রেসিপি
এই শীতে জিবে জল আনা হাঁসের তিনটি রেসিপি
হাঁস দিয়ে করা যায় নানা পদ। বিদেশি রেসিপিতে হাঁসের ব্যবহার স্বাদ বাড়ায় অনেকখানি। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার
রাইস নুডলসের সালাদে হাঁস
সালাদের উপকরণ
হাঁসের মাংস ২৫০ গ্রাম, আদা ও রসুনকুচি ১ চা-চামচ, পেঁয়াজকুচি ২ চা-চামচ, সয়াসস ২ চা-চামচ, টমেটো সস ২ চা-চামচ, গোলমরিচগুঁড়া সামান্য, মাখন ২ চা-চামচ, লবণ স্বাদমতো।
রাইস নুডলসের উপকরণ
রাইস নুডলস ২ কাপ, রসুনকুচি ১ চা-চামচ, চিলিফ্লেক্স আধা চা-চামচ, মাখন ২ চা-চামচ, ধনেপাতাকুচি ২ চা-চামচ, পছন্দমতো সবজি ২ কাপ, লবণ স্বাদমতো।
প্রণালি
রাইস নুডলস গরম পানিতে সেদ্ধ করে নিতে হবে। প্যানে মাখন দিয়ে নিন। নুডলসসহ বাকি উপকরণ দিয়ে নেড়ে নামিয়ে রাখুন। পছন্দমতো সবজিগুলো আধা সেদ্ধ করে নিতে হবে। প্যানে মাখন গলিয়ে সবজিগুলো হালকা ভেজে তুলে রাখুন। এবার একই প্যানে হাঁসের মাংসসহ বাকি সব উপকরণ দিয়ে দিন। সামান্য পানি দিয়ে রান্না করে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করুন। এবার পরিবেশনপাত্রে রাইস নুডলস বিছিয়ে, ওপরে রান্না করা মাংস ও সবজি সাজিয়ে পরিবেশন করুন।
ক্রিস্পি ডাক ইন স্টিম বান
উপকরণ
হাঁসের মাংস ২৫০ গ্রাম, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, আদা ও রসুনগুঁড়া আধা চা-চামচ, ময়দা ২ কাপ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।
স্টিম বানের জন্য
ময়দা ২৫০ গ্রাম, ইস্ট ১ টেবিল চামচ, দুধ আধা কাপ, লবণ স্বাদমতো, তেল ৩ টেবিল চামচ।
প্রণালি
কুসুমগরম তরল দুধে ইস্ট ভিজিয়ে রাখুন ৫ মিনিট। এরপর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ডো তৈরি করে নিন। ৩০ মিনিট উষ্ণ স্থানে রাখুন। এবার খামির থেকে ছোট ছোট গোলা বানিয়ে নিন। আধভাঁজ করে আবারও হালকা চাপ দিয়ে ১০ মিনিট ভাপিয়ে নিলেই স্টিম বান তৈরি। একটি বাটিতে তেল ও ময়দা বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস ভালোভাবে মেখে রাখুন ১০ মিনিট। ময়দায় সামান্য গোলমরিচগুঁড়া মেখে নিন। একটি বাটিতে ২ কাপ পানি নিয়ে রাখুন। এবার মসলা মাখানো মাংস তুলে ময়দায় গড়িয়ে পানিতে ডুবিয়ে নিন। আবারও ময়দায় গড়িয়ে নিন। ডুবো তেলে লালচে করে ভেজে নিতে হবে। নামিয়ে স্টিম বানের মধ্যে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
হাঁসের পায়ের ঝাল স্বাদ
উপকরণ
হাঁসের পা ৪টি, শর্ষেবাটা ১ টেবিল চামচ, লেবুর রস আধা চা-চামচ, কাঁচা মরিচবাটা ২ চা-চামচ, হলুদ আধা চা-চামচ, ফ্রেশ ক্রিম ২ চা-চামচ, মাখন ১ চা-চামচ, তেল আধা কাপ, লবণ স্বাদমতো।
প্রণালি
পায়ের টুকরায় লেবুর রস এবং অল্প করে সব মসলা মেখে ২০ মিনিট রেখে দিন। প্যানে তেল দিয়ে দিন। এবার পায়ের টুকরাগুলো ভালোভাবে মাঝারি আঁচে ভেজে নিন। তুলে একই তেলে ক্রিম বাদে বাকি মসলা দিয়ে কষিয়ে নিন। প্রয়োজনমতো পানি দিয়ে ফুটিয়ে নিন। এতে ভেজে রাখা পায়ের টুকরাগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন। মাখো মাখো হয়ে এলে আঁচ বন্ধ করে ক্রিম ও মাখন ছড়িয়ে ঢেকে রাখুন। নামিয়ে পছন্দমতো পরিবেশন করুন।