কোরবানির মাংসে কালা ভুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ ১: ৫ কেজি গরুর মাংস ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রাখতে হবে, পেঁয়াজ কুঁচি ৪ টেবিল চামচ, আদা বাটা ৫ টেবিল চামচ, রসুন বাটা ৪ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, পোস্ত দানা বাটা ২ চা চামচ, জয়ফল গুঁড়া অর্ধেক চা চামচ, গরম মসলা এক টেবিল চামচ অবশ্যই নিজ হাতে বানাতে হবে, হলুদ গুঁড়া ৪ চা চামচ, মরিচ গুঁড়া ৩ চা চামচ, ধনে গুঁড়া ৬ চা চামচ, লবণ পরিমাণমতো।

উপকরণ ২: জয়ত্রী সামান্য, তেজপাতা তিনটি চিড়ে দিতে হবে, এলাচ ৬ /৭ টি, লবঙ্গ ৬ / ৭টি, দারুচিনি ৩টি বড় ভেঙে দিতে হবে, গরম পানি ১২০ মিলিগ্রাম, তেল পরিমাণমতো, কচি লেবু পাতা ২০-২৫ টি।

প্রণালি: চুলায় পাত্র বসিয়ে এতে তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুঁচি, আস্ত গরম মসলা দিয়ে বাদামি করে ভেজে একে একে সব বাটা মসলা এবং জয়ফল গুঁড়া দিয়ে লবণ ও সামান্য পানি দিয়ে কষাতে হবে। তারপর মাংস ঢেলে দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে ৫-৬ মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে মাংসে পানি উঠবে। এই পানিতেই রান্না করতে হবে। ৩০ মিনিট পর চুলা বন্ধ করে দিতে হবে। তারপর আরও দুই দিন দিনে ২ বার করে সকালে একবার এবং বিকেলে একবার জ্বাল দিতে হবে। শুধু বলক এলেই নামিয়ে ফেলতে হবে।

দ্বিতীয় দিন, দ্বিতীয়বার জ্বাল দেওয়ার পর যখন পানি কমে যাবে তখন গরম মসলা গুঁড়া দিয়ে দিতে হবে।

তৃতীয় দিন, জ্বাল দেওয়ার সময় মাংস পাতিল থেকে কড়াইতে ঢেলে নিতে হবে। এবার মাংসে আর পানি থাকবে না শুধু তেল থাকবে। তারপর লেবু পাতা কচলে দিয়ে মাংস ভালো করে ভাজলেই হয়ে গেল মজাদার কোরবানির মাংসে কালা ভুনা।

ক্লার্কসন, অস্ট্রেলিয়া