কোন রেস্তোরাঁয় কী খাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোটেল আগ্রাবাদের বিশেষ তেহারি
হোটেল আগ্রাবাদের বিশেষ তেহারি

রমজানের প্রথম দিন থেকেই জমজমাট নগরের ইফতারির বাজার। বিভিন্ন রেস্তোরাঁও খাবারে এনেছে বৈচিত্র্য। রয়েছে সুতি কাবাব, শাহি জিলাপি, ফিরনি, হালিমের পাশাপাশি রয়েছে বিরিয়ানি ও মেজবানি মাংসের নানা পদ। প্রতিদিন দুপুরের পর ইফতারের টানে রেস্তোরাঁয় ছুটছেন ভোজনরসিকেরা।

র‍্যাডিসন ব্লু চিটাগং বে ভিউতে অ্যারাবিয়ান স্বাদ

সাজসজ্জায় তাবুর আদল। মেজেতে পাতা বর্ণিল গদি। হেলান দেওয়ার জন্য পাশেই রয়েছে কোলবালিশ। পরিবেশ এমন মনে হবে আরবের কোনো রেস্তোরাঁয় চলে এসেছেন। রমজান উপলক্ষে পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউর চারতলা একটি কক্ষÿসাজানো হয়েছে এভাবেই। যার নাম দেওয়া হয়েছে ‘দ্য রয়েল অ্যারাবিয়ান ফাতুর’। এটিই রেডিসন ব্লু হোটেলের ইফতার আয়োজনের মূল আকর্ষণ। অ্যারাবিয়ান ফাতুরের ইফতার আয়োজনে রয়েছে তিন ধরনের প্যাকেজ। এখানে ২০ থেকে ২৫ জনের ইফতারের জন্য গুনতে হবে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়াও হোটেল লবিতে ২৪টি স্টল নিয়ে রয়েছে ‘রমজান বাজার’। যেখানে অতিথিরা রমজানজুড়ে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন।

এখানকার ইফতার আয়োজনে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা খাবার। দ্য এক্সচেঞ্জ রেস্তোরাঁয় রয়েছে ব্যুফে ইফতারের সুযোগ। নৈশভোজসহ এ আয়োজনে অংশ নিতে জনপ্রতি গুনতে হবে ২৯৫০ টাকা। এ আয়োজনে ৬ বছর থেকে ১২ বছর বয়সী শিশুরা অংশ নিতে চাইলে খরচ পড়বে জনপ্রতি ১৪৭৫ টাকা। এসবের পাশাপাশি রয়েছে আটটি ভিন্ন ধরনের করপোরেট ইফতার মেন্যু।

রোদেলা বিকেলের কিশমিশ ফিরনি
রোদেলা বিকেলের কিশমিশ ফিরনি

আফগানের শাহি জিলাপি

 ভেতরে রসে টইটম্বুর, বাইরেরটা মচমচে। মুখে দিতেই মিষ্টি স্বাদের অন্য রকম অনুভূতি। নানা বয়সী মানুষের কাছেই তাই প্রিয় খাবার ‘জিলাপি’। ইফতারে মিষ্টি স্বাদ যাঁরা পছন্দ করেন তাঁদের প্রথম পছন্দের তালিকায় থাকে জিলাপি। চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকার আফগান রেস্তোরাঁর জিলাপি পদটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে সবার কাছে। এখানে রয়েছে দুই ধরনের জিলাপি। প্রতি কেজি ‘তিল কালী জিরা’ জিলাপি কিনতে গুনতে হবে ৩৭০ টাকা। আর প্রতি কেজি রেশমি জিলাপি পাওয়া যাবে ৩৫০ টাকায়।

এ ছাড়া ইফতারের সময় মিলবে ১২ ধরনের সেট মেন্যু। ২৫০ থেকে ৪০০ টাকায় মিলবে ৭ ধরনের বার্গার মিল। পাওয়া যাবে ভিন্ন দাম ও স্বাদের বেশ কয়েক ধরনের পিৎজা ও পাস্তা। ১৫০ থেকে ৩৬০ টাকার মধ্যে মিলবে আট ধরনের সালাদ। এ ছাড়াও মিলবে মুরগি, গরু, মাছ ও সি-ফুডের নানা পদ।

