ঈদের খাওয়াদাওয়া
উৎসবে খাবারের আয়োজন থাকে বড় একটা অংশজুড়ে। নানা পদের খাবার, নতুনত্ব আনার চেষ্টা। ঈদের দিনে বিশেষ বিশেষ পদই সবাই চায় খাবারের টেবিলে।
রেসিপি দিয়েছেন সিতারা ফেরদৌস

শাহি পোলাও
উপকরণ: পোলাওয়ের চাল ৪ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ২ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, আমন্ড-বাদামবাটা ১ টেবিল চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, মাওয়া ৪ টেবিল চামচ, টকদই আধা কাপ, দারুচিনি ৪ টুকরা, এলাচি ৪টি, লবঙ্গ ৬টি, স্টারএনাইচ ২টি, তেজপাতা ২টি, কেওড়া ২ টেবিল চামচ, জাফরান আধা চা-চামচ, ঘি ১ কাপ, দুধ ১ কাপ, আখরোট ২ টেবিল চামচ, আমন্ড ২ টেবিল চামচ, পেস্তা ১ টেবিল চামচ, কাজু ৩ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, চিনি ২ চা-চামচ, লবণ পরিমাণমতো ও কাঁচা মরিচ ৫-৬টি।
প্রণালি: চাল ধুয়ে ২০-২৫ মিনিট পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে আরও ২০-২৫ মিনিট রাখতে হবে। হাঁড়িতে ঘি গরম করে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রেখে আদা-পেঁয়াজবাটা, গরমমসলা ও চাল দিয়ে কিছুক্ষণ ভেজে গরম পানি, দই, লবণ দিয়ে ঢেকে দিতে হবে। মটরশুঁটি অল্প তেলে ভেজে পোলাওয়ে দিতে হবে। দুধের সঙ্গে পোস্তবাটা, বাদামবাটা, চিনি মিলিয়ে দিতে হবে। জাফরান কেওড়ার পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে। সব বাদাম, কিশমিশ অল্প ঘিয়ে ভেজে অর্ধেক পোলাওয়ে দিতে হবে। কিছু বেরেস্তা, কাঁচা মরিচ, মাওয়া দিয়ে পোলাও ২০-২৫ মিনিট দমে রাখতে হবে। পরিবেশনের সময় বাকি বেরেস্তা, কিশমিশ, বাদাম ছিটিয়ে দিতে হবে।

সবজি কাবাব
উপকরণ: আলু মাঝারি আকারের ৪টি, কাঁচকলা ২টি, মটরশুঁটি আধা কাপ, গাজরকুচি আধা কাপ, ফুলকপিকুচি আধা কাপ, বরবটিকুচি ৩ টেবিল চামচ (পছন্দমতো সবজি দেওয়া যায়) পনিরকুচি ১ কাপ, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, আদাকুচি ২ চা-চামচ, কাঁচা মরিচকুচি ২ চা-চামচ, পুদিনাপাতাকুচি ২ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া ১ টেবিল চামচ, কাবাব মসলা আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, মাখন ২ টেবিল চামচ, ব্রেডক্রাম্ব ২ কাপ, ডিম ২টি, ময়দা ৪ টেবিল চামচ ও তেল ভাজার জন্য।
প্রণালি: ডিম ফেটিয়ে ময়দা ও সামান্য পানি দিয়ে ব্যাটার করে রাখতে হবে। আলু ও কলার খোসা ছিলে সেদ্ধ করে গরম অবস্থায় চটকে নিতে হবে। বাকি সবজি আধা সেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। ফ্রাইপ্যানে মাখন গরম করে আদা, পেঁয়াজ, কাঁচা মরিচ এবং সব সবজি ৫-৬ মিনিট ভেজে ঠান্ডা হলে পনির, পুদিনা, গোলমরিচ, কাবাব মসলা দিয়ে ভালো করে মাখিয়ে পছন্দমতো সেপের কাবাব বানিয়ে ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে গরম ডুবো তেলে ভাজতে হবে।

বারবিকিউ রোস্টেড চিকেন
উপকরণ-১: মাঝারি আকারের মুরগি ২টি, আদার রস ২ টেবিল চামচ, রসুনের রস ১ টেবিল চামচ, সয়া সস ২ টেবিল চামচ, বারবিকিউ সস ১ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, মরিচভাজা গুঁড়া করা ২ চা-চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, তেল দেড় কাপ ও ময়দা আধা কাপ।
প্রণালি: মুরগি ৪ টুকরা করে ছুরি দিয়ে মুরগির গায়ে দাগ কেটে তেল, ঘি, ময়দা ছাড়া সব উপকরণ দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। তেল গরম করে মুরগি ময়দায় গড়িয়ে ভেজে নিতে হবে।
উপকরণ-২: গ্রেটেড পেঁয়াজ ৪ টেবিল চামচ, রসুনের কিমা ১ টেবিল চামচ, শুকনা মরিচভাজা গুঁড়া করা ২ চা-চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, মাখন ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টমেটো সস ৪ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, বারবিকিউ সস ২ টেবিল চামচ ও ভিনেগার ২ টেবিল চামচ।
প্রণালি: মাখন গরম করে রসুন ও পেঁয়াজ বাদামি রং করে ভাজুন। পর্যায়ক্রমে মুরগির মাংসে সব উপকরণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার বেকিং ডিশে মাংস রেখে প্রি-হিটেড ওভেনে ২০০ ডিগ্রিতে ২০-২৫ মিনিট বেক করে নিন। মাংসের ওপর ক্রিম দিয়ে ৫ মিনিট ওভেনে রেখে পরিবেশন করুন।

