কফি ও মিউজিক

অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭৯১ সালে মোৎজার্ট এক কাপ ব্ল্যাক কফি আর পাইপ নিয়ে বসে ‘ক্ল্যারিনেট কনসার্টো’ কম্পোজিশনের শেষ অংশটুকু কম্পোজ করে ফেলেছিলেন। এই অংশটুকু তৈরি হয়েছিল তার সেই ক্যাফেইন আর পাইপের প্ররোচনায়, যা তিনি তাঁর স্ত্রীকে লেখা একটি চিঠিতে উল্লেখ করেছিলেন। ইতিহাসবেত্তারা হয়তো স্বীকার করবেন যে সেই সময়ে শিল্প ও সাহিত্যের বেশ কিছুটা অংশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ‘কফি’ বিষয়টি জড়িয়ে আছে। তখনো বাণিজ্যিকভাবে কফির প্রচলন না থাকলেও জনপ্রিয়তার প্রভাবেই ক্যাফেগুলো গড়ে উঠতে থাকে।

মোৎজার্ট এক কাপ ব্ল্যাক কফি আর পাইপ নিয়ে বসে ‘ক্ল্যারিনেট কনসার্টো’ কম্পোজিশনের শেষ অংশটুকু কম্পোজ করেন
ছবি: উইকিপিডিয়া

ইতালিয়ান কম্পোজার জোয়াক্কিনো রসিনিও একই তালে তাল মিলিয়েছেন। তাঁর একটি অপেরা কম্পোজ করতে ১৫-২০ দিন সময় লাগে আর এই সময়ে তাঁর সঙ্গী থেকেছে কফি। তিনি তাঁর কম্পোজিশনগুলোর মধ্যে বেশ কিছু তৈরি করেছেন ক্যাফেইনের উৎসাহের ওপর ভর করে।

ফলে মিউজিক আর কফির মধ্যে একটি যোগাসূত্র যে রয়েছে, সেটি আঁচ করাই যায়। আঠারো শতকের দিকে অ্যান্টনিও ভিভালদি, জর্জ ফিলিপ টেলম্যান, বাখ, হেইডেন, মোৎজার্ট, বেটোফেনসহ আরও অনেকের কম্পোজিশনে একধরনের এনার্জি লক্ষ করা যায়, যার পেছনে ক্যাফেইনের একটি সূক্ষ্ম ভূমিকা আছে বলে ধারণা করা হয়। যদিও এই ক্যাফেইনের পরিচয় ইউরোপ মুলুকের সবার সামনে মোটামুটি পরিচিত হতে শুরু করে আরও পরে।

একবার চিন্তা করে দেখুন তো, কফিশপে কফি হাতে বসেছেন, অথচ সেখানে কোনো মিউজিক নেই। জায়গাটি যে অসম্পূর্ণ লাগবে, তা বলাই বাহুল্য। বিষয়টি হয়তো কোনো দিন সেভাবে খেয়ালই করা হয়ে ওঠেনি অনেকের। এই দুইয়ের মধ্যকার সম্পর্কের জেরে কফিশপের জন্য আলাদা মিউজিক জেনার জনপ্রিয়তা পেয়েছে। মূলত জ্যাজ ও সফট রক আঙ্গিকের কম্পোজিশন এ ক্ষেত্রে বেশ উপযোগী।

প্রতীকী ছবি
ছবি: পেকজেলসডটকম

বেশ কিছু ক্যাফেতে ইলেকট্রনিক মিউজিকও শোনা যায়। আদতে যন্ত্রানুষঙ্গ এবং গানের কথার ওপর ভিত্তি করে এই মিউজিক জনারের উপযোগিতা তৈরি হয়েছে। কিছু ক্ষেত্রে দেখা যায়, একজন নির্দিষ্ট আর্টিস্টের বেশ কিছু গান এই পরিবেশের জন্য মানিয়ে যায়। নোরা জোন্স, আয়রন অ্যান্ড ওয়াইন, ল্যান্ডন পিগের মতো আর্টিস্টরা এ ক্ষেত্রে উল্লেখ করার মতো। একই জায়গায় কোল্ড প্লে, আরইএম ও ডেথ ক্যাব ফর কিউটির মতো ব্যান্ডের কিছু গান হয়তো এক কাপ আইসড অ্যামেরিকানোর সঙ্গে আড্ডার রসদ জোগাবে।

