রূপবিশেষজ্ঞ হিসেবেই পরিচিতি তাঁর। তবে রান্নাতেও হাত পটু। পরিবারের কাছে ঈদের দিন মানেই ফারজানা মুন্নীর হাতের বিশেষ পদ। আর সেখানে অবশ্যই থাকবে গরুর মাংস। পরিবারের সবার পছন্দের খাবার এটা। বিয়ের আগে মায়ের বাসায় থাকতে সেভাবে রান্না করা হয়নি। ফারজানা মুন্নী বললেন, ‘রান্না যা শেখার, সেটা বিয়ের পরেই।’

মানুষকে সাজিয়ে নিখুঁত করা যাঁর কাজ, তাঁর রান্নাতেও কোনো খুঁত থাকে না। সেটা রান্নার সময় তাঁর হেঁশেলে ঢুকেই বোঝা গেল। গরুর মাংস কষাতে কষাতেই গল্প শুরু করলেন। বললেন, ‘সাধারণত কাজে ব্যস্ত থাকি বলে রান্নাটা নিয়মিত করতে পারি না। তবে মাঝেমধ্যেই রান্নাঘরে যেতে হয়। স্বামী ও সন্তানদের পছন্দের খাবার নিজের হাতে রাঁধতে ভালোই লাগে।’
মুন্নীর সন্তানেরা দেশের বাইরে থাকে। ‘এ কারণে দেশের চেয়ে বিদেশেই বেশি রান্না করি। কারণ, ওদের কাছে যত দিন থাকি, ওরা মজা করে আমার রান্না করা খাবার খায়।’ বললেন ফারজানা মুন্নী। ঈদে নিজে রান্না করেন বেশ কয়েকটি পদ। এর মধ্যে অবশ্যই গরুর মাংস, মুরগির একটি পদ, কাবাব, সেমাই থাকবে। সকালে রান্না শেষ হলে সবাই মিলে পরোটা দিয়ে গরুর মাংস খান। এরপর মায়ের বাসায়, বোনদের সঙ্গে সময় কাটান। সন্ধ্যায় নিজের বাসায় আসে অনেক অতিথি। তাদের খাওয়ান। এভাবেই ব্যস্ততায় কেটে যায় ফারজানা মুন্নীর ঈদের দিন।

মুরগির শাহি কোর্মা
উপকরণ: মুরগি ১টা (৮ টুকরো), আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ৩ টেবিল চামচ, কাজু বাদামবাটা ২ টেবিল চামচ, এলাচি ৪টি, দারুচিনি ২ টুকরো, টকদই আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি আধা চা-চামচ, বাদাম ও কিশমিশ ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঘি আধা কাপ ও তরল ঘন দুধ আধা কাপ।
প্রণালি: কড়াইয়ে ঘি দিয়ে মাংস হালকা ভেজে তুলে নিন। এবার কড়াইয়ে আদা, রসুন, এলাচ, দারুচিনি, টকদই, পেঁয়াজবাটা ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর বাদামবাটা ও দুধ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। মাংস দিয়ে অল্প আঁচে ঢেকে দিন। পানি শুকিয়ে এলে বাকি উপকরণ দিয়ে দিন। মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

গরুর রেজালা
উপকরণ: মাংস ২ কেজি, পেঁয়াজবাটা ১ কাপ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ চা-চামচ, এলাচ ৬টি, দারুচিনি ৬ টুকরো, দই ১ কাপ, তেল বা ঘি ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, লবণ ২ চা-চামচ, জর্দার রং সামান্য, দুধ ১ কাপ, কাঁচা মরিচ ১৫টি ও কেওড়াজল ২ টেবিল চামচ।
প্রণালি: রং, দুধ, কাঁচা মরিচ ও কেওড়া বাদে অন্য সব উপকরণ হাঁড়িতে একসঙ্গে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ঢাকনা দিয়ে মৃদু জ্বালে রান্না করুন। আধা ঘণ্টা পর নেড়ে দিন। মাংস সেদ্ধ হলে কেওড়া দিয়ে কষান। ওপরে তেল উঠলে গোলানো রং, দুধ ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে খুব অল্প আঁচে ৩০ মিনিট দমে রাখুন।

আলুর চপ
উপকরণ: আলু ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৩টি, পেঁয়াজ ৩টি, ডিম ২টি, টোস্টের গুঁড়া আধা কাপ।
প্রণালি: আলু ধুয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে পানি ঝরিয়ে খোসা ছাড়িয়ে চটকে নিন। আলুতে বেরেস্তা গুঁড়া, লবণ, গোলমরিচ, মিহি কুচি কাঁচা মরিচ এবং ১ টেবিল চামচ টোস্টের গুঁড়া মেশান। একটা ডিম ফেটে অর্ধেকটা আলুর সঙ্গে দিন এবং বাকিটা তুলে রাখতে হবে। আরেকটা ডিশে লবণ দিয়ে ফেটে ওমলেট ভাজুন। ওমলেট কিমার মতো কুচি করে কেটে নিন। পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি করে ওমলেটের সঙ্গে মেশান। আলু ১০ ভাগ করুন। ডিমের পুর দিয়ে চপ তৈরি করুন। তুলে রাখা ফেটানো ডিম মাখিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিয়ে ডুবো তেলে ভাজুন।

নিরামিষ সবজি
উপকরণ: পেঁপে ১ কাপ, কাঁচকলা ১টি, মিষ্টিকুমড়া ১ কাপ, চালকুমড়া ১ কাপ, বেগুন ২টি, ডাঁটা ২টি, মিষ্টি আলু ২টি, পটোল ৩টি, ঝিঙে ২টি, লবণ ২ চা-চামচ, পেঁয়াজ ৩টি, আদা ১ টুকরো, হলুদবাটা আধা চা-চামচ, জিরাবাটা আধা চা-চামচ, ধনেবাটা আধা চা-চামচ, কাঁচা মরিচ ৪টি, তেজপাতা ১টি, পাঁচফোড়ন ১ চা-চামচ, সয়াবিন তেল আধা কাপ, চিনি ২ চা-চামচ।
প্রণালি: পেঁপে টুকরো করে সামান্য ভাপিয়ে রাখতে হবে। কাঁচকলা টুকরো করে হলুদ মাখিয়ে রাখুন। ডাঁটা, মিষ্টি আলু, পটোল, ঝিঙে, চালকুমড়া, সামান্য পানি ও বাটা মসলা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আধা সিদ্ধ হলে মিষ্টিকুমড়া, বেগুন, পেঁপে, কাঁচকলা লবণ দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হওয়া মাত্র নামিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন, আদার ছিবড়া, তেজপাতা, কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে ভাঁজুন। পেঁয়াজ বাদামি হলে নিরামিষ ঢেলে দিতে হবে। এরপর আদার রস ও চিনি দিয়ে দু-তিন বার ফুটে উঠলে নামাতে হবে।