ঈদের দিনে নাশতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পোলাও, মাংস ও অন্যান্য ভারী খাবার থাকবেই। নানা রকম নাশতাও তো থাকা চাই ঈদের দিনের আয়োজনে। সাঈদা বেগম দিয়েছেন কয়েকটি রেসিপি

লেয়ার ক্যারামেল কাস্টার্ড

লেয়ার ক্যারামেল কাস্টার্ড
লেয়ার ক্যারামেল কাস্টার্ড

উপকরণ: ময়দা এক কাপের একটু বেশি, চিনি ৪ কাপ, কোকো পাউডার এক কাপের চার ভাগের তিন ভাগ, বেকিং পাউডার ১ টেবিল চামচ, লবণ সিকি চা-চামচ, মাঠা ১ কাপ, তেল আধা কাপ, ডিম ১০টি, ভ্যানিলা ২ চা-চামচ, গরম কালো কফি ১ কাপ, ঘন দুধ ১ কাপ, ক্যারামেল তৈরির জন্য চিনি প্রয়োজনমতো।
প্রণালি: ময়দা, মাঠা, কোকো পাউডার, বেকিং পাউডার ও লবণ একত্রে মিশিয়ে নিন। তেল ও ২ কাপ চিনি একত্রে মিশিয়ে, ২টি ডিম দিয়ে ফেটে নিন। তাতে গরম কফি ও ১ চা-চামচ ভ্যানিলা মিশিয়ে ফেটে নিন। এবার খুব হালকাভাবে ময়দার মিশ্রণে ডিমের মিশ্রণটি মসৃণভাবে মিশিয়ে নিন যেন বুদ্বুদ বা ফেনা না দেখায়।
কাস্টার্ডের জন্য বাকি ৮টি ডিম, চিনি, ঘন দুধ ও ভ্যানিলা একত্রে ব্লেন্ড করে নিন। একটি গোল বেকিং ট্রেতে প্রয়োজনমতো চিনি ছড়িয়ে আগুনে ঝলসে ক্যারামেল তৈরি করুন। ক্যারামেল ঠান্ডা হলে তার ওপর ময়দা ও ডিমের মিশ্রণ সমান করে ঢেলে দিন। এর ওপর কাস্টার্ডের মিশ্রণটি ঢেলে দিন। প্রিহিটেড ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৪৫ মিনিট বেক করুন। ঠান্ডা হলে নামিয়ে ডিশে ঢেলে পরিবেশন করুন।

চিকেন টরটিয়া

চিকেন টরটিয়া
চিকেন টরটিয়া

উপকরণ: মুরগির সসেজ ৫টি, মুরগির মাংসের বল ১০টি, সুইটি চিলি সস ৪ টেবিল চামচ, তেলে ভাজা ক্যাপসিকাম সিকি কাপ, মোজারেলা চিজ ঝুড়ি এক কাপের চার ভাগের তিন ভাগ, টমেটো সস সাজানোর জন্য।
টরটিয়া ডোর জন্য: ময়দা ১ কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ, সাদা তেল ১ টেবিল চামচ, কুসুম গরম দুধ এক কাপের তিন ভাগের এক ভাগ।
প্রণালি: ডো তৈরির তেল, লবণ, ময়দা ও বেকিং পাউডার একত্রে মিশিয়ে ভালোভাবে ময়ান দিন। কুসুম গরম দুধ দিয়ে কিছুক্ষণ ছেনে নিয়ে ময়দার তালটি ১০ মিনিট ঢেকে রাখুন। এবার মাংসের বলগুলো ২ টুকরা করে নিন। সসেজগুলো লম্বালম্বি দুই ভাগ করে নিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ওভেন প্রিহিট করে রাখুন। বেকিং ট্রেতে তেল মেখে ময়দার তাল সমানভাবে বিছিয়ে দিন। এর ওপরে সুইট চিলি সস মেখে নিন। তার ওপরে ক্যাপসিকাম বিছিয়ে মোজারেলা চিজ ছড়িয়ে দিন। এবার সসেজের টুকরাগুলো এমনভাবে বিছিয়ে দিন যেন চেক চেক ঘরের মতো দেখায় (ছবির মতো)। প্রতিটি ঘরে একটি করে চিকেন বলের টুকরা বিছিয়ে দিন। প্রতিটি বলের ওপর এক ফোঁটা করে টমেটো সস দিয়ে সাজিয়ে দিন। প্রিহিট ওভেনে ৩০ মিনিট অথবা ডো ফুলে ওঠা না পর্যন্ত বেক করুন। বের করে কেটে পরিবেশন করুন।

