ইলিশ পাতে...

দই ইলিশ
উপকরণ
ইলিশ মাছ ৬ থেকে ৭ টুকরা (বড়) টক দই আধা কাপ, সরিষাবাটা দেড় টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, আস্ত কাঁচা মরিচ ৫/৬টি, কালিজিরা সামান্য পরিমাণ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ ও লবণ পরিমাণমতো।
প্রণালি
মাছে হলুদ ও লবণ মাখিয়ে রাখতে হবে। কড়াইয়ে তেল দিয়ে কালিজিরা ফোঁড় দিন। হয়ে এলে দিন পেঁয়াজবাটা। পেঁয়াজবাটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর সরিষাবাটা পানিতে গুলে ঢেলে দিতে হবে। মাছগুলো ছেড়ে দিতে হবে। টক দই একটু ময়দা দিয়ে ফেটিয়ে রাখতে হবে। এবার টক দই দিতে হবে। কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। তেল ভেসে উঠলে এবং মাছ সেদ্ধ হলে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

ইলিশ মাছ ভর্তা
উপকরণ: ইলিশ মাছ ৪ টুকরা, পেঁয়াজ কুচি-২ টেবিল চামচ, ধনেপাতা (মিহি কুচি) ০১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, শুকনা মরিচ ৩টি ও লবণ পরিমাণমতো।
প্রণালি: মাছ পরিষ্কার করে ধুয়ে, লবণ, হলুদ মাখিয়ে ভেজে নিন। ভাজা মাছগুলো থেকে কাঁটা বেছে রাখুন। শুকনো মরিচ তেলে ভেজে নিন। এবার মাছ ভাজা ও শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতার কুচি সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে ইলিশভর্তা।
প্রয়োজন হলে পরিমাণমতো লবণ দিতে পারেন।

টগবগে ইলিশ
উপকরণ: ইলিশ মাছ ৬ টুকরা (বড়), কাঁচা মরিচ ৩/৪টি, ভিনেগার ৫ টেবিল চামচ, টমেটো কেচাপ ১ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, সয়া সস ১ চা-চামচ, সাদা গোল মরিচের গুঁড়া ১ চা-চামচ, কালো গোল মরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো ও কাঁচা মরিচবাটা ১ চা-চামচ।
প্রণালি: ইলিশ মাছ সারা রাত ভিনেগার, লবণ, কাঁচা মরিচবাটা দিয়ে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন ভিনেগার থেকে তুলে সস, সয়া সস, গোল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ৩০ মিনিট মেরিনেট করতে হবে। তারপর ওই মসলার পানিতে টমেটো কেচাপ দিয়ে বেকিং ডিসে মাছগুলো দিয়ে তার ওপর মসলার পানি ঢেলে দিয়ে কাঁচা মরিচ দিন। গ্রিল করুন ১০ থেকে ১৫ মিনিট। মাঝখানে মাছটি উল্টে দিন। সিজলার প্লেট চুলায় গরম করতে দিন। গরম হলে লেটুস-পাতা সাজিয়ে মাছ ঢেলে দিন। এবার টগবগে বা সিজলিং ইলিশ পছন্দমতো সেদ্ধ সবজির সঙ্গে পরিবেশন করুন।

আনারস দিয়ে ইলিশ
উপকরণ: ইলিশ মাছ ৬ থেকে ৭ টুকরা, কিউব করে কাটা আনারস ১ কাপ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, হলুদ সামান্য পরিমাণ, ঘি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৬ থেকে ৭টি, চিনি ও লবণ পরিমাণমতো।
প্রণালি: মাছে লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন। কড়াইয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজবাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। আদাবাটা, রসুনবাটা দিয়ে ভালো করে কষান। সামান্য হলুদের গুঁড়া দিতে হবে ও লবণ দিতে হবে। মসলা কষানো হলে পানি দিতে হবে। পানি ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিন। আনারসের টুকরাগুলো চিনি ও ঘিয়ে ভেজে নিন। ঘিতে ভেজে রাখা আনারসের টুকরাগুলো দিন। কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে ফেলতে হবে।

