ইলিশের শুরু থেকে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

মাথা দিয়ে শুরু, লেজ দিয়ে শেষ। মজা এখানেই। সবকিছুই খাওয়া যায়। ইলিশ হলে তো কথাই নেই। কাঁটাও বাদ যায় না। রেসিপি দিয়েছেন কল্পনা রহমান

সরষে ভুনায় ইলিশ

উপকরণ: ইলিশের মাথা ২টি, লেজ ২টি, সরিষা বাটা আধা কাপ, চাল কুমড়া বাটা অথবা লাউয়ের বিচিসহবুক দুই কাপ, কাঁচা মরিচ ৭/৮টা, সয়াবিন তেল আধা কাপ, তেজপাতা ২টি, আস্ত জিরা আধা চা-চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালি: বিচিসহ লাউয়ের বুকঅথবা কুমড়ার বুকসেদ্ধ করে বেটে অথবা ব্লেন্ড করে নিতে হবে। ইলিশ মাছের মাথা ও লেজ ছোট টুকরা করে ধুয়ে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে রাখুন। প্যানে তেল যখন গরম হয়ে আসবে, তখন জিরা ও তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ যখন চকচকে হবে তখন মাছের মাথা দিয়ে নেড়ে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষাতে হবে। ১ কাপ পানি দিয়ে ভালোভাবে কষানো হলে চালকুমড়া ও সরিষা বাটা দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন গোল হয়ে আসবে, তখন ২/৩ টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবার নাড়ুন। গোল হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

বি.দ্র. চাল কুমড়া/লাউয়ের বুক রান্নার সময় ফেলে না দিয়ে সেদ্ধ করে ডিপ ফ্রিজে একটু একটু করে জমিয়ে রেখে খেতে পারেন। 

প্রেশারকুকারে ইলিশের লেজ, মাথা

উপকরণ: ইলিশের মাথা ৩টা, ইলিশের লেজ ৩টা, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ১০টা, হলুদ গুঁড়া ১ চা-চামচ, সয়াবিন তেল আধা কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালি: মাথাগুলো লম্বালম্বি দুই ভাগ করে কেটে ভালো করে ধুয়ে নিন। এবার সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে আড়াই কাপ পানি দিয়ে প্রেশারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে ১০টি হুইসেল দিতে হবে। ১০ মিনিট পর কুকার খুলে যদি দেখা যায় বেশি ঝোল আছে, তাহলে ঝোল টানিয়ে নিতে হবে। এবার পরিবেশন। প্রেশারকুকারে রান্না করাতে কাঁটা নরম হয়ে যাবে।

কুমড়া পাতায় নোনা ইলিশ

উপকরণ: নোনা ইলিশ ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ১০/১২টা, সরিষার তেল আধা কাপ, রসুন কুচি ২ টেবিল চামচ, কুমড়া পাতা প্রয়োজনমতো, নারকেল বাটা আধা কাপ, সরিষা বাটা সিকি কাপ, তিল বাটা সিকি কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: নোনা ইলিশ ছোট টুকরা করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যেন লবণ না থাকে ধোয়ার পর। পাত্রে তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি একটু ভেজে সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে আধাকাপ পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে। এবার ইলিশের টুকরাগুলো দিয়ে ভুনা ভুনা করে নামিয়ে নিন। এবার কুমড়া পাতা বিছিয়ে তার মধ্যে ২ টেবিল চামচ করে ভুনা লোনা ইলিশ দিয়ে পরোটার মতো করে নিতে হবে। এভাবে ৭/৮ টুকরা নোনা ইলিশ দিয়ে পাতা ভাঁজ করে নিতে হবে। এবার একটি ফ্রাইপ্যানে সামান্য তেল ছড়িয়ে ২টি করে কুমড়া পাতা বিছিয়ে তার ওপর ভাঁজ করা ইলিশের বড়াগুলো সাজিয়ে তার ওপর কয়েকটি কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে ঢেকে দিন। পাতাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তখন নোনা বড়াগুলো পোড়া করে বা বাদামি রং হলে নামিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন।

ইলিশের খাট্টা মিঠা

উপকরণ: ইলিশের মাথা ২টা, ইলিশের লেজ ২টা, পাঁচফোড়ন আধা চামচ, শুকনা মরিচ ৩টি, তেঁতুলের মাড় আধা কাপ, আখের গুড় গ্রেট করা আধা কাপ, সয়াবিন তেল আধা কাপ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: ইলিশের মাথা পছন্দমতো টুকরা করে ভালোভাবে ধুয়ে রাখতে হবে। ২. প্যানে অর্ধেক তেল দিয়ে পাঁচফোড়ন ও শুকনা মরিচ বাদে বাকি সব মসলা দিয়ে ও আধা কাপ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে মাথার টুকরাগুলো দিয়ে আবার কষাতে হবে। ৩. এবার মাছের সমান ঝোল দিতে হবে। গুড় ও তেঁতুলের মাড় দিয়ে ঢেকে দিতে হবে। যখন গামাখা ঝোল থাকবে তখন পাঁচফোড়ন ও শুকনা মরিচের সম্বরা দিয়ে পরিবেশন।

ডালে ইলিশের মাথা–লেজ

উপকরণ: মুগ ডাল ১ কাপ, ইলিশের মাথা ও লেজ ২ পিস, হলুদগুঁড়া আধা চামচ, কাঁচা মরিচ ৬-৭টা, লবণ পরিমাণমতো, পেঁয়াজকুচি আধা কাপ, রসুনকুচি ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, সয়াবিন তেল আধা কাপ, লেবুর পাতা ৬-৭টা।

প্রণালি: মুগ ডাল হালকাভাবে ভেজে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ ও রসুনের বাগার দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা ১ কাপ পানি দিয়ে কষাতে হবে। মসলা কষানো হলে ইলিশের মাথা দিয়ে কষিয়ে একটু পর ডাল দিয়ে আবার ২-৩ মিনিট কষিয়ে আড়াই কাপ গরম পানি দিতে হবে। ঢেকে রান্না করতে হবে। ডাল সেদ্ধ হলে লেবুপাতা ২ টুকরা করে মাছে দিতে হবে। ২-১ মিনিট চুলায় রেখে নামাতে হবে। এবার টাটকা টাটকা পরিবেশন করুন।