ঐতিহ্য আর আধুনিকতার স্বাদ সোনারগাঁওয়ের ইফতারিতে

ঢাকার পাঁচতারকা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পবিত্র রমজান উপলক্ষে থাকছে বিশেষ ইফতারির আয়োজন। হোটেলের ক্যাফে বাজার রেস্টুরেন্টে থাকছে হোটেলের নিজস্ব বিশেষজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু ইফতারির বুফে। আরবের ঐতিহ্যবাহী খাবার, লাইভ কুকিং স্টেশন এবং প্রাণজুড়ানো শরবত ও পানীয় সমাহারে সাজানো হয়েছে এবারের রমজানের ইফতারির বুফে।
তবে মূল আকর্ষণ থাকছে আরবের নানা ঐতিহ্যবাহী খাবার। হরেকরকম ইফতারির বিশাল সম্ভার থেকে অতিথিরা সহজেই বেছে নিতে পারবেন নিজেদের পছন্দমতো খাবার। সব মেন্যুতে থাকছে আরবের ঐতিহ্যবাহী হট অ্যান্ড কোল্ড মেজজেহ থেকে ডিপ ফ্রাইড কেব্বেহ এবং সবজির ফ্যাটায়ের আর পেটিস। বুফে আয়োজনের মূল ডিশগুলোর মধ্যে আছে বিভিন্ন মাংসের আইটেম যেমন: শিস তাওয়াক, ওরিয়েন্টাল রাইসের সঙ্গে ল্যাম্ব শাঙ্ক এবং থাকছে হোটেলের নিজস্ব হালিম ও জিলাপি। সবশেষে তৃপ্তির সঙ্গে আপনার ইফতারি শেষ করার জন্য রয়েছে পুষ্টিকর ও সুস্বাদু সব ডেজার্ট।
প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার মার্কেটিং ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক সালমান কবির বললেন, রমজানে অতিথিদের জন্য বিশেষ ইফতারির আয়োজন থাকছে প্রতিবছরের মতোই। অন্যান্য বছরের মতো এবারও নতুন অভিজ্ঞতা এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে পরিপূর্ণ সময় কাটানোর সুযোগ করে দিতে চেষ্টা করেছেন তাঁরা। তিনি বললেন, একসঙ্গে ১৫ জনের ওপরে গ্রুপ সার্ভিসিংয়ের সুবিধা থাকায় যাঁরা পরিবার ও বন্ধুদের সঙ্গে একত্রে ইফতার করতে চান, ক্যাফে বাজার রেস্টুরেন্ট তাঁদের জন্য উপযুক্ত স্থান।

সালমান কবির জানালেন, আরবের ঐতিহ্যবাহী খাবার তাঁদের ইফতারিতে নতুন মাত্রা যোগ করেছে। এসব খাবারের স্বাদেও লোভনীয়। আর ল্যাম্ব শাঙ্ক ও অ্যারাবিয়ান চিকেন রাইসের কদর বেশ।
আর এই দুটি খাবারের রেসিপি প্রথম আলোর পাঠকদের জন্য তুলে ধরলেন সোনারগাঁওয়ের প্রধান শেফ বা রান্নাবিদ ডমিনিক গোমেজ। চাইলে নিজেরাই ঘরে এ দুটি খাবার তৈরির চেষ্টা করতে পারেন।
অ্যারাবিয়ান চিকেন রাইস
উপকরণ: (৫ জনের জন্য)। মুরগির রান ও বুক ৫০০ গ্রাম, ক্লারিফাইড বাটার, সয়াবিন তেল ২০ গ্রাম, বাসমতি চাল ৫০০ গ্রাম, আদা পেস্ট ও রসুনবাটা ২০ গ্রাম, কাচা মরিচ ৫টা, এলাচ ৫টা, কিশমিশ ২০ গ্রাম, বাদাম ৫০ গ্রাম, পেঁয়াজ ১০০ গ্রাম, দই ১০০ গ্রাম, ডিম ৫টা, লবণ ও লেবুর রস।
প্রণালি: মুরগি পরিষ্কার করতে হবে (এক মুরগিতে ৮ পিস), চাল ধুয়ে নিতে হবে। তেল ও পেঁয়াজ কিছুক্ষণ ভেজে অন্যান্য উপকরণ মিশিয়ে মুরগি ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পাকানোর পর পানি দিতে হবে পরিমাণমতো। মুরগি সেদ্ধ হলে তা তুলে ওই পানিতেই চাল দিতে হবে। চাল সেদ্ধ হওয়ার মতো অবস্থায় আসার পর সেখানে আবার মুরগির পিস দিতে হবে। ডিম সেদ্ধ করতে হবে। এরপর পানি কমে গেলে তা কিশমিশ, বাদাম, ধনেপাতা ও ডিম দিয়ে পরিবেশন করা যাবে।

ল্যাম্ব শাঙ্ক
উপকরণ: ভেড়ার পা ২ পিস, লবণ, অলিভ অয়েল দুই টেবিল-চামচ, পেঁয়াজ ১টা, গাজর ১টা, আলু ২টা, ধনেপাতার কুচি, রসুন, জিরা, তেজপাতা, টমেটো, সস পরিমাণমতো।
প্রণালি: প্রথমে ভেড়ার পা পরিমাণমতো বিভিন্ন উপকরণের সঙ্গে মাখিয়ে হালকা অলিভ অয়েল দিয়ে ভেজে নিতে হবে। এরপর দরকারি উপকরণ দিয়ে কষিয়ে নিতে হবে। ঘণ্টা দুই সেদ্ধ করে পানি কমিয়ে ফেলতে হবে। সেদ্ধ হলে পা তুলে পরিবেশন করা যাবে। এ সময় সস বা প্রয়োজনীয় উপাদান দিয়ে পরিবেশন করা যাবে। এটি নান রুটি বা রাইসের সঙ্গে খাওয়া যাবে।