কিশোয়ারের জন্য শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টান টান নাটকীয়তা আর দুর্দান্ত চ্যালেঞ্জের মধ্য দিয়ে শেষ হতে চলেছে জনপ্রিয় রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’। ১২ ও ১৩ জুলাই দুই দিনে মোট ৩ ঘণ্টা ৪০ মিনিটের গ্র্যান্ড ফিনালে পর্বের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। তবে তার আগে, আজ রোববার চূড়ান্ত পর্বে নিজের আসন নিশ্চিত করতে লড়বেন বাঙালি খাবারকে প্রতিনিধিত্বকারী বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিযোগী কিশোয়ার চৌধুরী। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই কঠিন প্রতিযোগী জাস্টিন নারায়ণ ও অ্যালিস পুলব্রুক

কিশোয়ারকে বিজয়ীর মুকুটে দেখতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ‘হ্যাশট্যাগ গো কিশোয়ার’ ট্রেন্ড। হাজারো ভক্তের শুভাকাঙ্ক্ষার পাশাপাশি কিশোয়ারকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেট তারকা আর বিশিষ্টজনেরা।

মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশ ক্রিকেটের যে মানুষটির ভক্ত গোটা বাংলাদেশ, সেই মাশরাফি বিন মুর্তজাও ভক্ত বনে গেছেন কিশোয়ারের। মাশরাফির সঙ্গে ঘনিষ্ঠ পারিবারিক পরিচয়ের সম্পর্ক রয়েছে কিশোয়ারের। বলেন, ‘ব্যক্তিগতভাবে নূপুর (কিশোয়ারের ডাকনাম) আপাকে তো আমি অনেক আগে থেকেই চিনি। আমার খেলার একদম শুরুর দিকেই মেলবোর্নে প্রথম যাই চিকিৎসা নিতে। সেখানে প্রথমে মামার বাসায় থাকার পর নূপুর আপার দুলাভাই বাবু ভাইয়ের বাসায় ছিলাম। তখন থেকেই পরিচয় নূপুর আপার সঙ্গে।

আমি আসলে অনেক সারপ্রাইজড, মানে অনেক সারপ্রাইজড যে উনি মাস্টারশেফে অংশগ্রহণ করেছেন। আর অংশগ্রহণ করাটা তো বিষয়ই, তার চেয়ে বেশি হলো উনি এ পর্যন্ত আসতে পেরেছেন; এটাই বিরাট ব্যাপার। অত্যন্ত ভালো লাগছে।’ তবে কিশোয়ারের ওপর একটু মিষ্টি অভিমান রেখেছেন সাবেক অধিনায়ক মাশরাফি। কারণ হিসেবে বলেন, ‘নূপুর আপার হাতের রান্না খাওয়া হয়নি এখনো। তাঁর বড় আপার রান্না অনেক খেয়েছি। যাক, এখন মাস্টারশেফের সেরা শেফ কিশোয়ারের রান্না খাব। আমার শুভকামনা আছে নূপুর আপার সঙ্গে। উনি ফাইনালে উঠবেন এবং চ্যাম্পিয়ন হবেন ইনশা আল্লাহ।’

মাহফুজ আহমেদ

‘অস্ট্রেলিয়ার মূলধারার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই সীমিত। যেটুকু আছে, কালেভদ্রে সেটা ক্রিকেটের কারণে। অস্ট্রেলিয়ার মানুষ খেতে পছন্দ করে। “মাস্টারশেফ অস্ট্রেলিয়া” দেশটির সবচেয়ে হাইলাইটেড শো। সেখানে একজন প্রতিযোগী কিশোয়ার চূড়ান্ত পর্বে যাচ্ছেন, যিনি কিনা বাংলাদেশি, এটা অনেক বড় আনন্দের।’ বলছিলেন বর্তমানে সিডনিতে অবস্থানরত বাংলাদেশের বড় ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাহফুজ আহমেদ।

অস্ট্রেলিয়া, ইউরোপ কিংবা ভারতীয় সুপরিচিত খাবার বাদ দিয়ে বাংলাদেশের সাধারণ খাবারকে অস্ট্রেলিয়ায় ব্র্যান্ডিং করছেন কিশোয়ার—এ বিষয়কে সবচেয়ে বড় করে দেখছেন মাহফুজ আহমেদ। তিনি আরও বলেন, ‘খাবারও একটা সংস্কৃতি। আর বলতে গেলে আমাদের এই সংস্কৃতি প্রতিনিধিত্ব কিশোয়ারই প্রথম করছেন। কিশোয়ারই আমাদের অহংকারের বিষয়, মনে রাখার আর স্বীকৃতি পাওয়ার বিষয়।’ কিশোয়ারের বাসায় খাওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বলেন, ‘কিশোয়ারের বাবার বাড়িতে আমি একাধিকবার খেয়েছি। আমার সঙ্গে আমার স্ত্রী ছিল, ছিল চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, তুষার খানসহ আরও অনেকে। কিশোয়ারের বাবা কামরুল চৌধুরীর আমন্ত্রণেই আমরা গিয়েছি তাঁর বাসায়।’

