এবার ঝাল পদ
ঝাল ভুনা খিচুড়ি

উপকরণ: মুগডাল ভাজা ১ কাপ, আদা মিহি কুচি ২ চা-চামচ, বাসমতী চাল ২ কাপ, তেজপাতা ২টি, রাজমা ১ কাপ, এলাচি ও দারুচিনি ৩টি করে, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, রসুন ছোট কুচি ২ টেবিল চামচ, নারকেল কুচি সিকি কাপ, আদা বাটা দেড় টেবিল চামচ, ঘি সিকি কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, সয়াবিন তেল সিকি কাপ, জিরা গুঁড়া ১ চা-চামচ, আচারসহ আচারের তেল ২ টেবিল চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পোস্ত দানাবাটা ১ টেবিল চামচ, এলাচি গুঁড়া, দারুচিনি, জয়ফল ও জয়ত্রী গুঁড়া ১ টেবিল চামচ।
প্রণালি: বাসমতী চাল ২০ মিনিট ও ভাজা মুগডাল ১০ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে একসঙ্গে করে রাখতে হবে। রাজমা ১ ঘণ্টা ভিজিয়ে রেখে লবণ দিয়ে আধা সেদ্ধ করে নিতে হবে। নারকেল কুচি ১ টেবিল চামচ ঘিতে ভেজে নিন। হাঁড়িতে তেল ও ঘি দিয়ে এলাচি-দারুচিনির ফোড়ন দিয়ে আদা ও রসুন কুচি ভেজে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে চাল ও ডালের দেড় গুণ পানি দিন। যখন ফুটে উঠবে তখন ভেজানো চাল, ডাল ও রাজমা দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। চালের পানি যখন সমান হবে, তখন পেঁয়াজ বেরেস্তা ও নারকেল কুচি আচারের তেল দিয়ে নেড়ে ১৫ মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন।
থাই সসে মুরগি

উপকরণ: ক. মুরগি ১টা (১ কেজি পরিমাণ), মাস্টার সস ১ টেবিল চামচ, আদা বাদা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, সয়াসস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো ও মাখন ২৫০ গ্রাম।
খ. সস: টমেটো চিলি সস ১ কাপ, তেঁতুলের ক্বাত ১ চা-চামচ, স্বাদ লবণ (টেস্টিং সল্ট) ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, চিনি ৩ টেবিল চামচ, ভিনেগার ৪ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ ও রসুন বাটা ১ টেবিল চামচ (অল্প পানি দিয়ে গোলানো)।
প্রণালি: মুরগি ৪ টুকরা করুন। প্রতিটি টুকরায় ছুরি দিয়ে ২-৩টি করে গভীর দাগ কেটে নিন। হাতুড়ি বা ভারী কিছু দিয়ে পিটিয়ে নিতে হবে। এবার মাখন বাদে সব মসলা দিয়ে মুরগি মেরিনেট করে ২ ঘণ্টা ঢেকে রেখে দিন। এরপর ফ্রাইপ্যানে মাখন দিয়ে মুরগির টুকরোগুলো বিছিয়ে দিয়ে ওপরে ভারী কিছু দিয়ে চেপে দিতে হবে। এক পিঠ বাদামি রং হলে অন্য পিঠ উল্টিয়ে একই নিয়মে ভেজে বানানো সসে ৫ (পাঁচ) মিনিট দমে রেখে পরিবেশন।
সস বানানোর প্রণালি: আধা কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে উপকরণ ‘খ’-এর সবকিছু একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিলেই সস হয়ে যাবে।
বাটার বিফ অনিয়ন

উপকরণ: ক. গরুর মাংস ১ কেজি (হাড় ছাড়া), মরিচ গুঁড়া ২ চা-চামচ, পেঁয়াজ বাটা সিকি কাপ, হলুদ গুঁড়া আধা
চা-চামচ, রসুন বাটা ২ চা-চামচ, এলাচি ৪ টুকরা, আদা বাটা দেড় টেবিল চামচ, দারুচিনি ৪ টুকরা ও পানি আধা কাপ (সেদ্ধ করার জন্য)।
খ. কাবাব মসলা ১ টেবিল চামচ, সয়াবিন তেল সিকি কাপ, শুকনা মরিচ ৬/৭টা, পেঁয়াজ মোটা রিং করে কাটা ৪ কাপ ও গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ।
প্রণালি: ক. হাড় ছাড়া টানা মাংস ৩ ইঞ্চি লম্বা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে ‘ক’-এর সব উপকরণ একসঙ্গে দিয়ে সেদ্ধ করতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে পানি শুকিয়ে নিতে হবে। সেদ্ধ মাংস ঠান্ডা হলে প্রতিটা টুকরো আধা ছ্যাঁচা করে নিতে হবে।
খ. প্যানে মাখন ও তেল দিয়ে শুকনা মরিচের ফোড়ন দিতে হবে। মরিচ একটু ভাজা ভাজা হলে রিং করে কাটা পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ যখন চকচকে হবে, তখন ছ্যাঁচা মাংস দিতে হবে। কাবাব মসলা ও গোলমরিচ দিতে হবে। দমে রান্না করতে হবে। যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে, তখন নামিয়ে লুচি, পরোটা ও পোলাও—সবকিছুর সঙ্গে পরিবেশন করা যাবে।
কোয়েলের ডিমে তেহারি

