কোনটি খাবেন?
বাদাম ও কিশমিশ
পথে চলতে, চায়ের আড্ডায় অথবা কোনো অনুষ্ঠানে বাদামের আনাগোনা থাকবে। অন্যদিকে পায়েস কিংবা মিষ্টি জাতীয় খাবার কিশমিশ ছাড়া কি চলে? এই দুই খাবারের তুলনা একসঙ্গে চলে না, কেননা একটির গুণাগুণ অপরটির চেয়ে একেবারে ভিন্ন। তারপরও খাওয়ার সময় কোনটি কেমন ফল দিতে পারে সে সম্পর্কে বলেছেন বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ।

বাদাম
বাদাম মূলত উচ্চ প্রোটিন এবং উচ্চ ক্যালরিসমৃদ্ধ খাবার। বিশেষ করে কাঁচা বাদাম (ভাজার আগে) হৃদ্যন্ত্রের জন্য ভালো কোলস্টেরল বাড়াতে সাহায্য করে। শিশু এবং কিশোর-কিশোরীদের জন্য বাদাম অনেক উপকারী। এটি শারীরিক বিকাশে সহায়তা করে। যাঁরা ত্বকের যত্নে স্বাস্থ্যকর খাবার খুঁজছিলেন, তাঁরা নির্দ্বিধায় বাদাম খেতে পারেন। কারণ, ত্বক ভালো রাখতে বাদামের জুড়ি নেই। যাঁরা কিডনির সমস্যায় ভুগছেন এবং ক্রিয়েটিনিন বেশি তাঁদের বাদাম খাওয়া একদমই চলবে না।

কিশমিশ
অনেক খাবারের স্বাদ বাড়ায় কিশমিশ। শুধু তাই নয়, যাঁরা ক্ষুধামন্দায় ভুগছেন কিংবা ওজন কম এবং খাবারে অরুচি; তাঁদের জন্য কিশমিশ একটি চমৎকার সমাধান। এটি যেমন ক্ষুধা বাড়ায় তেমনি খুব দ্রুত শরীরে শক্তি তৈরি করে। ডায়াবেটিস আছে এমন রোগীদের কিশমিশ আছে এমন খাবার এড়িয়ে চলা ভালো।
গ্রন্থনা: ফাবিহা সাহাব উদ্দিন