হল টোয়েন্টিফোরে মোরগ-পোলাও

 কাজীর দেউড়ি স্টেডিয়ামপাড়ার হল টোয়েন্টিফোর কনভেনশন হলে তৃতীয়বারের মতো বসেছে ইফতারের বাজার। এখানকার সবচেয়ে আকর্ষণীয় পদ মোরগ-পোলাও। মোরগ-পোলাও কিনতে জনপ্রতি গুনতে হবে ১৩০ টাকা। এটি ছাড়াও এখানকার ইফতার আয়োজনে রয়েছে মেজবানি মাংস, মাটন তেহারি, জর্দাসহ ৩০ পদের খাবার। এখানে প্রতি কেজি মাটন হালিম ৪৫০ টাকা ও চিকেন হালিম বিক্রি হচ্ছে ৪৩০ টাকায়। প্রতি কেজি ৩২০ টাকা করে বিক্রি হওয়া ছোট জিলাপিরও চাহিদাও রয়েছে।

রোদেলা বিকেলে কিশমিশ ফিরনি

স্বাস্থ্যকর ইফতারের নিশ্চয়তা নিয়ে এবারও ইফতারের আয়োজন করেছে কাজীর দেউড়ির স্টেডিয়ামপাড়ার রেস্তোরাঁ ‘রোদেলা বিকেল’। এখানে কিশমিশ ফিরনির জন্য ক্রেতাদের লম্বা লাইনই বলে দেয় এ পদটির চাহিদার কথা। প্রতি কেজি ফিরনির মূল্য ধরা হয় ৫০০ টাকা। প্রতি কাপ ফিরনি মিলবে ৫০ টাকায়। অন্য মিষ্টান্ন পদের মধ্যে বেশি চাহিদা পাটিসাপটা পিঠা, জাফরানি মিল্ক জিলাপি ও স্পেশাল লাচ্ছির। তবে শুধু মিষ্টান্ন নয়, নানা পদের খাবারের মধ্যে রয়েছে মেজবানি গরুর মাংসও। এ ছাড়া রোদেলা বিকেলের ইফতারের বিশেষ আয়োজনে রয়েছে মাটন ও চিকেন হালিম। ক্রেতাদের সুবিধার্থে রয়েছে দুই ধরনের প্যাকেজ। মেজবানের গরুর মাংস, জাফরানি মিল্ক জিলাপিসহ ১০ পদের খাবারের প্যাকেজ-১ এর দাম রাখা হয়েছে ৩৫০ টাকা। ৫৫০ টাকায় পাওয়া যাবে প্যাকেজ-২।

আগ্রাবাদ হোটেলে রকমারি পদ

আগ্রাবাদ এলাকার হোটেল আগ্রাবাদে রয়েছে আলুনি, চিকেন ললিপপ, ফ্রাইড রাইস, তেহারি ও হালিম বেশ কিছু মজার খাবার। ৫০ পদের খাবার নিয়ে এ বছর ব্যুফে ইফতারি ও রাতের খাবারের আয়োজন করেছে হোটেল আগ্রাবাদ। এ বছর আগ্রাবাদ হোটেলের ইফতারিতে বৈচিত্র্য এনেছে বিশেষ ধরনের হালিমে। এখানে প্রতি কেজি চিকেন হালিম ৭০০, বিফ হালিম ৮০০ ও মাটন হালিম পাওয়া যাচ্ছে ৯০০ টাকায়। আগ্রাবাদ হোটেলের ইফতারির আয়োজনে রয়েছে চার ধরনের পার্টি মেন্যু ও বক্স মেন্যু। ইফতার অনুষ্ঠানের জন্য পার্টি মেন্যু অনুযায়ী অর্ডার দিলেই বিনা মূল্যে মিলছে মিলনায়তন ব্যবহারের সুযোগ। এখানে ব্যুফেতে ইফতারি এবং রাতের খাবার খেতে জনপ্রতি ভ্যাটসহ গুনতে হবে ৯৯৯ টাকা।