ঈদের দিন নিজের হাতে রাঁধেন পিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের কয়েক দিন আগেই বাবার বাড়ি খুলনায় চলে যাবেন। ঈদের দিন সকালটা খুলনাতেই কাটবে। এরপর প্লেনে করে দুপুরে ফিরবেন ঢাকায়। বাকি দিন কাটাবেন শ্বশুরবাড়িতে। বিয়ের পর থেকে ঈদের দিন ঢাকা থেকে খুলনা, না হয় খুলনা থেকে ঢাকা আসতে হয় এ সময়ের জনপ্রিয় মডেল তারকা ও অভিনয়শিল্পী জান্নাতুল পিয়ার। এবারও এর ব্যতিক্রম হবে না। বাড়িতে অতিথি আপ্যায়ন করে আর পরিবারের সঙ্গে ঈদের অনুষ্ঠান দেখে পিয়া উপভোগ করবেন এই দিনটি। ঈদের ২য় দিন বাইরে কোথাও খেতে যাবেন, নয়তো ঢাকার আশপাশে কোনো রিসোর্টে ঘুরে আসবেন পরিবারের সবাই মিলে।

রান্না করতে পছন্দ করেন পিয়া। ছবি: সুমন ইউসুফ
রান্না করতে পছন্দ করেন পিয়া। ছবি: সুমন ইউসুফ

ঈদের সকালটা যেহেতু খুলনার বাসায় কাটানোর পরিকল্পনা রয়েছে, এ জন্য হালকা রঙের সুতি পোশাক বেছে নেবেন পিয়া। সালোয়ার-কামিজের সঙ্গে চোখে কাজল আর হালকা লিপস্টিক—এই হবে পিয়ার ঈদের দিনের সকালের সাজ। ত্বক আর চুলের পরিচর্যার ব্যাপারে বেশ সচেতন পিয়া। জানালেন, ত্বক ও চুল ভালো থাকলে সবাইকে এমনিতেই ভালো দেখায়। তখন বাড়তি কিছু ব্যবহারের প্রয়োজন পড়ে না। তাই কাজ ছাড়া খুব একটা সাজতে পছন্দ করেন না তিনি। রাতের দিকে চওড়া পাড়ের কাতান শাড়ি পরবেন। রাতের সাজে ঈদের আমেজটা রাখার চেষ্টা করবেন। গোলাপি জমিনের সোনালি পাড়ের শাড়ির সঙ্গে কানে সোনার চান বালি, গলার সঙ্গে লাগোয়া চিকন হার আর হাতে কয়েক গাছি সোনার চুড়িতে পিয়া সাজবেন একেবারে বাঙালি বউয়ের সাজ। পিয়ার সঙ্গে মিলিয়ে তাঁর স্বামী ফারুক পরবেন পায়জামা-পাঞ্জাবি। রাতে মেকআপের ক্ষেত্রে চোখের সাজটাকে বেশি প্রাধান্য দেবেন পিয়া। ম্যাট গোল্ডেন আর বাদামি রঙের আইশ্যাডো, চিকন করে আইলাইনার আর ঘন মাসকারা দেবেন চোখে। এ ছাড়া চোখে পরবেন হানি কালারের লেন্স। ঠোঁট রাঙাতে ব্যবহার করবেন ন্যুড রঙের লিপস্টিক।

রাতের পোশাকের রংটা মিলিয়ে পরবেন ফারুক ও পিয়া
রাতের পোশাকের রংটা মিলিয়ে পরবেন ফারুক ও পিয়া

নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে পছন্দ করেন পিয়া। তবে বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকাতে খুব একটা রান্না করা হয় না তাঁর। তাই ঈদের দিন মা কিংবা শাশুড়ি—কাউকেই রান্নাঘরে ঢুকতে দেন না পিয়া। স্বামী ফারুক স্ত্রী পিয়ার রান্না করা গরুর মাংস আর ভুনা খিচুড়ি খেতে খুবই পছন্দ করেন। তাই সময় পেলেই খিচুড়ি, মাংস রান্না করেন তিনি। পিয়া নিজে খেতে পছন্দ করেন সম্পূর্ণ বাঙালি খাবার। সাদা ভাত, ডাল, মাছ, ভাজি ও ভর্তা। মাছের মধ্যে রুপচাঁদা মাছ সব থেকে প্রিয়। ঈদে যা রাঁধার পরিকল্পনা আছে, তা থেকে নকশার পাঠকদের জন্য খুব পছন্দের দুটি রান্নার রেসিপি দিলেন পিয়া।

.
.

রুপচাঁদার দোপেঁয়াজা
উপকরণ: রুপচাঁদা মাছ (বড়) ২টি, রসুন ১ চা-চামচ, আদা ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, সয়াবিন তেল পরিমাণমতো, পেঁয়াজকুচি আধা কাপ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, টমেটো ২টি, বোম্বাই মরিচ ১টি।
প্রণালি: মাছ, সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এবার তেল গরম করে পেঁয়াজকুচি হালকা বাদামি করে ভেজে সব মসলা ও সামান্য পানি দিয়ে কষাতে হবে। কষানো হয়ে এলে মাছ দিয়ে একটু নেড়ে, পানি দিয়ে দিন। পানিতে বলক এলে টমেটো দিয়ে ঢেকে দিতে হবে। এরপর বোম্বাই মরিচ দিয়ে চুলার আঁচ কমিয়ে তেল ওপরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাছের ওপরে তেল ভেসে উঠলেই তৈরি হয়ে যাবে রুপচাঁদার দোপেঁয়াজা।

.
.

দেশি মুরগির রোস্ট
উপকরণ: দেশি মুরগি ২টি, সয়াবিন তেল ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, জায়ফল অর্ধেকটি, কাঁচা মরিচ ৭টি, জয়ত্রী সামান্য, আদাবাটা দেড় চা-চামচ, পোস্তদানা ১ চা-চামচ, রসুনবাটা দেড় চা-চামচ, কাজুবাদাম ৫টি, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, পেঁয়াজ কাটা আধা কাপ, দারুচিনি ৩টি, এলাচ ৪টি, তেজপাতা ৪টি, আদার রস ১ চা-চামচ, রসুনের রস ১ চা-চামচ, জর্দার রং সামান্য।
প্রণালি: আদা, রসুনের রস, জর্দার রং দিয়ে মুরগি ১ ঘণ্টা মেখে রেখে সয়াবিন তেলে সোনালি করে ভেজে নিতে হবে। জায়ফল, জয়ত্রী, পোস্ত, কাজুবাদাম বেটে নিতে হবে। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ বাদামি হয়ে এলে সব বাটা মসলা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ভালোমতো কষাতে হবে। এরপর মুরগি আর টক দই দিয়ে নেড়ে, সামান্য পানি দিয়ে ঢেকে দিয়ে অল্প আঁচে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মুরগি সেদ্ধ হলে ঘি ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেলতে হবে। পরিবেশনের সময় ওপরে বেরেস্তা ছড়িয়ে দিতে পারেন।