এফডিসির খাবারের রাজ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেঁশেলে চলছে রান্নাবান্না, সিনেমা ও নাটকের সেটে সেটে চলে যাবে খাবারগুলো। ছবি: খালেদ সরকার
হেঁশেলে চলছে রান্নাবান্না, সিনেমা ও নাটকের সেটে সেটে চলে যাবে খাবারগুলো। ছবি: খালেদ সরকার

ঢাকার কারওয়ান বাজার মোড় থেকে হোটেল সোনারগাঁওয়ের পাশ ধরে ট্রেন লাইন অবধি যাওয়ার সময় নাকে রুমাল চাপেন অনেকেই। বড় একটা মাছের আড়ত পাড়ি দিতে হয় বলেই এমন দশা। অবশ্য ভোর হওয়ার আগ থেকেই এলাকাটা জমজমাট। বেলা বাড়লে আড়ত থেকে মাছেরা বিদায় নেয়। লোকজনও কমতে থাকে। কিন্তু কাঁচা মাছের গন্ধ এলাকাটা দখল করে রাখে পুরো দিন। তবে আপনি যদি নাকে রুমাল চেপে কোনোমতে রেললাইনটা টপকাতে পারেন, তাহলেই হয়েছে।

দারুণ সব খাবারের সুঘ্রাণ আপনাকে বেঁধে ফেলবে। আপনি যদি খানিকটা ভোজনরসিক হন, তাহলে সামনে যে এফডিসির একটা গেট আছে, সেটা বেমালুম ভুলে যাবেন। খুঁজতে থাকবেন ঘ্রাণের উৎস। খোঁজাখুঁজির ঝামেলা এড়াতে চলুন আপনাকে বরং নিয়ে যাই এফডিসির খাবারের রাজ্যে।
‘এফডিসির খাবার’ বলতে রুপালি পর্দা ও পর্দার পেছনের মানুষদের জন্য শুটিং স্পটে যে খাবার খান, তা-ই। খাবারগুলো রান্না হয় এখানেই, এ কারণেই সুঘ্রাণ ভেসে আসে রাস্তায়ও। শুটিং-সংশ্লিষ্ট ছাড়াও সাধারণ যে-কেউ নিতে পারবেন এই খাবারের স্বাদ। শুধু মাথায় রাখতে হবে দুটি তথ্য, এখানে বসে খেতে চাইলে আসতে হবে দুপুরবেলা। আর বাসা বা কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার দিতে চাইলে দিতে হবে কমপক্ষে দু-এক দিন আগেই। ঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যাবে খাবার।

রান্না ও খাওয়াদাওয়া

কারওয়ান বাজার মোড় থেকে রেললাইন পার হয়ে একটু হাঁটলেই গাড়ি মেরামতের গ্যারেজ। সেখানে যে-কাউকে ‘এফডিসির খাবার কোথায় পাওয়া যায়’ জিজ্ঞেস করলেই গলিটা দেখিয়ে দেবে। গাড়ির গ্যারেজের পাশ দিয়ে হাতের ডানের প্রথম গলিতে ঢুকলেই চোখে পড়বে তিনটি হোটেল। শুরুতে সালেহ হোটেল, তারপর কালু মিয়ার হোটেল এবং সবশেষে হালিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। প্রতিটি হোটেলের পেছনের দিকে পাঁচ থেকে আটটি চুলা বসানো। সকালেই সেই চুলাতে হাঁড়ি চাপে। হাঁড়ি বলতে বড় বড় কড়াই। তবে ভাতটা রান্না হয় বড় পাত্রে। রান্না শেষে এখানেই খাবার পরিবেশন করা হয়। আর চাহিদা অনুযায়ী খাবার পাঠানো হয় নির্দিষ্ট শুটিংবাড়িতে। সেখানেও পরিবেশন করেন এখানকার কর্মীরাই। তবে বাইরে খাবার নিয়ে গেলে খাবারের দামের সঙ্গে যাতায়াত ভাড়াটা যোগ করতে হয়।

কী পাওয়া যায়?
এফডিসির খাবার বলতে এখানে কী পাওয়া যায়? এই প্রশ্নের চেয়ে বরং করা যায়, কী পাওয়া যায় না এখানে? দেশি নানা ধরনের পদ থেকে শুরু করে পোলাও, বিরিয়ানি ও খিচুড়ি পাওয়া যাবে। এসবের জন্য দু-এক দিন আগে অর্ডার দিতে হবে। সেই অর্ডার হতে হবে কমপক্ষে ১৫ জনের বেশি। এ ছাড়া নিয়মিত খাবারের তালিকায় আছে ভাত, গরুর কালাভুনা, মুরগির ঝাল ফ্রাই, ছোট ও বড় মাছ, ডাল, নানা ধরনের সবজি ও ভর্তা।
১০ বছর ধরে এই রেস্টুরেন্টগুলোতে খাবার খান একটি বেসরকারি প্রতিষ্ঠানের গ্রাফিক ডিজাইনার মাসুদ হাসান। বললেন, ‘এখানে বাড়ির খাবারের স্বাদ পাওয়া যায়। এ কারণেই দুপুরের খাবারটা এখানেই সারি।’ বলেন, এখানে চাহিদা অনুযায়ী রান্নাও করে নেওয়া যায়। যেমন সপ্তাহের একটা দিন সব সহকর্মী মিলে বিশেষভাবে রান্না করান এখানে। খানও সবাই মিলে।