ক্রিম চিজ পাস্তা

ক্রিম চিজ পাস্তা
ক্রিম চিজ পাস্তা

উপকরণ: পাস্তা ২ কাপ, মুরগির বুকের মাংস অর্ধেকটি, মোজারেলা চিজ ঝুরি ২ কাপ, লবণ স্বাদমতো, তরল দুধ ১ কাপ, তেল এক চা-চামচ,
ক্রিম সস তৈরি: তরল দুধ সিকি কাপ, ক্রিম আধা কাপ, মাখন সিকি কাপ, রসুন কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সাদা গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচ।
প্রণালি: এক চা-চামচ তেল ও লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করে নিন। লবণ ও ১ কাপ দুধ দিয়ে মুরগির মাংস সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে মাংস মোটা ঝুরি করে নিন। গরম ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ মাখনে রসুন কুচি বাদামি করে ভেজে নিন। এরপর সস তৈরির দুধ, মাখন ও ক্রিম দিয়ে ভালোভাবে নেড়ে ফুটিয়ে নিন। ঘন হলে তাতে গোলমরিচ গুঁড়া, মাংস ঝুরি ও সেদ্ধ পাস্তা মিশিয়ে নামিয়ে নিন। বেকিং ট্রেতে মাখন মেখে রান্না করা পাস্তা বিছিয়ে দিন। ওপরে মোজারেলা চিজ দিয়ে ঢেকে দিন। ১৫০ ডিগ্রি সেলসিয়াস তাপে প্রিহিট ওভেনে ১৫ থেকে ২০ মিনিট বেক করুন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

কুড়মুড়ে সবজি নুডলস

কুড়মুড়ে সবজি নুডলস
কুড়মুড়ে সবজি নুডলস

উপকরণ: লম্বা নুডলস ১ প্যাকেট, মুরগির বুকের মাংস অর্ধেকটি, ব্রকলি অর্ধেকটি, ফুলকপি অর্ধেকটি, গাজর ১টি, ক্যাপসিকাম ১টি, মাশরুম স্পাইস ১০০ গ্রাম, সুইট কর্ন ৫০ গ্রাম, পেঁয়াজ বড় ১টি, রসুন ২ কোয়া (কুচি), সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, ওয়েস্টার সস ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ ও ভাজার জন্য পরিমাণমতো, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ।
প্রণালি: নুডলস ঝরঝরে করে সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে হালকা লবণ মেখে খুব গরম ডুবো তেলে ভেজে নিন। সোনালি রং হলে নামিয়ে ঠান্ডা করুন। মুরগির মাংস আধা ইঞ্চি লম্বা ও আধা ইঞ্চি চওড়া করে টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এক চিমটি লবণ ও সয়া সস দিয়ে সেদ্ধ করে পানি শুকিয়ে নিন। সব সবজি ধুয়ে দেড় ইঞ্চি লম্বা টুকরা করে কেটে আলাদাভাবে রাখুন। পেঁয়াজ লম্বা মোটা করে কেটে কোষ খুলে নিন। ফ্রাইপ্যানে গরম তেলে রসুন কুচি ঝলসে তাতে পেঁয়াজ ও সেদ্ধ মাংস ঝলসে নিন। আলাদাভাবে রাখা সবজিগুলো একের পর এক লবণ ও ওয়েস্টার সস দিয়ে নেড়ে নিন। আধা সেদ্ধ হলে আধা কাপ পানিতে কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া ও চিনি মিশিয়ে সবজিতে ঢেলে দিন। নেড়ে ঘন হলে নামিয়ে নিন।
একটি ডিশে প্রথমে কিছুটা ভাজা কুড়মুড়ে নুডলস বিছিয়ে তার ওপরে রান্না করা সবজি বিছিয়ে দিন। সবজির ওপর আবার কিছু নুডলস দিয়ে পরিবেশন করুন।

ফালুদা

ফালুদা
ফালুদা

উপকরণ: তোকমা ১ টেবিল চামচ, সাগুদানা ১ টেবিল চামচ, পছন্দের যেকোনো লাল রঙের শরবত ২-৩ টেবিল চামচ, তরল দুধ ২ কাপ, সেদ্ধ নুডলস ১ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, যেকোনো আইসক্রিম ২ স্কুপ, জেলো ১ প্যাকেট, নানা রকম বাদাম কুচি সাজানোর জন্য (ইচ্ছা)।
প্রণালি: দুটি আলাদা পাত্রে তোকমা ও সাগুদানা ভিজিয়ে রাখুন। নুডলস ঝরঝরে করে সেদ্ধ করে রাখুন। জেলো প্যাকেটের নির্দেশমতো জ্বাল দিয়ে একটি বাটিতে ২ টেবিল চামচ আন্দাজ ঢেলে বাকিটা একটি প্লেটে ঢেলে জমিয়ে নিন। দুধের সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে ফুটিয়ে নিন। এই গরম দুধে সাগুদানা সেদ্ধ করে নিন যেন নিচে দাগ না লাগে। ঠান্ডা হলে লাল শরবত মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। ২ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। জেলি ঢালা বাটিতে ভেজানো তোকমা দিন। তোকমার ওপরে সেদ্ধ নুডলস দিয়ে ঠান্ডা দুধ ঢেলে দিন। জমানো জেলি কিউব করে কেটে এর ওপরে সাজিয়ে দিন। জেলির ওপরে ১ স্কুপ আইসক্রিম দিয়ে বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।

আম–দুধ শরবত
আম–দুধ শরবত

আম–দুধ শরবত
উপকরণ: আম (কিউব করে কাটা) আধা কাপ, ইভাপোরেটেড দুধ ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, হুইপড ক্রিম সিকি কাপ।
প্রণালি: আম, চিনি ও দুধ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একটি গ্লাসের অর্ধেক পর্যন্ত মিশ্রণটি ঢেলে দিন। তার ওপর ৪ টেবিল চামচ হুইপড ক্রিম দিন। এর ওপর আম-দুধের বাকি মিশ্রণ ঢেলে ওপরে হুইপড ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।