ওটসের স্বাদে ভিন্নতা

ওটস মিষ্টি দই
উপকরণ: ৫ চা-চামচ রোস্টেড ও পাউডার ওটস, ১ কাপ লো-ফ্যাট দই, ৩ চা-চামচ চিনি, ২ চা-চামচ ক্যারামেলাইজ চিনি, সিকি চা-চামচ ভ্যানিলা ফ্লেভার।
* ওটসগুঁড়া তৈরির জন্য ২-৩ মিনিট শুকনো ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিন।
প্রণালি: দই ও চিনি মিশিয়ে ফেটে নিন। পাউডার ওটস ও ভ্যানিলা ফ্লেভার যোগ করুন। ফ্রিজে ৩০ মিনিট রাখুন। চাক চাক করে কাটা ফলের সঙ্গে পরিবেশন করুন।

ওটস কলা-আম প্যানকেক
উপকরণ: এক কাপের চার ভাগের তিন ভাগ (১৭৫ গ্রাম) ওটসগুঁড়া, ফালি করে কাঠা ১টি কলা অথবা ১টি পাকা আম, সিকি কাপ ময়দা, ২টি ডিমের সাদা অংশ, আধা কাপ থেকে এক কাপের চার ভাগের তিন ভাগ পর্যন্ত স্কিমড মিল্ক, স্বাদ অনুযায়ী চিনি, ১ চা-চামচ ভ্যানিলা ফ্লেভার।
* ওটসগুঁড়া তৈরির জন্য ২-৩ মিনিট শুকনো ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিন।
প্রণালি: মিক্সচারে স্লাইস করে কাটা আম অথবা কলা দুধের সঙ্গে মিশিয়ে পিউরি তৈরি করুন। পিউরির সঙ্গে ওটসগুঁড়া, ময়দা, ডিমের সাদা অংশ, চিনি, ভ্যানিলা ফ্লেভার এবং বাকি পরিমাণ দুধ যোগ করে থকথকে ঘন করে প্যানকেক মিক্স তৈরি করুন। ননস্টিক প্যান গরম করে হালকা আঁচে ২ টেবিল চামচ প্যানকেক মিক্স ঢেলে ভালো করে ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে মাঝারি শিখায় ২ মিনিট রাখুন। চারদিকে বাদামি রং ধারণ করলে প্যান থেকে তুলে প্লেটে রাখুন এবং ওপরে ছড়িয়ে দিয়ে রোল করে পরিবেশন করুন।