ঐতিহ্যবাহী মিষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহ্যবাহী মিষ্টির কদর আছে এবং থাকবে সব সময়। খাবারের তালিকায় ফিরনি, সেমাই না থাকলে ঈদের দিনে মিষ্টিমুখ হয় না যেন। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
জাফরানি শাহি জর্দা
জাফরানি শাহি জর্দা

জাফরানি শাহি জর্দা

উপকরণ: পোলাওয়ের চাল অথবা বাসমতি চাল ১ কাপ, চিনি দেড় কাপ, ঘি ২ টেবিল চামচ, মাওয়া ২ টেবিল চামচ, আনারস কুচি ২ টেবিল চামচ, সবুজ এলাচি গুঁড়া আধা চা-চামচ, তেজপাতা ১টি, জাফরান ১ চা-চামচ, কাজুবাদাম ১ টেবিল চামচ, পেস্তাবাদাম ২ টেবিল চামচ, কাঠবাদাম ১ টেবিল চামচ, খেজুর কুচি ১ টেবিল চামচ, কেওড়া জল ১ চা-চামচ, কিশমিশ পছন্দমতো।
প্রণালি: পানিতে জাফরান, এলাচি, তেজপাতা ফুটিয়ে চাল সেদ্ধ নিন। ঘিতে আনারস সামান্য চিনি দিয়ে ভেজে কিশমিশ ও বাদাম ভাজুন। এরপর বাকি চিনি ও ভাত ঢেলে নাড়ুন। সবশেষে মাওয়া, খেজুর ও কেওড়া জল দিয়ে নামিয়ে নিন।

চকলেট শাহি টুকরা
চকলেট শাহি টুকরা

চকলেট শাহি টুকরা
উপকরণ: পাউরুটি ৬ টুকরা, ঘন দুধ দেড় কাপ, ক্রিম ২ টেবিল চামচ, কোকো পাউডার দেড় টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ, চকলেট সিরাপ ২ টেবিল চামচ, বাদাম কুচি ২ টেবিল চামচ, এসেন্স ২-৩ ফোঁটা।
প্রণালি: পাউরুটি প্রতিটি ৪ টুকরা করে কাটুন। ঘিতে লাল রং করে ভেজে নিন। দুধের সঙ্গে চিনি, চকলেট সিরাপ ও কোকো পাউডার মিশিয়ে জাল দিন। ক্রিম ও এসেন্স দিয়ে ভাজা পাউরুটিতে ঢেলে দিন। কিশমিশ, বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

জর্দা-সেমাই
জর্দা-সেমাই

জর্দা-সেমাই
উপকরণ: সেমাই ১ প্যাকেট, চিনি আধা কাপ/স্বাদমতো, কোরানো নারকেল ১ কাপ, কিশমিশ, বাদাম ও খেজুর আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরা।
প্রণালি: সেমাই তাওয়াতে অল্প আঁচে টেলে নিন। এবার টালা সেমাই ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। ঘিতে তেজপাতা, দারুচিনি, বাদাম, কিশমিশ ভেজে নিন। এবার এতে সেমাই ও নারকেল ঢেলে দিন। ১ কাপ পানি ও চিনি দিয়ে নাড়ুন। পানি শুকিয়ে ঝরঝরে হয়ে এলে নামিয়ে নিন।

ফিরনি
ফিরনি

ফিরনি
উপকরণ: পোলাওয়ের চাল আধা কাপ, দুধ দেড় লিটার, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, সাবুদানা ৩ টেবিল চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ১ টুকরা, চিনি ১ কাপ, বাদাম বাটা ১ টেবিল চামচ, কিশমিশ ৩ টেবিল চামচ, বাদাম কুচি ৩ টেবিল চামচ।
প্রণালি: পোলাওয়ের চাল ভিজিয়ে রাখুন। এবার পাটায় আধা ভাঙা করে নিন। দুধের সঙ্গে কিশমিশ, বাদাম ছাড়া বাকি সব উপকরণ দিয়ে জাল দিন। ঘন ঘন নাড়ুন। চাল সেদ্ধ হয়ে নরম হয়ে এলে কিশমিশ, বাদাম দিয়ে নামিয়ে নিন।

দুধ সেমাই
দুধ সেমাই

দুধ সেমাই
উপকরণ: সেমাই ২০০ গ্রাম, দুধ ১ লিটার, চিনি ১ কাপ, কোরানো নারকেল আধা কাপ, এলাচি ২টি, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ১টি, বাদাম ও কিশমিশ পছন্দমতো।
প্রণালি: দুধে এলাচি, দারুচিনি, তেজপাতা দিয়ে ফোটান। দুধ ফুটে উঠলে সেমাই, চিনি ও নারকেল দিয়ে নাড়ুন। সেমাই সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। বাদাম, কিশমিশ দিয়ে পরিবেশন করুন।