চুলায় থাকতে তাতে পাস্তা, মটরশুঁটি ও ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। চারকোনা বাটিতে ফয়েল পেপার রেখে মিশ্রণটি ঢেলে দিতে হবে। একটু ঠান্ডা হলে এক থেকে দুই ঘণ্টা ফ্রিজে রেখে কাটলেট আকার করে নিতে হবে। ফেটানো ডিমে ডুবিয়ে ও বিস্কুটের গুঁড়া মেখে অল্প তেলে এপিঠ-ওপিঠ বাদামি করে ভেজে পরিবেশন করতে হবে।

মটরশুঁটি ক্রোকে

উপকরণ

সেদ্ধ মটরশুঁটি ১ কাপ, সেদ্ধ আলু (ম্যাশড) ১ কাপ, গাজরকুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি করে কুচি ১ টেবিল চামচ, মুরগির কিমা পেস্ট ২ টেবিল চামচ, কাঁচা মরিচ মিহি করে কুচি ২টি, আদাবাটা ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, ফেটানো ডিম ১টি, বেকিং পাউডার ১ চা-চামচ, বিস্কুটের গুঁড়া প্রয়োজনমতো, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।

মটরশুঁটি ক্রোকে
ছবি: খালেদ সরকার

প্রণালি

ডিম, বিস্কুটের গুঁড়া ও তেল ছাড়া বাকি সব উপকরণ ভালো করে চটকে নিতে হবে। একটু লম্বা আকার করে ফেটানো ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়া মাখিয়ে ডুবো তেলে দিতে হবে। সস দিয়ে পরিবেশন করতে হবে।

মটরশুঁটির পিৎজা

উপকরণ

ডো তৈরি

ময়দা ২ কাপ, ইস্ট দেড় চা-চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ ১ চিমটি, চিনি ১ চা-চামচ, পনিরকুচি আধা কাপ।

টপিং তৈরি

সেদ্ধ মটরশুঁটি ২ টেবিল চামচ, সেদ্ধ মুরগির কিমা আধা কাপ, টমেটো সস ১ কাপ, মরিচগুঁড়া আধা চা-চামচ, ওরিগেনো আধা চা-চামচ, ক্যাপসিকাম ৩-৪ টুকরা, ধনেপাতাকুচি ১ চা-চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো। ওপরের সব উপকরণ চুলায় দিয়ে নেড়েচেড়ে পুর তৈরি করতে হবে।

মটরশুঁটির পিৎজা
ছবি: খালেদ সরকার

প্রণালি

আধা কাপ মৃদু গরম পানিতে ইস্ট ভিজিয়ে রাখতে হবে। ১০ মিনিট পরে ডো তৈরির সব উপকরণ দিয়ে ময়দা মেখে গরম জায়গায় ঢেকে রাখতে হবে ১ ঘণ্টার মতো। ডো ফুলে উঠলে ১ টেবিল চামচ পনিরকুচি মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার খামির দুই ভাগ করে মোটা রুটি বেলে নিতে হবে। পিৎজা তৈরি রুটির ওপর টমেটো সস, মটরশুঁটির পুর, বাকি পনিরকুচি, ক্যাপসিকাম ও সামান্য তেল বা বাটার ছড়িয়ে প্রি–হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২৫-৩০ মিনিট বেক করতে হবে।