ইফতার শুরুর শরবত
>সারা দিন রোজার রাখার পর ইফতারে প্রথমেই শরবত বা পানি পান করা হয়। সারা দিনের তৃষ্ণা বা ক্লান্তি মেটাতে পুষ্টিকর শরবত বেশ কার্যকর। বাড়তি স্বাদের জন্য বাড়িতে আছে এমন অনেক উপকরণও দিতে পারেন। রেসিপি দিয়েছেন শাহানা পারভীন।

খেজুর-পেস্তার শরবত
উপকরণ: খেজুর ৭-৮টি, ঘন দুধ দুই কাপ, সিরাপ বা চিনি আধা কাপ, পেস্তাকুচি ১ টেবিল চামচ (সাজানোর জন্য), আইসক্রিম ২ টেবিল চামচ (পরিবেশনের জন্য) ও ঠান্ডা পানি ২ কাপ।
প্রণালি: খেজুরের বিচি ফেলে ধুয়ে কুচি করে নিন। দুধ জ্বাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিন। পেস্তা গরম পানিতে ভিজিয়ে খোসা ফেলে কুচি করে নিন। এবার খেজুর, দুধ, পানি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার চাইলে ওপরে আইসক্রিম ও পেস্তা ওপরে সাজিয়ে পরিবেশন করুন। বাড়িতে পেস্তা না থাকলে অন্য বাদামও দিয়ে নিতে পারেন।

মাল্টার রস
উপকরণ: মাল্টা ৪টি, সিরাপ বা চিনি ৪ টেবিল চামচ, বিট লবণ সামান্য ও পানি ২ গ্লাস।
প্রণালি: মাল্টা ধুয়ে খোসা ও বিচি ফেলে টুকরা করে নিন। ১ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন। মাল্টার রসে পানি, সিরাপ বা চিনি ও বিট লবণ দিয়ে মিশিয়ে পরিবেশন করুন।

শসা ও লেবুর জুস
উপকরণ: শসাকুচি ১ কাপ, লেবু ২ টেবিল চামচ, চিনি বা সিরাপ ২ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, লবণ সামান্য ও ঠান্ডা পানি ২ গ্লাস।
প্রণালি: ব্লেন্ডারের জগে ১ কাপ পানি দিয়ে শসাকুচি ব্লেন্ড করে ছেঁকে নিন। এবার এর সঙ্গে লেবুর রস, ঠান্ডা পানি, চিনি, মধু ও লবণ মিশিয়ে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

পাকা আমের লাচ্ছি
উপকরণ: টুকরা করা পাকা আম ১ কাপ, মিষ্টি দই ২ কাপ, চিনি বা সিরাপ ৪ টেবিল চামচ, এলাচিগুঁড়া সামান্য, বাদামকুচি ১ টেবিল চামচ, ঠান্ডা পানি ২ গ্লাস ও বরফ প্রয়োজনমতো।
প্রণালি: ১ কাপ পানি দিয়ে আম ব্লেন্ড করে নিন। এবার দই, চিনি ও এলাচিগুঁড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। গ্লাসে পরিবেশনের সময় বাদামকুচি ও বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

কলা-দুধের স্মুদি
উপকরণ: পাকা কলা ১ হালি, ঠান্ডা দুধ ১ গ্লাস, ঠান্ডা পানি ১ কাপ, চিনি বা সিরাপ ৪ টেবিল চামচ ও দই ৪ টেবিল চামচ।
প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে পরিবেশন করুন।

তরমুজের ঠান্ডাই
উপকরণ: তরমুজ অর্ধেকটা, চিনি ৪ টেবিল চামচ, লেবুর রস আধা কাপ ও পুদিনা পাতা ৪-৫টি।
প্রণালি: তরমুজ কেটে বিচি ফেলে কুচি করে চিনি দিয়ে ২ থেকে ৩ ঘণ্টা ঢেকে ফ্রিজে রাখুন। লেবুর রস ও পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন

মুরগির হালিম
উপকরণ: হালিম মিক্স ১ প্যাকেট, মুরগি ৩০০ গ্রাম, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, হলুদগুঁড়া সিকি চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, আস্ত গরমমসলা পরিমাণমতো, পেঁয়াজকুচি ১ কাপ, গরমমসলা ২ চা-চামচ, চিনি সিকি চা-চামচ, লবণ স্বাদমতো ও তেল পরিমাণমতো।
সাজানোর জন্য: কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ, আদাকুচি ১ টেবিল চামচ, বেরেস্তাকুচি ২ টেবিল চামচ, ভাজা জিরাগুঁড়া ১ টেবিল চামচ ও লেবু ১টি।
প্রণালি: মুরগি পরিষ্কার করে পেঁয়াজকুচি, হলুদ–মরিচগুঁড়া, লবণ, আদাবাটা, রসুন টা, ধনেগুঁড়া, জিরাগুঁড়া, আস্ত গরমমসলা ও তেল দিয়ে মেখে ভালো করে কষিয়ে রান্না করে নিন। প্যাকেটের নিয়মে হালিম মিক্স রান্না করে নিয়ে নামানোর আগে গরমমসলা ও চিনি দিন। লেবুর রস, কাঁচা মরিচকুচি, আদাকুচি, বেরেস্তাকুচি ও ভাজা জিরাগুঁড়া হালিমের ওপর ছড়িয়ে দিয়ে গরম–গরম পরিবেশন করুন।
রেসিপি দিয়েছেন : আফরোজা নাজনীন