ইলিশ বিরিয়ানি
উপকরণ: ইলিশ মাছ (বড় টুকরা) ৮/১০ টুকরা, বাসমতি চাল ১ কেজি, পেঁয়াজ কুচি ৩ কাপ, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, টমেটো ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ১৫টি, চিনি সামান্য, কিশমিশ ৩ টেবিল চামচ, আলু বোখারা ৮/১০টি, জাফরান/কেশর সামান্য, বিরানি মসলার গুঁড়া ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, শাহি জিরা (আস্ত) ১ চা-চামচ, মাওয়া আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, ঘি ১ কাপ, টমেটো সস ২ চা-চামচ, তেল (সয়াবিন) ১ কাপ, পুদিনাপাতা ভাজা সামান্য পরিমাণ ও কাজু বাদাম পরিমাণমতো।
প্রণালি: প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, বেরেস্তা করে নিতে হবে। তার মধ্যে একে একে সবগুলো বাটা মসলা এবং গুঁড়া মসলা দিয়ে কষাতে হবে। টক দই, অল্প চিনি ও লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে। দই ও টমেটো সস দিন। কিছুক্ষণ কষানো হলে গুঁড়া দুধ দিন। মাছে লবণ মাখিয়ে রাখতে হবে। কষানো থেকে তেল ছাড়লে, মাছ দিয়ে ২/৩ মিনিট রেখে নামিয়ে ফেলতে হবে। কয়েকটা কাঁচা মরিচ ও সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দিন।
চাল প্রস্তুত প্রণালি: চালগুলো ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। একটি হাঁড়িতে চালের থেকে ৪ গুণ পানি ফুটিয়ে, ভেজানো চালগুলো ও লবণ দিতে হবে। সঙ্গে শাহি জিরা, এলাচি ও দারুচিনি দিতে হবে। চাল ৭৫ শতাংশ হয়ে গেলে, ছেঁকে নিতে হবে। যে পাত্রে বিরিয়ানি বসানো হবে, সে পাত্রে অর্ধেক ভাত (৭৫ শতাংশ) এবং তার ওপরে রান্না করা মাছ দিয়ে এর ওপর আবার ভাত দিয়ে তার ওপরে কিশমিশ, আলু বোখারা, মাওয়া, ঘি দুধে ভেজানো জাফরান দিয়ে চারদিকে ভালো করে আটা দিয়ে আটকে ১০/১৫ মিনিট দমে রাখতে হবে। চুলার ওপর তাওয়া বসিয়ে পাতিল বসাতে হবে।
প্রথম ১০ মিনিট মাঝারি জ্বালে তারপর অল্প আঁচে আরও ৫ থেকে ১০ মিনিট রেখে নামিয়ে ফেলুন। পরিবেশনের সময় পেঁয়াজ বেরেস্তা, পুদিনাপাতা, কুচি ও ভাজা কাজু বাদাম দিয়ে পরিবেশন করতে হবে।

আস্ত ইলিশের কাবাব
উপকরণ
ইলিশ মাছ ১টি (৪০০-৫০০ গ্রাম), সাদা সরিষা বাটা ৫০ গ্রাম, লেবুর রস আধা কাপ, এলপি সস ১ টেবিল চামচ, সরিষার তেল ১ কাপ, লবণ পরিমাণমতো, সরিষা পরিমাণমতো, কাঁচা মরিচ ৩ থেকে ৪টি, হলুদ সামান্য।
প্রণালি
সরিষার সঙ্গে লবণ, হলুদবাটা, মরিচ দিয়ে ভালোভাবে বেটে নিন। ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ফুলকার দিক দিয়ে মাছের পেট বের করে পরিষ্কার করে নিতে হবে। মাছে লেবুর রস লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর সরিষা বাটা, সরিষার তেল, এলপি সস দিয়ে মাখিয়ে ৩০/৪০ মিনিট মেরিনেট করুন। ওভেনে ২৮০ ডিগ্রিতে ২০/২৫ মিনি বেক করতে হবে। মাঝেমধ্যে উল্টিয়ে দেখতে হবে।