উৎসবে এক বেলায়
দুপুরে বা রাতের আপ্যায়নে পরিবেশন করতে পারেন কাবাব, বিরিয়ানি, চাপ ইত্যাদি। সঙ্গে যোগ করে দিন আপনার পছন্দের মিষ্টান্ন ও পানীয়। ঈদের দিনের এক বেলায় মূল খাবারের রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস।

আখনি বিরিয়ানি
উপকরণ: বাসমতি চাল ১ কেজি, খাসির মাংস ২ কেজি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, পেঁয়াজ কুচি দেড় কাপ, দারুচিনি-এলাচি-লবঙ্গ ৬-৭ টুকরা করে, তেজপাতা ৪টি, পেস্তাবাদাম ও কিশমিশ আধা কাপ, লবণ পরিমাণমতো, আদা কুচি ১ টেবিল চামচ, রসুনের কোয়া ৪টি, গোটা ধনে ১ টেবিল চামচ, গোটা জিরা ১ চা-চামচ, পেঁয়াজ ৪ টুকরা করে কাটা ২টি, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, শাহি জিতরাবাটা ১ চা-চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, মিষ্টিদই সিকি কাপ, টকদই আধা কাপ, মালাই আধা কাপ, কেওড়া ২ টেবিল চামচ, জাফরান আধা চা-চামচ ও লবণ স্বাদমতো।
প্রণালি: মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। অর্ধেক গরমমসলা, বাটা মসলা, লবণ ও তেল দিয়ে মেখে পরিমাণমতো পানি দিয়ে মাংস রান্না করে নিন। ঝোল শুকিয়ে গেলে নামান। বাকি মসলা এক টুকরা কাপড়ের পুঁটলিতে বেঁধে ১০ কাপ পানি দিয়ে চুলায় ফুটান। পানি কমে ৭ কাপের মতো হলে পুঁটলিটা তুলে নিতে হবে। এবার ওই পানিতে ঘি, লবণ ও চাল দিয়ে পোলাও রান্না করতে হবে। পানি শুকিয়ে গেলে অর্ধেক পোলাও উঠিয়ে নিন। এবার বাকি পোলাওয়ে মাংস, কেওড়া, জাফরান, বেরেস্তা, কিশমিশ, বাদাম ও কাঁচা মরিচ দেওয়ার পর বাকি পোলাও দিয়ে ঢেকে দিন। ওপরে মালাই ও কিছু বেরেস্তা ছড়িয়ে দিয়ে ১৫ থেকে ২০ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।

খাসির গ্রিল চাপ
উপকরণ: খাসির চাপের মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, শুকনা মরিচ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরমমসলা গুঁড়া ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ, কিশমিশ বাটা ১ টেবিল চামচ, টক দই ১ কাপ, চিনি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ ও লবণ পরিমাণমতো।
প্রণালি: মাংস ধুয়ে সব বাটা মসলা, তেল, লবণ, অর্ধেক গরমমসলা, অর্ধেক গোলমরিচ, টক দই ও চিনি দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন। এবার গরম পানি দিয়ে রান্না করে নিন। ঝোল কমে এলে বাকি গরমমসলা, বেরেস্তা, গোলমরিচ গুঁড়া ও ঘি দিয়ে একটু রেখে নামিয়ে নিন। ওভেনে গ্রিল প্যানে মাংস ঢেলে ২০ থেকে ২৫ মিনিট গ্রিল করে গরম গরম পরিবেশন করুন।

পুর ভরা কাবাব
উপকরণ: মাংসের মিহি কিমা আধা কেজি, সেদ্ধ কিমা আধা কেজি, আদা বাটা ২ চা-চামচ, রসু্ন বাটা ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল চামচ, ডিম ১টি, পনির কুচি আধা কাপ, কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ, গরমমসলা গুঁড়া ১ চা-চামচ ও তেল ১ টেবিল চামচ।
প্রণালি: কিমা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিন। প্রয়োজনে কাঁচা ও সেদ্ধ কিমা বেটে নিন। সব উপকরণ দিয়ে মেখে পছন্দমতো ভাগ করে পুর ভরে কাবাবের আকার করে নিন। এবার ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে গরম ডুবো তেলে ভেজে নিন। অথবা ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০ থেকে ২৫ মিনিট বেক করে নিন।
পুরের জন্য: রান্না করা পোলাও ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ। পেস্তাবাদাম, আমন্ড, কাজুবাদাম ও কিশমিশ আধা কাপ, পুদিনাপাতা সিকি কাপ ও কাঁচা মরিচ কুচি ২ চা-চামচ। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে।

মসলাদার মাংস ভাজা
উপকরণ: গরুর আন্ডার কাট মাংস পাতলা করে কাটা আধা কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, (পেঁয়াজ ও রসুন কুচি তাওয়ায় রোস্ট করে বেটে নিতে হবে) আদাবাটা ১ টেবিল চামচ, শুকনা মরিচ টেলে গুঁড়া করা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচ, রোজমেরি ১ চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, অয়েস্টার সস ১ টেবিল চামচ, সিজনিং সস ১ টেবিল চামচ, এইচপি সস ১ টেবিল চামচ, টমেট সস ২ টেবিল চামচ ও সেসেমি অয়েল ২ টেবিল চামচ।
ভাজার জন্য: পেঁয়াজ কুচি ১ কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ফালি ৪-৫টি ও মাখন ৩ টেবিল চামচ।
প্রণালি: ভাজার উপকরণ বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে ৪ ঘণ্টা রাখুন। প্যানে মাখন গরম করে মরিচ, আদা, পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভুনে মাংস দিয়ে বেশি জ্বালে রান্না করে নিন। ভুনা ভুনা হলে নামিয়ে পরিবেশন করুন।

মুগডালের বিরিয়ানি
উপকরণ: গরুর মাংস ২ কেজি, পোলাওয়ের চাল ১ কেজি, মুগডাল আধা কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, দারুচিনি, এলাচি, লবঙ্গ ৫-৬ টুকরা করে, ঘি আধা কাপ, তেল ১ কাপ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ১০-১২টি, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, তেজপাতা ৪-৫টি ও টকদই ১ কাপ।
প্রণালি: মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে টকদই মাখিয়ে ২৫ থেকে ৩০ মিনিট রাখুন। তেল গরম করে অর্ধেক গরমমসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজ বাদামি হলে সব বাটা মসলা দিয়ে মাংস কষিয়ে নিন। পরিমাণমতো পানি দিয়ে মাংস সেদ্ধ করুন। ঝোল শুকিয়ে গেলে গরমমসলার গুঁড়া দিয়ে নামান।
অন্য পাত্রে মুগডাল ভেজে পানি দিয়ে এমনভাবে সেদ্ধ করুন, যাতে ডাল গলে না যায়। চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। পাত্রে ঘি গরম করে ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ আদা কুচি ও বাকি গরমমসলা দিয়ে চাল ভেজে নিন। ভাজা চালে ৭ কাপ গরম পানি দিয়ে দিন। ফুটে উঠলে ডাল ও লবণ দিন। পানি কমে এলে চিনি দিন। পোলাওয়ের পানি শুকিয়ে গেলে হাঁড়ি থেকে কিছুটা পোলাও উঠিয়ে নিন। এবার পোলাওয়ের ওপর কিছু মাংস ও কাঁচা মরিচ দিয়ে আবার পোলাও, তার ওপর কাঁচা মরিচ ও মাংস দিয়ে দু-তিন স্তরে সাজান। চুলায় ১৫ থেকে ২০ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।