উপকরণ: ক. পোলাওয়ের চাল ২ কাপ, সেদ্ধ ডিম ২টা, কিশমিশ আধা কাপ, বেরেস্তা ২ টেবিল চামচ, এলাচি ও দারুচিনি ৩ টুকরা করে, কালোজিরা ১ চা-চামচ, ঘি আধা কাপ, মুরগির টুকরা বা খিচুড়ি কিউব ২টি, লবণ পরিমাণমতো, সেদ্ধ কাবলি বুট আধা কাপ ও কেওড়াজল ১ টেবিল চামচ।
খ. কোয়েল পাখির ডিম ৮টা, আলু টুকরা করে কাটা ১ কাপ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, গরমমসলা গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৮/১০টা, সয়াবিন তেল সিকি কাপ, টক দই সিকি কাপ ও লবণ স্বাদমতো।
প্রণালি: খ. আলু টুকরা করে কেটে লবণ মেখে ডুবো তেলে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। কোয়েল পাখির ডিম সেদ্ধ করে লবণ দিয়ে অল্প তেলে সেঁতে নিতে হবে। পাত্রে তেল দিয়ে ‘সব মসলা টক দই ও ১ কাপ পানি দিয়ে কষিয়ে আলু ভাজা, সেদ্ধ কাবলি বুট ও ডিম দিয়ে ঢাকনাসহ কিছুক্ষণ দমে রেখে নামাতে হবে।
ক. পোলাওয়ের চাল ১০ মিনিট ভিজিয়ে রড়িয়ে নিন। রাইস কুকারে ঘি গরম করে কালো জিরার ফোড়ন দিয়ে এলাচি-দারুচিনিসহ নেড়ে চালের দেড় গুণ অর্থাৎ ৩ কাপ পানি দিতে হবে এবং রাইস কুকার চালু করে দিতে হবে। পানি গরম হলে ঝরানো চাল ২ টুকরো চিকেন কিউব ও কাঁচা মরিচ দিয়ে আবার রাইস কুকার চালু করে দিতে হবে। চাল পুরোপুরি হওয়ার আগেই কুকার খুলে লবণ চেখে কোয়েল পাখির ডিম রান্না, কিশমিশ ও কেওড়াজল দিয়ে নেড়ে আবার কুকার চালু করে দিতে হবে। যখন চাল হয়ে কুকারের হলুদ বাতি জ্বলবে, তখন ওপরে বেরেস্তা ও সেদ্ধ ডিম গ্রেট করে দিয়ে আবার কুকারের ঢাকনা বন্ধ করে দিতে হবে। পাঁচ মিনিট পর পরিবেশন।

চিকেন লিভার ফ্রাই
উপকরণ: মুরগির কলিজা গিলা ১৫টি, মরিচ গুঁড়া ২ চা-চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, আদা বাটা ২ চা-চামচ, তেল পৌনে এক কাপ, রসুন বাটা ১ চা-চামচ, তেজপাতা ২টি, বাদাম বাটা ২ চা-চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা-চামচ, পোস্ত দানা বাটা ১ চা-চামচ, টক দই ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, কাবাব মসলা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও গোলমরিচ গুঁড়া ১/৪ চা-চামচ।
প্রণালি: মুরগির কলিজাগুলো গরম পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে সিকি ইঞ্চি পুরু টুকরা করে কেটে নিতে হবে। গিলাগুলো সেদ্ধ করে শক্ত অংশটা বাদ দিয়ে টুকরো করে কেটে নিতে হবে। পাত্রে তেল দিয়ে তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। এবার এতে জিরার গুঁড়া ও বেরেস্তা বাদে বাকি সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে কষাতে হবে। সঙ্গে আধা কাপ পানি দিয়ে দই ফেটে দিতে হবে। মসলা কষানো হলে কলিজা-গিলা দিয়ে কষিয়ে প্রয়োজনমতো পানি হবে। চিনি দিয়ে বেরেস্তা গুঁড়া করে দিতে হবে। কলিজা-গিলা সেদ্ধ হয়ে মসলা মাখা মাখা হলে জিরার গুঁড়া দিয়ে ২/৩ মিনিট চুলায় রেখে নামিয়ে গরম গরম পরিবেশন।
* না কেটে কজিলা-গিলা আস্ত রেখেও একই নিয়মে রান্না করা যায়।