গরুর টিক্কা
উপকরণ: গরুর চাকা মাংস ২ কেজি, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, বাদামবাটা ১ টেবিল চামচ, শুকনা মরিচগুঁড়া ১ চা-চামচ, শুকনা মরিচভাজা গুঁড়া করা ১ চা-চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, জায়ফল-জয়ত্রীগুঁড়া আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া ২ চা-চামচ, তন্দুরি মসলা ১ চা-চামচ, টকদই আধা কাপ, টমেটো সস ৪ টেবিল চামচ, ভিনেগার ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ২ চা-চামচ, কেওড়া ১ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ, ঘি আধা কাপ, পেঁয়াজকুচি ১ কাপ।
প্রণালি: মাংসের চাকা চর্বি, পর্দা, হাড় বাদ দিয়ে ভিনেগার দিয়ে মাংস মাখিয়ে কাঁটা–চামচ দিয়ে ভালোভাবে কেচে নিতে হবে। সব বাটা মসলা, গুঁড়া মসলা, অর্ধেক গরমমসলা ও তন্দুরি মসলা, তেল, দই লবণ, চিনি দিয়ে মাখিয়ে ৫-৬ ঘণ্টা রাখতে হবে এবং মাঝে মাঝে মাংসের গায়ে মসলা মাখাতে হবে। পরিমাণমতো গরম পানি দিয়ে মাঝারি জ্বালে মাংস রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে মাখা মাখা হলে নামাতে হবে। ঘি গরম করে পেঁয়াজ বাদামি রং করে ভেজে মাংস দিয়ে ভুনা করতে হবে। টমেটো সস বাকি গরমমসলার গুঁড়া ও তন্দুরি মসলার গুঁড়া দিয়ে ঘি ওপরে উঠে এলে নামাতে হবে।

খাসির রগন জোস
উপকরণ: খাসির মাংস ২ কেজি, টকদই ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ চা-চামচ, জিরাবাটা, ১ চা-চামচ, আমন্ড বাদামবাটা ১ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ, ঘি ৪ টেবিল চামচ, দারুচিনি ৪ টুকরা, বড় এলাচি ২টি, ছোট এলাচি ৪টি, লবঙ্গ ৬টি, জয়ত্রীগুঁড়া আধা চা-চামচ, চিনি ২ চা-চামচ, লবণ পরিমাণমতো, মৌরিগুঁড়া ১ টেবিল চামচ, কাশ্মীরি মরিচগুঁড়া ২ চা-চামচ, সাদা গোলমরিচগুঁড়া ১ চা-চামচ ও গরমমসলার গুঁড়া ১ চা-চামচ।
প্রণালি: মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তেল, ঘি গরম করে গরমমসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ ঘিয়ে রং হলে মাংস দিয়ে ৫-৭ মিনিট ভাজতে হবে। পরে লবণ, গোলমরিচ, সব বাটা মসলা দিয়ে ১২-১৫ মিনিট কষিয়ে গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। ঝোল কমে এলে দই ও চিনি দিতে হবে। সব গুঁড়া মসলা পানিতে গুলিয়ে দিতে হবে। ঝোল কমে এলে নামাতে হবে।

বনেদি বোরহানি
উপকরণ: টকদই ৩ কেজি, ফ্রেশ ক্রিম ১ কাপ, পেস্তা ও আমন্ডবাটা ১ টেবিল চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, সরিষাগুঁড়া ১ টেবিল চামচ, বিট লবণ ২ চা-চামচ, সাদা গোলমরিচগুঁড়া ২ চা-চামচ, জিরা টালাগুঁড়া ২ চা-চামচ, ধনে টালাগুঁড়া ২ চা-চামচ, সরিষাগুঁড়া ২ টেবিল চামচ, পুদিনাপাতাবাটা ২ টেবিল চামচ, (লবণ, চিনি, তেঁতুলের মাড় বোরহানির স্বাদ বুঝে আন্দাজমতো দিতে হবে), পানি দইয়ের ঘনত্ব বুঝে আন্দাজমতো। বোরহানি বেশি পাতলা হবে না।
প্রণালি: দুই কাপ পানির সঙ্গে সব মসলা মিশিয়ে ছেঁকে নিতে হবে। এবার দইয়ের সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে পরিবেশন করতে হবে।

রুপচাঁদা ভাজা
উপকরণ: রুপচাঁদা মাছ বড় আকারের ৮টি, লেবুর রস ৪ টেবিল চামচ, ভিনেগার ৪ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, মরিচগুঁড়া ২ চা-চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, ফিশ সস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ময়দা আধা কাপ।
প্রণালি: মাছ পরিষ্কার করে মাছের গায়ে ছুরি দিয়ে দাগ কেটে লেবুর রস, ময়দা ছাড়া সব উপকরণ দিয়ে মাখিয়ে ১-২ ঘণ্টা রেখে মসলা থেকে মাছ উঠিয়ে মাছের গায়ে ময়দা লাগিয়ে গরম ডুবো তেলে ভেজে ওঠাতে হবে। বড় ফ্রাইপ্যানে ৪ টেবিল চামচ তেল গরম করে মাছ মাখানো মসলা ও আধা কাপ টমেটো সস দিয়ে কিছুক্ষণ ভুনা করে লেবুর রস ও ভাজা মাছ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে উল্টিয়ে গরম গরম মাছ ভাজা পরিবেশন করতে হবে।