পুরো বিষয়টির পেছনে মুখ্য ভূমিকা রাখে ক্যাফেইন। কফির ভেতরের প্রধান এই উপাদান আপনার অবসাদ দূর করে। ক্লান্তিময় দিন কিংবা একেবারে বেকার একটি দিনেও আপনার চিন্তাভাবনাকে সতেজ করে এই উপাদান। একই সঙ্গে আপনার চিন্তার ফাঁকা জায়গাগুলোকে পূর্ণতা দেবে উপযুক্ত কোনো মিউজিক। ব্যাপারটি অনেকটা ফাঁকা ক্যানভাসের মতো, যেখানে আপনি নিজের পছন্দমতো আঁকতে পারেন।

বঙ্গদেশে অবশ্য কফির জনপ্রিয়তা খুব বেশি দিনের নয়। বড়জোর দশক হবে। ফলে এখানকার কফি কালচার নিয়ে অনেক বেশি কিছু বলা যায় না। কয়েক বছর আগেও বাংলাদেশে কফির পরিচয় ছিল চায়ের বিকল্প হিসেবে। তবে ইদানীং কফিপাগল ও সত্যিকারের কফির মজা নেওয়ার মতো মানুষের সংখ্যা নেহাত কম নয়।

প্রতীকী ছবি
ছবি: একা সুতৃষ্ণ, পেকজেলসডটকম

স্বাভাবিকভাবেই ভালো মানের কিছু কফিশপ গড়ে উঠেছে। কিংবা উল্টো করে বললে, ভালো মানের কফিশপগুলোর জন্য অনেকেই এখন কফির আসল পরিচয়টি জানে। যদিও এই সংখ্যা রাজধানীর বাইরে কম। তবে ইদানীং রাজধানীর বাইরে বড় শহরগুলোতেও এর আঁচ পড়তে শুরু করেছে। সেখানে গেলে এই মিউজিকের সঙ্গে কফির সম্পর্ক নিজেই খুঁজে পেতে পারেন। প্রায় সব কফিশপে দেশের বাইরের মিউজিকই প্রাধান্য পায়। বাংলা গানে যে এ ধরনের মিউজিক একেবারেই নেই, তা কিন্তু নয়।

কফির উপাদান কিংবা এর স্বাদের সঙ্গে মিউজিকের একটি সম্পর্ক থাকলেও সবাই যে একই ভাবনা ভাবছেন; তা কিন্তু নয়। সবাই সংগীতপ্রেমী না–ও হতে পারেন। তাঁদের জন্য অবশ্য মিউজিক একটি বাড়তি সুবিধা দেয়। নিজের মতো সময় কাটাতে গেছেন, কিন্তু অপ্রয়োজনীয় কিছু শব্দ, কথা কিংবা হইচই কানে আসতে পারে। মিউজিক এ ক্ষেত্রে একটি চমৎকার পরিবেশ তৈরি করে দেবে আপনাকে। এতে করে আপনার একান্ত সময়গুলো আপনার হাতেই থাকবে।

প্রতীকী ছবি
ছবি: শেভানন, পেকজেলসডটকম

একজন বারিস্তাও ঠিক সেই মুহূর্তকে যেন বুঝে যান এবং মানানসই গান অথবা মিউজিক ট্র্যাক চালিয়ে দেন। কিছু কিছু কফিশপ কিংবা ক্যাফেতে ব্যবস্থা আছে লাইভ মিউজিকের। এখানকার মিউজিশিয়ানরা মাঝেমধ্যে সবার সঙ্গে কথা বলেন, শ্রোতাদের পছন্দ কিংবা ঠিক ওই সময়ের জন্য উপযোগী গান করার চেষ্টা করেন। ফলে সেখানে অন্য রকম একটি অনুভূতি কাজ করে।

কফিশপে ঢোকার সময়ই কফির চমৎকার ভারী একটা গন্ধ, বারিস্তাদের হাতের টুংটাং আওয়াজ আর এর সঙ্গে মিল রেখে কোনো মিউজিক; সব মিলিয়ে যে পরিবেশ তৈরি হয়, তা বারবার একজন কফিপ্রেমিককে সেই কফিশপে যেতে বাধ্য করবে।