উৎসবে আপ্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবার টেবিলে আলাদা শোপিস না রাখলেও চলে, খাবারগুলোই সাজিয়ে রাখুন নান্দনিকভাবে। কৃতজ্ঞতা: শারমীন ফেরদৌস হক, ছবি: সুমন ইউসুফ
খাবার টেবিলে আলাদা শোপিস না রাখলেও চলে, খাবারগুলোই সাজিয়ে রাখুন নান্দনিকভাবে। কৃতজ্ঞতা: শারমীন ফেরদৌস হক, ছবি: সুমন ইউসুফ

খাবার যতই সুস্বাদু হোক না কেন উৎসবের দিনে যদি টেবিলে না থাকে নান্দনিকতার ছোঁয়া তবে পুরো আয়োজনটাই যেন পানসে হয়ে যায়। ঘরে থাকা তৈজসপত্র আর নানা রকম সবজি ও ফুল দিয়েই সাজাতে পারেন টেবিল। কীভাবে নতুনত্ব আনবেন তা জানিয়েছেন শারমীন ফেরদৌস হক। 
একটি পাকা পেঁপে গোল গোল করে কেটে নিন। এবার টুকরো করা পেঁপের ভেতরে ছুরি দিয়ে ফুল বা তারার নকশা করুন। পেঁপের এই ফুলগুলোকে এবার একটা বড় প্লেটের চারদিকে সাজিয়ে এর মাঝখানে রাখতে পারেন লেটুসপাতা আর শিম। দুপুরের আয়োজনে পোলাও রাখার পাত্রটিকে এবার এই প্লেটটির ওপর বসিয়ে দিন। একইভাবে প্লেটের ওপর গাজর, শসা আর কাঁচা মরিচ সাজিয়ে তার ওপরে রাখতে পারেন মাংসের বাটি।

ছবি: সুমন ইউসুফ
ছবি: সুমন ইউসুফ
নাশতা পরিবেশন করতে পারেন ছোট গোলাকার টেবিলে
নাশতা পরিবেশন করতে পারেন ছোট গোলাকার টেবিলে

সালাদ পরিবেশনে ভিন্নতা আনতে পেঁপে অর্ধেক করে কেটে নিন। শাশলিক বা কাবাব কাঠিতে লাল আঙুর, শসা, গাজর আর লেটুসপাতা গেঁথে দিন। এবার তা বসিয়ে দিন পেঁপেতে।

.
.

চৌকোনা প্লেটের ওপর একটি ত্রিভুজাকৃতির কাচের বাটিতে সিরকা দিয়ে পেঁয়াজ আর মরিচ রাখুন। আরেকটি বাটিতে রাখতে পারেন বিলম্ব বা কামরাঙা ধরনের কোনো ফল। একটা মাল্টা গোল করে কেটে ভেতরের অংশটুকু বের করে তাতে লাল আঙুর ভরে দিন। প্লেটে পেঁপের ফুল বসিয়ে চারদিকে ছড়িয়ে দিন টমেটোর পাপড়ি। এ ছাড়া পানিভর্তি গোলাকার কাচের জারে গোল করে কাটা লেবুর টুকরা ছড়িয়ে দিতে পারেন। আর ছোট একটি কাচের গ্লাসে সাদা মোম রেখে তা জারের ভেতর বসিয়ে দিন। টেবিল সাজাতে চৌকোনা প্লেটে আরও রাখতে পারেন লম্বা করে কাটা গাজর আর ঢ্যাঁড়স। যেহেতু সবজিতে থাকবে অনেক রঙের ব্যবহার সে ক্ষেত্রে রংগুলো ফুটিয়ে তুলতে সাদা রঙের সিরামিকের তৈজসপত্র ব্যবহার করার পরামর্শ দিলেন শারমীন ফেরদৌস হক। টেবিলে লাল রঙের ম্যাট ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে ন্যাপকিনের রংটা কালো হলে ভালো দেখাবে।
এ ছাড়া হালকা খাবার পরিবেশনায় সাজাতে পারেন বসার ঘরের টেবিলটা। চৌকোনা একটি প্লেটে রাখতে পারেন কিছু শুকনো রঙিন ফুল ও ফল। এখন বাজারে সিরামিকের ওপর হাতে আঁকা নকশার গ্লাস পাওয়া যায়। এ রকম গ্লাসে ঢুকিয়ে দিন ছোট ছোট মোম। এ সময় পুরো টেবিলে উৎসবের আবহ ফুটিয়ে তুলতে একটি লাল রঙের পিরামিড নকশার মোম জ্বালিয়ে রাখতে পারেন।
গ্রন্থনা: বিপাশা রায়