দামদর
এফডিসির খাবারের বড় সুবিধা হলো, আপনি যা-ই খাবেন ভাত ও ডাল আপনার জন্য ‘আনলিমিটেড’। এ ছাড়া বাকি সবকিছুর জন্য আছে প্যাকেজ। জিনিসপত্রের দামের কারণে মাঝেমধ্যে এই প্যাকেজ ওঠানামা করে। কালু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক কালু মিয়া বলেন, বর্তমানে ভাত, ডাল, গরুর কালাভুনা ও তিন পদের সবজি দিয়ে প্যাকেজের দাম ১২০ টাকা, একই প্যাকেজের কালাভুনার বদলে মুরগির ঝাল ফ্রাই নিলে ৯০ টাকা এবং মাছ নিলে ৮০ টাকা। আর অর্ডার দিলে যেকোনো পদ কমবেশি করে দামেও কমবেশি করা যাবে। হালিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক জোসনা বেগম বলেন, ‘খাবারের দাম তুলনামূলক কম হলেও ক্রেতার চাপ আছে। এ কারণেই আমাদের পুষিয়ে যায়।’

কী আছে কালাভুনায়?
এফডিসির খাবারের লোভনীয় তালিকায় আছে গরুর কালাভুনা। তারকাদের কাছেও এই পদ ব্যাপক জনপ্রিয়। কোন তারকা এই খাবার বেশি পছন্দ করেন, হড়বড় করে বললেন আবু সালেহ হোটেলের ম্যানেজার রফিকুল আলম। যেমন একটা সময় শাকিব খান, ফেরদৌস, রিয়াজ কালাভুনা অনেক পছন্দ করলেও এখন কম খান। নায়িকাদের মধ্যেও আছে কালাভুনার কদর।
আসলে কী আছে কালাভুনায়? কালু মিয়া বলেন, ‘এটার একটা গোপন রহস্য আছে। সেটা বাদ দিয়ে বলতে হলে বলব, মসলা দিয়ে মাখিয়ে এটা রান্না হয় অনেকক্ষণ ধরে। কালো না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আর রান্নাও হয় মাটির চুলায় কাঠের লাকড়ি দিয়ে। এ কারণে আলাদা একটা স্বাদ তৈরি হয়।’ একই মতামত দিলেন জোসনা বেগম। ‘রান্নার একটা ক্যারিশমা আছে। আর আমরা কেনার সময় মাংসটাও বেছে কিনি। গরু বলে মহিষের মাংস কিনি না।’

তারকাদের কথা

পূর্ণিমা
পূর্ণিমা

আমার পছন্দ কালাভুনা ও ভর্তা। এখন অবশ্য খুব বেশি খাওয়া হয় না। কিন্তু কালাভুনা সামনে পেলে সব ভুলে যাই। একসঙ্গে তিন-চার প্লেট ভাত খেয়ে ফেলি।
পূর্ণিমা

আরিফিন শুভ
আরিফিন শুভ

এফডিসির সব খাবারই সুস্বাদু। বিশেষ করে ডাল, সবজি ও মাছ। মাছের ডিম ও যে আলু ভাজিটা করে, ওটা অসাধারণ।
আরিফিন শুভ

পরীমনি
পরীমনি

এফডিসিতে একটা কথা প্রচলিত আছে, এফডিসির ডাল খেয়েছ তো আর সিনেমা ছাড়তে পারবে না। এ কারণেই কিনা কে জানে, আমার ডালটা খুবই পছন্দ।
পরীমনি

মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ

কালাভুনা ও ভর্তা আমি খুবই পছন্দ করি। এফডিসির এই খাবারগুলো সামনে পেলে অন্য কোনো খাবার খেতে পারি না।
মৌসুমী হামিদ

এফ এস নাঈম
এফ এস নাঈম

এফডিসির খাবারের মধ্যে নানা ধরনের সবজি আমার খুব পছন্দ। মাছের ডিম দিয়ে আলু, মিষ্টিকুমড়া, সবজি আর হলুদ ছাড়া মুরগির কারি দুর্দান্ত। খুব মজা করে খাই।
এফ এস নাঈম