কাবাবের মজায়
কাবাবেরও আছে নানা ধরন। মসলা আর রান্নার কৌশলে স্বাদে এসে যায় ভিন্নতা। তেমনই কয়েকটি কাবাবের রেসিপি থাকছে এখানে

তাজ কাবাব
উপকরণ ১
আলু ৪টি (গোল স্লাইস করা), টমেটো ৪টি (গোল স্লাইস করা), পেঁয়াজ ৪টি (গোল স্লাইস করা) ও পনির তিন কোনাকারের স্লাইস করা কয়েক টুকরা।
উপকরণ ২
মাংস ১ কেজি (কিমা করা), পেঁপেবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ৩টি, দই ২ টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, আদা ১ কাপ, রসুন ১ কাপ, ডিম ২টি, পুদিনাপাতার কুচি ১ কাপ, কাঁচা মরিচের কুচি ৬টি, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ ও লবণ পরিমাণমতো।
প্রণালি
উপকরণ-২-এর সমস্ত উপাদান মাংসের কিমার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটি ওভেনপ্রুফ প্লেটে হালকা তেল মেখে নিয়ে কিছু মাংস বিছিয়ে দিতে হবে। তার ওপর দুই-তিন স্তরে আলু, টমেটো, পেঁয়াজ, মাংস ও পনির বিছিয়ে দিতে হবে। কাবাব দেখতে গোলাকার হবে। এইবার ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ১০ মিনিট প্রিহিট করে নিতে হবে। ওভেন প্রিহিট হয়ে গেলে ১ ঘণ্টা কাবাব বেক করতে হবে।

গালুটি কাবাব
উপকরণ
মাংসের কিমা আধা কেজি, পেঁপেবাটা ২ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, গরমমসলা ভেজে গুঁড়া করা ২ চা-চামচ, কাবাব মসলা ২ চা-চামচ, দুধ ২ টেবিল চামচ, পাউরুটি ২ টুকরা, ক্রিম ২ টেবিল চামচ, কাজু, পেস্তা ও বাদামবাটা ২ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ, ঘি ভাজার জন্য এবং লবণ পরিমাণমতো
প্রণালি
মাংসের কিমার সঙ্গে প্রথমে পেঁপেবাটা দিয়ে কিছুক্ষণ মেখে রাখতে হবে। দুধে পাউরুটি ভিজিয়ে নিতে হবে। এবার একে একে মাংসের সঙ্গে ঘি বাদে সব উপকরণ দিয়ে ভালো করে মেরিনেট করে নিন। গোল-চ্যাপ্টা আকারে কাবাব তৈরি করে নিন। তৈরি হয়ে গেলে ঘি দিয়ে লাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে সাজিয়ে পরিবেশন করুন গালুটি কাবাব।

প্যান কাবাব
উপকরণ
গরুর মাংসের কিমা ১ কেজি, পেঁয়াজ বড় ১টি, সিরকা ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ২ টেবিল চামচ, কাবাব মসলা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, ফেটানো ডিম ১টি, লবণ স্বাদমতো এবং তেল পরিমাণমতো
প্রণালি
পেঁয়াজ ভালো করে কুচি করে রস ফেলে বাটিতে কিমা, সব মসলা ও ডিম দিয়ে ভালো করে মেশাতে হবে। একটা ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে কিমার মিশ্রণটা দিয়ে স্প্যাটুলা বা হাতের সাহায্যে পুরো প্যানে ছড়িয়ে দিতে হবে। স্প্যাটুলা দিয়ে কিমাকে সারি সারি করে কেটে দিতে হবে। প্যান মাঝারি আঁচে রেখে ঢেকে দিতে হবে। যখন পানি ছাড়বে, তখন ঢাকনা তুলে দিয়ে পানি শুকাতে হবে। উভয় দিকে বাদামি করে ভেজে তুলতে হবে। লেমন বাটার রাইস অথবা নানরুটির সঙ্গে পরিবেশন করলে ভালো লাগবে।