খন্দকার মাসুদুল আলম

সিডনিতে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে নিযুক্ত রয়েছেন খন্দকার মাসুদুল আলম। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের দেশটিতে নতুন পরিচয় দিচ্ছেন কিশোয়ার, এমন ভাবনা কনসাল জেনারেলের। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় বাংলাদেশি খাবারকে উপজীব্য করে কিশোয়ার এত বড় একটা অনুষ্ঠানে প্রতিযোগিতা করে যাচ্ছেন এবং এত ওপরে উঠে এসেছেন, এটা তাঁর এক বিরাট অর্জন। তিনি যে বাঙালি পরিবেষ্টিত পরিবেশে বেড়ে উঠেছেন, এরও একটা বহিঃপ্রকাশ তাঁর এ অর্জন। এ প্রতিযোগিতার বিভিন্ন পর্বে সুন্দর পারিবারিক সম্পর্কের উল্লেখ কিশোয়ার প্রায়ই করছেন। এর মধ্য দিয়ে আসলে প্রতিফলিত হয়েছে বাংলাদেশে পরিবারের সদস্যদের মধ্যকার স্বভাবজাত নিবিড় সম্পর্ক।’

অস্ট্রেলিয়ার দর্শকদের কাছে বাংলাদেশকে নতুন মাত্রায় উপস্থাপনের গুরুদায়িত্ব পালন করেছেন কিশোয়ার। সংস্কৃতি একটি শক্তিশালী মাধ্যম কোনো দেশকে তুলে ধরার, কিশোয়ার এর যথাযথ ব্যবহার করেছেন। এর মাধ্যমে তিনি পেশাদার কূটনীতিকদের কাজে সহায়ক ভূমিকা পালন করছে। কিশোয়ার পেশায় একজন ব্যবসায়ী। রান্নার মতোই নিজের পেশাতেও সুনিপুণ তিনি। আর এ জন্য তাঁকে কয়েক বছর আগে উদ্যোক্তা পুরস্কারও প্রদান করা হয়। সেই অনুষ্ঠানে কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলমের হাত থেকেই পুরস্কার গ্রহণ করেছিলেন কিশোয়ার।

হাবিবুল বাশার

বাংলাদেশের জন্য একজন কিশোয়ার একটি গর্ব বলে মন্তব্য করেন বিসিসির নির্বাচক ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বলেন, ‘আমি কিশোয়ারের জন্য অনেক গর্ববোধ করছি। কেন জানেন? পৃথিবীর অনেক দেশই বাংলাদেশ, তথা বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে কম জানে। এদিকে প্রায় সব দেশেই মাস্টারশেফ দেখা হয়। আর কিশোয়ার আমাদের এই বাংলাদেশকেই তুলে ধরছেন। সেটা তিনি ধরে রেখে সেমিফাইনাল পর্যন্ত চলে গেছেন। এটা কিন্তু আমাদের জন্য বিরাট ব্যাপার। তিনি এটা একটা দুর্দান্ত কাজ করেছেন। বাংলাদেশি হিসেবে আমি এ নিয়ে গর্ববোধ করছি। আমার চেনা সবাইকেই দেখছি এ নিয়ে গর্ব করতে।’

কিশোয়ারের রান্নার প্রশংসা করে হাবিবুল বাশার আরও বলেন, ‘২০০৫ সালের দিকে মেলবোর্নে আমার একটা সার্জারি করাতে হয়েছিল। পূর্বপরিচয়ের সুবাদে তখন কিশোয়ারের রান্না করা খাবার খেয়েছিলাম। তখনো খুব মজার রান্না করতেন তিনি। আর এখন তো তাঁর রান্নার পরিধি আরও বেড়েছে। এখন ভাবতে খুব ভালো লাগে। আমরা সবাই সাপোর্ট করছি কিশোয়ারকে। আমাদের জন্য কয়েকটা টেনশনের দিন যাবে সামনে। তাঁর এ পর্যন্ত আসাটাও আমাদের কাছে অনেক আনন্দের। তবে অবশ্যই চাইব কিশোয়ার বিজয়ী হোন।’

বাংলাদেশের খেলাপ্রেমীদের কাছে উৎপল শুভ্র নামটি সুপরিচিত। দেশের অন্যতম সেরা এই ক্রীড়াসাংবাদিক ও বিশ্লেষকের লেখা খেলার সংবাদগুলো যেন একেকটা জীবন্ত খেলার মাঠ। প্রাণবন্ত এ ক্রীড়াসাংবাদিকের জন্য কিশোয়ারের এ যাত্রা অন্য রকম খুশির মাত্রা যোগ করেছে। বলেন, ‘বাংলাদেশের যে–কারওই মাস্টারশেফের মতো অনুষ্ঠানে যাওয়া আমাদের জন্য আনন্দের। সেখানে কিশোয়ার হওয়ায় আনন্দটা আমার জন্য একটু বেশি, কারণ কিশোয়ার আমার পরিচিত এবং তাঁর রান্না আমি খেয়েছি। ২০১৫ বিশ্বকাপের সময় তাঁদের বাসায় আমি দুদিন ছিলাম।

তাঁর পুরো পরিবারই আসলে খুব ভালো রান্না করে, এমনকি তাঁর বাবাও খুব ভালো রান্না করেন। তাঁর বাবাকে আমি একসঙ্গে চুলায় চার রকমের পদ রান্না করতে দেখেছি; অবিশ্বাস্য লেগেছিল। তো রান্নাটা তাঁদের পারিবারিক ঐতিহ্যই বলা যায়। তাঁরা একেকজন রন্ধনশিল্পী। তবে ব্যক্তিগত আনন্দের চেয়ে কিশোয়ারের এ অভিযাত্রা পুরো বাংলাদেশের জন্যই এক বিশাল অর্জন। অনেক কঠিন যাত্রা, তবে বাংলাদেশের হয়ে একটা ইতিহাস হোক কিশোয়ারের হাত ধরে।’